৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল

আপলোড সময় : ১০-০৯-২০২৬ ১২:০১:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৬ ১২:০১:৫৮ অপরাহ্ন
ঢাকা, ১০ সেপ্টেম্বর : সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ গ্রামীণ কল্যাণের করা রিটের রুল খারিজ করে এ রায় দেন।
মামলায় ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।
মামলার প্রেক্ষাপট থেকে জানা যায়, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচ বছরের জন্য গ্রামীণ কল্যাণের ওপর আয়কর বাবদ ৬৬৬ কোটি টাকা দাবি করে এনবিআর। এ দাবির বিরুদ্ধে ২০১৭ সালে দুটি পৃথক রিট মামলা করে প্রতিষ্ঠানটি। প্রাথমিক শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট রুল জারি করেন।
এরপর জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছরের ৪ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ স্বতঃপ্রণোদিতভাবে গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা আদায়ের আগের রায় প্রত্যাহার করে নেন। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ ওই সিদ্ধান্ত নিয়ে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠান। পরে মামলাটি নতুন বেঞ্চে স্থানান্তর করা হয়।
নতুন বেঞ্চে মামলাটি পুনর্মূল্যায়নের পর বৃহস্পতিবার রিটের রুল খারিজ করে দেওয়া হয়। এর ফলে এনবিআরের দাবি করা আয়করের বকেয়া ৬৬৬ কোটি টাকা গ্রামীণ কল্যাণের কাছ থেকে আদায়ের পথ খুলল।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com