মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৩:০৯:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৩:০৯:১৮ পূর্বাহ্ন
ল্যান্সিং, ২৩ সেপ্টেম্বর: সংগঠন, কমিউনিটি এনগেজমেন্ট, তরুণ নেতৃত্ব ও জনসেবায় সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশি তাহমিদ চৌধুরী। তরুণদের নেতৃত্ব, জনসম্পৃক্ততা, তৃণমূল পর্যায়ে সংগঠন, নাগরিক অংশগ্রহণ ও জনসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর মিশিগানের বিভিন্ন কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের সক্রিয় তরুণ নেতাদের এ পুরস্কার দেওয়া হয়। স্থানীয় পর্যায়ে মানুষকে সম্পৃক্ত করা, স্বেচ্ছাসেবক সংগঠিত করা এবং তরুণদের নাগরিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তরুণ নেতাদের এ স্বীকৃতির জন্য বিবেচনা করা হয়। চলতি বছর তাহমিদ চৌধুরীসহ মোট ১৪ জন এ পুরস্কার পেয়েছেন।
সম্প্রতি অনুষ্ঠিত মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অনুষ্ঠানে তাহমিদের হাতে পুরস্কার তুলে দেন মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর গারলিন গিলক্রিস্ট এবং ওয়াশটেনাও কাউন্টি প্রসিকিউটর এলি সাভিত। গিলক্রিস্ট বর্তমানে মিশিগান সেক্রেটারি অব স্টেট পদে ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী এবং সাভিত অ্যাটর্নি জেনারেল পদে দলের মনোনীত প্রার্থী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলিনয়ের গভর্নর জে বি প্রিটজকার, মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির চেয়ার কার্টিস হার্টেল, মার্কিন কংগ্রেসওম্যান হিলারি স্কলটেন এবং মিশিগান সিনেটের মেজরিটি লিডার ও ডেমোক্র্যাটিক পার্টির লেফটেন্যান্ট গভর্নর মনোনীত প্রার্থী উইনি ব্রিংকস।
সিলেটের ছেলে তাহমিদ প্রায় এক দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি ম্যাকম্ব কাউন্টি ও মিশিগানের ১০ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টজুড়ে বিভিন্ন নাগরিক ও কমিউনিটি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। কমিউনিটি আউটরিচ, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে স্থানীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুযোগ তৈরি করাই তার কাজের অন্যতম লক্ষ্য।
পুরস্কার গ্রহণের প্রতিক্রিয়ায় তাহমিদ বলেন, “মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়ে আমি সত্যিই সম্মানিত। এই স্বীকৃতি শুধু আমার একার নয়। যেসব মেন্টর, সংগঠক, স্বেচ্ছাসেবক, কমিউনিটি নেতা, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী আমাকে শেখার, সেবা করার এবং এগিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন, এই অর্জন তাদেরও। আমার এই পথচলার অংশ হওয়া প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ।”
অনুষ্ঠানে তাহমিদের প্রতি সমর্থন জানাতে মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (বাম) সভাপতি জাবেদ চৌধুরী ও উপদেষ্টা সুমন কবির।
তাহমিদ বলেন, এই স্বীকৃতি কমিউনিটি এনগেজমেন্ট, জনসেবা এবং আগামী প্রজন্মের তরুণ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে তার কাজকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।
তিনি বলেন, “আমার লক্ষ্য সবসময়ই সহজ—মানুষের পাশে থাকা, তাদের কথা শোনা, কঠোর পরিশ্রম করা এবং কমিউনিটির সেবা করা। সামনে আরও অনেক কাজ বাকি। মিশিগানজুড়ে যেসব অসাধারণ মানুষের সঙ্গে পরিচিত হওয়ার এবং কাজ করার সুযোগ পেয়েছি, তাদের সঙ্গে সেই কাজ অব্যাহত রাখতে আমি উচ্ছ্বসিত।” এই সম্মাননার জন্য তাহমিদ মিশিগান ডেমোক্র্যাটিক পার্টি এবং মিশিগানের ১০ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ডেমোক্র্যাটিক পার্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অনুষ্ঠানে সম্মাননা পাওয়া অন্যান্যদের অভিনন্দন জানান।
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com