শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির

আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০১:৫১:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০১:৫১:৪৪ পূর্বাহ্ন
ওয়ারেন, ৫ সেপ্টেম্বর : শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের অপূর্ব মিলন ঘটেছে মিশিগান কালীমন্দিরে। পূজা, শোভাযাত্রা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, সঙ্গীত, নৃত্য ও বর্ণাঢ্য ফ্যাশন শোসহ নানা আয়োজনে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।
বৃহস্পতিবার তিথিমতে শুভ জন্মাষ্টমীর পূজা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় রোববার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় শুভ জন্মাষ্টমী ও সামার ফেস্টিভ্যাল।
বিকেল সাড়ে ৫টায় ধর্মীয় আবহে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ভক্তদের অংশগ্রহণে শোভাযাত্রায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শ্রীকৃষ্ণের নামসংকীর্তন ও ভক্তির আবেশে মুখর হয়ে ওঠে চারপাশ। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় পুষ্পাঞ্জলি অর্পণ। পরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ।
ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন অনামিকা রায়, তপন প্রভু দে, পূর্ণিমা দেব, সবিতা দেব, রূপশ্রী দেব ও শতাব্দী দেব। মন্দিরের শিল্পীরা  নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বর্ণাঢ্য ফ্যাশন শো। পাশাপাশি পোশাক, গহনা ও নানা ধরনের খাবারের স্টলে ছিল দর্শনার্থীদের ভিড়। প্রবাসের মাটিতে শিকড়ের সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত এই উৎসব হয়ে ওঠে সব বয়সী মানুষের মিলনমেলায়।
মেলায় আগতদের জন্য বিশেষভাবে ফ্রি ড্রিংকসের স্টল স্থাপন করেন মর্টগেজ লোন অফিসার মিথুন ধর। বিভিন্ন ধরনের পানীয় দিয়ে তিনি মেলায় আগতদের আপ্যায়ন করেন।
ধর্মীয় বিশ্বাস, ভক্তি, সংস্কৃতি ও সম্প্রীতির এই আয়োজন প্রবাসে নতুন প্রজন্মের কাছে সনাতন ধর্মীয় ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধনের এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে।
দিনভর ভক্তি ও আনন্দের আবেশে মিশিগান কালীমন্দির প্রাঙ্গণ যেন হয়ে উঠেছিল এক টুকরো বৃন্দাবন। যেখানে ধর্মের সঙ্গে মিলেমিশে ছিল ভালোবাসা, ঐতিহ্য ও প্রবাসী বাঙালির প্রাণের উচ্ছ্বাস।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com