সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী

আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০২:০৫:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০২:০৫:৩৯ পূর্বাহ্ন
ল্যান্সিং, ১৮ সেপ্টেম্বর: মিশিগান আইনসভার অনুমোদিত বাজেট কাটছাঁটের প্রভাবে রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন সংস্থা মিশিগান ইকোনমিক ডেভেলপমেন্ট করপোরেশন (MEDC) আগামী দিনগুলোতে কর্মী ছাঁটাই ও শূন্যপদ বাতিলের মাধ্যমে তাদের মোট পদের প্রায় ১৫ শতাংশ বিলুপ্ত করতে যাচ্ছে।
গভর্নর গ্রেচেন হুইটমার এ বছর চতুর্থবারের মতো বাণিজ্য মিশনে তাইওয়ান সফরে থাকা অবস্থায় এই কাটছাঁটের ঘোষণা এলো। সফরে তার সঙ্গে রয়েছেন রাজ্যের অর্থনৈতিক উন্নয়নবিষয়ক কর্মকর্তারা, যার মধ্যে মিশিগান ইকোনমিক ডেভেলপমেন্ট করপোরেশনের (MEDC) প্রধান নির্বাহী কর্মকর্তা কুয়েন্টিন মেসারও রয়েছেন।
এদিকে, MEDC-এর নির্বাহী কমিটি সংস্থাটির ২ লাখ ৫০ হাজার ডলারের বেশি মূল্যের সব সক্রিয় অনুদান ও চুক্তির তালিকা চেয়েছে। এসব আর্থিক লেনদেনের ওপর নজরদারি আরও জোরদার করতেই এ তালিকা চাওয়া হয়েছে।
MEDC-এর এই প্রতিবেদন এমন এক সময়ে আসছে, যখন সংস্থাটির মাধ্যমে পরিচালিত কয়েকটি বড় অঙ্কের অনুদান নিয়ে তদন্ত চলছে। এর মধ্যে ওকল্যান্ড কাউন্টির একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে দেওয়া ২ কোটি ডলারের অনুদানও রয়েছে। প্রতিষ্ঠানটির মালিক বর্তমানে ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন।
কর্মী ছাঁটাইয়ের এই খবরটি সর্বপ্রথম 'ক্রেইনস ডেট্রয়েট বিজনেস' (Crain's Detroit Business)-এ প্রকাশিত হয়েছিল।
১৭ সেপ্টেম্বর এক বিবৃতিতে MEDC-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কুয়েন্টিন মেসার বলেন, সংস্থাটি যে পরিবেশে কাজ করছে তা দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং MEDC-ও এর প্রভাব থেকে মুক্ত নয়।
তিনি বলেন, কর্মীসংখ্যা কমানোর এই কঠিন সিদ্ধান্তের মূল কারণ করপোরেট আয় কমে যাওয়া। তবে এটি MEDC কর্মীদের অবদানের কোনো প্রতিফলন নয়। বছরের পর বছর কর্মীরা সততা, নৈতিকতা ও গভীর নিষ্ঠার সঙ্গে সংস্থা এবং মিশিগানের ১ কোটিরও বেশি মানুষের সেবায় কাজ করে আসছেন।
মিশিগান ইকোনমিক ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী কমিটি গত সপ্তাহে সংস্থার বার্ষিক বাজেট অনুমোদন করে। সে সময় কমিটির চেয়ারপারসন ও আইনজীবী ক্রিস্টিনা গ্রসি নিশ্চিত করে বলতে পারেননি, বাজেট কাটছাঁটের ফলে কর্মী ছাঁটাই হবে কি না।
গ্রসি বলেন, ‘আমার মনে হয়, তারা বিষয়টি নিয়ে এখনই কাজ করছে।’
গত কয়েক বছর ধরে MEDC-তে সাধারণত প্রতিবছর ৩০০ থেকে ৪০০টি কর্মী নিয়োগের অনুমোদন দেওয়া হয়ে থাকে।
গত সপ্তাহে অনুমোদিত সর্বশেষ বাজেটে চলতি অর্থবছরে MEDC-এর অনুমোদিত কর্মীসংখ্যার কোনো তথ্য উল্লেখ করা হয়নি। কর্মীসংখ্যা সম্পর্কে জানতে চাইলে ‘দ্য ডেট্রয়েট নিউজ’-কে সংস্থাটি জানায়, এ তথ্য পেতে আনুষ্ঠানিকভাবে ‘পাবলিক রেকর্ডস রিকোয়েস্ট’ জমা দিতে হবে।
MEDC সাধারণত এ ধরনের সরকারি নথি-সংক্রান্ত অনুরোধের জবাব দিতে কয়েক মাস সময় নেয়। রাজ্যের অন্যান্য সংস্থার তুলনায় ধীরগতিতে সাড়া দেওয়ার জন্যও প্রতিষ্ঠানটি সমালোচিত হয়ে আসছে।
গত কয়েক বছর ধরে মিশিগান আইনসভার সঙ্গে MEDC-এর সম্পর্ক টানাপড়েনের মধ্যে রয়েছে। আইনপ্রণেতারা সংস্থাটির বহু মিলিয়ন ডলারের ব্যবসায়িক প্রণোদনা কর্মসূচি পরিচালনা এবং আইনসভার নির্দেশে দেওয়া বিতর্কিত বিশেষ বরাদ্দ (earmarks) নিয়ে তদারকি ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
গত দুই বছরে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত সিনেট এবং রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউস ‘স্ট্র্যাটেজিক আউটরিচ অ্যান্ড অ্যাট্রাকশন রিজার্ভ ফান্ড’ এবং ‘টোয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি জবস ফান্ড’-এ বরাদ্দ কমিয়েছে।
তবে এসব অর্থছাঁটাইয়ের পরও গত সপ্তাহে অনুমোদিত MEDC-এর বাজেট গত আট বছরের মধ্যে অন্যতম বড়। চলতি অর্থবছরের জন্য সংস্থাটির মোট বাজেটের পরিমাণ প্রায় ১১ কোটি ৪৪ লাখ ডলার।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com