প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময়

আপলোড সময় : ১০-০৯-২০২৬ ১১:৫০:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৬ ১১:৫০:৫৭ পূর্বাহ্ন
হাটহাজারী, ১০ সেপ্টেম্বর : বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের পুণ্ডরীক ধামে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি মায়ের শেষকৃত্যে উপস্থিত হন। এ সময় মায়ের মৃতদেহ দেখে তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
জানা গেছে, ৭১ বছর বয়সী সন্ধ্যা রাণী ধর দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসের সংক্রমণ ও নিম্ন রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রায় এক মাস চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তাঁকে পুণ্ডরীক ধামে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সেখানেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁদের আদি বাড়ি সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নে।
মায়ের মৃত্যুর পর তাঁর শেষকৃত্যে ছেলে চিন্ময় কৃষ্ণ দাসের উপস্থিতির জন্য তাঁর ভাই অঞ্জন কুমার ধর প্যারোলে মুক্তির আবেদন করেন। মানবিক দিক বিবেচনায় আবেদনটি মঞ্জুর করা হয়েছে বলে জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেন, “মায়ের শেষকৃত্যে ছেলের অংশগ্রহণের মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে ভাই অঞ্জন কুমার ধরের আবেদনের পরিপ্রেক্ষিতে চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোল অনুমোদন করা হয়েছে।”
কারাগার সূত্রে জানা যায়, পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বিকেল ৩টা ৪০ মিনিটে কারাগার থেকে বের হন চিন্ময় কৃষ্ণ দাস। এরপর কঠোর নিরাপত্তার মধ্যে বিকেল ৫টা ৫ মিনিটে তাঁকে পুণ্ডরীক ধামে নিয়ে যাওয়া হয়। মায়ের মৃতদেহ দেখে এবং শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। শেষকৃত্যানুষ্ঠান শেষে নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে পুণ্ডরীক ধাম থেকে তাঁকে পুলিশের নিরাপত্তায় পুনরায় চট্টগ্রাম কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এ সময় পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় অনুসারীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com