হ্যামট্রাম্যাক, ১৬ নভেম্বর : অন্ন, শাকসবজি, লুচি, হালুয়া, পিঠাসহ হরেক রকমের সুস্বাদু পদ। সব মিলিয়ে ১০৮ প্রকারের ভোগ নিবেদন, পূজা-অর্চনা, নামসংকীর্তন ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির রাধাকৃষ্ণ টেম্পলে উদযাপিত হয়েছে বর্ণাঢ্য অন্নকূট মহোৎসব। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। ভক্তি, প্রার্থনা ও কীর্তনের সুরে উৎসবমুখর হয়ে ওঠে পুরো মন্দির এলাকা।
গতকাল রোববার (১৫ নভেম্বর) রাধাকৃষ্ণ টেম্পলের উদ্যোগে দ্বিতীয়বারের মতো উদ্যাপিত হয় এ উৎসব। উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ভগবান জগন্নাথদেবের উদ্দেশে ১০৮ রকমের ভোগ নিবেদন। এ উপলক্ষে মন্দিরের নারী ভক্তরা ভোর থেকেই নানা ধরনের নিরামিষ খাদ্যসামগ্রী তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। তাঁদের প্রস্তুত করা ভোগের তালিকায় ছিল বিভিন্ন ধরনের অন্ন, শাকসবজি, লুচি, হালুয়া, পিঠাসহ নানা সুস্বাদু পদ। উৎসবের আগের দিন থেকেই নারী-পুরুষ ভক্তরা সম্মিলিতভাবে সবজি কাটা, উপকরণ প্রস্তুত ও রান্নার অন্যান্য কাজে অংশ নেন।
ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য অনুযায়ী, অন্নকূট অর্থ অন্নের পাহাড় বা খাদ্যসামগ্রীর বিশাল সমাহার। শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে নানা ধরনের খাদ্যদ্রব্য প্রস্তুত করে ভগবানের উদ্দেশে নিবেদন করা হয়। দুপুরে নির্দিষ্ট নিয়ম ও ধর্মীয় আচার মেনে প্রস্তুত করা ১০৮ পদের ভোগ দুপুরে ভগবান জগন্নাথদেবের সামনে নিবেদন করা হয়। পরে বিশেষ পূজা-অর্চনা ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ভোগ নিবেদনকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ ও উচ্ছ্বাস।
পূজা শেষে ভক্তিমূলক নামসংকীর্তন পরিবেশন করেন মন্দিরের প্রতিষ্ঠাতা সদস্য সদানন্দ দাস অধিকারী ও রতন কুমার হাওলাদার। তাঁদের কীর্তনে মন্দির প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে ভক্তির আবহে। পরে ভগবানের উদ্দেশে নিবেদিত ১০৮ পদের ভোগ একত্রে মিশিয়ে প্রস্তুত করা হয় অন্নকূটের মহাপ্রসাদ। সেই সম্মিলিত মহাপ্রসাদ উপস্থিত ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। প্রবাসে এমন সম্মিলিত ধর্মীয় আয়োজন শুধু সনাতন ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির চর্চাকেই এগিয়ে নিচ্ছে না, বরং নতুন প্রজন্মের মধ্যেও নিজস্ব ধর্মীয় বিশ্বাস, আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক মূল্যবোধের শিকড় আরও গভীর করছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :