মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা

আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ১২:২৪:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ১২:২৪:৩৬ অপরাহ্ন
ডেট্রয়েট, ২৪ সেপ্টেম্বর : বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আগামী দুই দশকে দুটি প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, ‘ফার্মি ২’ (Fermi 2) পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা করেছে ডিটিই এনার্জি। মিশিগান পাবলিক সার্ভিস কমিশনের কাছে ২৪ সেপ্টেম্বর জমা দেওয়া দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এসব তথ্য জানানো হয়েছে।
ডেট্রয়েটভিত্তিক এই ইউটিলিটি কোম্পানিটি আগামী ২০ বছরে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ প্রায় দ্বিগুণ করার প্রত্যাশা করছে। কোম্পানির মতে, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিদ্যুৎচালিত যন্ত্রপাতি ও যানবাহনের ব্যবহার বৃদ্ধি এবং বাড়ির ছাদে সৌর প্যানেলসহ বিকেন্দ্রীভূত বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার সম্প্রসারণের কারণে বিদ্যুতের চাহিদায় এই পরিবর্তন এসেছে।
তবে পরিকল্পনায় ডেটা সেন্টার নিয়ে কোনো উল্লেখ করা হয়নি। অথচ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) শিল্পের সম্প্রসারণের সঙ্গে ডেটা সেন্টারের সংখ্যা বাড়ছে এবং এসব স্থাপনায় বিপুল পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয়। মিশিগানজুড়ে ডেটা সেন্টার সম্প্রসারণ নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে অসন্তোষও দেখা দিয়েছে।
ডিটিই এনার্জি ও কনজিউমারস এনার্জির শীর্ষ কর্মকর্তারা শেয়ারহোল্ডারদের জানিয়েছেন, ডেটা সেন্টারগুলোতে বিদ্যুৎ সরবরাহের চুক্তি চূড়ান্ত করতে তারা বিভিন্ন প্রযুক্তি কোম্পানির সঙ্গে কাজ করছেন। বিদ্যুতের দাম বাড়ানোর সর্বশেষ আবেদনে ডিটিই কর্মকর্তারা জানিয়েছিলেন, সালাইন টাউনশিপের প্রস্তাবিত ডেটা সেন্টারটি পরিকল্পনা অনুযায়ী চালু হলে ভবিষ্যতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া স্থগিত রাখা হতে পারে। প্রতি পাঁচ বছর অন্তর নিয়ন্ত্রিত ইউটিলিটি ও পরিষেবা সংস্থাগুলোকে আগামী ২০ বছরের সম্ভাব্য বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা মেটানোর পরিকল্পনা মিশিগান পাবলিক সার্ভিস কমিশনের কাছে জমা দিতে হয়। এসব নথি ‘ইন্টিগ্রেটেড রিসোর্স প্ল্যান’ (সমন্বিত সম্পদ পরিকল্পনা) নামে পরিচিত।
কনজিউমারস এনার্জি’ (Consumers Energy) চলতি মাসের শুরুতে তাদের সমন্বিত সম্পদ পরিকল্পনা জমা দিয়েছে। কোম্পানিটি বে (Bay) ও জেনিসি (Genesee) কাউন্টির সাবেক শিল্প এলাকায় আরও দুটি প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা করেছে।
বিভিন্ন অ্যাডভোকেসি গ্রুপ (স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী) এবং মিশিগানের অ্যাটর্নি জেনারেল সাধারণত এই প্রক্রিয়ায় অংশ নেন। তারা পরিকল্পনার বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা ও দরকষাকষি করতে পারেন। একই সঙ্গে সাধারণ জনগণও পরিকল্পনাটি নিয়ে তাদের মতামত জানাতে পারেন।
২৪ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে ডিটিই এনার্জির (DTE Energy) সিইও জয় হ্যারিস বলেন, গ্রাহকদের মতামতকে গুরুত্ব দিয়েই কোম্পানির দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনা তৈরি করা হয়েছে। এ বিষয়ে কোম্পানিটি ১৫টি মতবিনিময় সভার আয়োজন করে এবং ১ হাজার ৫০০-এর বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের ওপর জরিপ চালায়।
জয় হ্যারিস বলেন, “পুরো প্রক্রিয়াজুড়ে আমরা আমাদের গ্রাহকদের কথা মনোযোগ দিয়ে শুনেছি। আমাদের পরিকল্পনায় তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই প্রতিফলিত হয়েছে—নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ, সাশ্রয়ী বিল এবং পরিচ্ছন্ন জ্বালানিভিত্তিক ভবিষ্যতের দিকে একটি বাস্তবসম্মত পথ। একই সঙ্গে পরিকল্পনাটি এসব অগ্রাধিকারের মধ্যে ভারসাম্য বজায় রাখে এবং আগামী কয়েক দশকে মিশিগানের প্রবৃদ্ধি অব্যাহত রাখতে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য রাখে।” 
২০২৩ সালে গৃহীত মিশিগানের পরিচ্ছন্ন জ্বালানি আইনের আওতায় ডিটিইসহ অন্যান্য ইউটিলিটি কোম্পানিকে কার্বন নিঃসরণ কমাতে হবে। আইন অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে ৮০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ১০০ শতাংশ পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের লক্ষ্য পূরণ করতে হবে।
ডিটিই জানিয়েছে, ভবিষ্যতের জ্বালানি মিশ্রণে সৌর ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানিকে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে। রাজ্যের নির্ধারিত মানদণ্ড পূরণে কোম্পানিটি নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি সাশ্রয়ী কৌশল এবং কার্বন ক্যাপচার ও স্টোরেজ (কার্বন ধরে রাখা ও সংরক্ষণ) প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে।
বিদ্যুৎ উৎপাদনে কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনার অন্যতম প্রধান পদক্ষেপ হলো ২০৩২ সালের মধ্যে কয়লার ব্যবহার বন্ধ করার ডিটিইর প্রতিশ্রুতি। কোম্পানিটি বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৮ সালে কয়লাভিত্তিক ‘মনরো পাওয়ার প্ল্যান্ট’ (Monroe Power Plant) বন্ধের প্রক্রিয়া শুরু করা হবে এবং ২০৩২ সালের মধ্যে তা সম্পন্ন করা হবে। মনরো বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন সক্ষমতা প্রায় ৩ গিগাওয়াট। এর ফলে কয়লাভিত্তিক বিদ্যুতের বিকল্প উৎস নিশ্চিত করার পাশাপাশি প্রত্যাশিত বাড়তি চাহিদা মেটাতে উৎপাদন সক্ষমতাও বাড়াতে হবে ডিটিইকে। এ লক্ষ্য পূরণে কোম্পানিটি ১৫ গিগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এবং আরও ৪ দশমিক ৫ গিগাওয়াট বিদ্যুৎ সঞ্চয় করতে সক্ষম ব্যাটারি স্টোরেজ ব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা করেছে। এ ছাড়া, ডিটিই ২ দশমিক ১ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার দুটি নতুন প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনাও করেছে। 
পাশাপাশি, ২০৩৬ সালে ‘ফার্মি ২’ (Fermi 2) পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ১৭৭ মেগাওয়াট বাড়াতে আধুনিকায়ন বা আপগ্রেড করার পরিকল্পনা রয়েছে। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ইউরেনিয়াম ব্যবহার করা হয়, যা খনি থেকে উত্তোলন করা হয়। তবে বিদ্যুৎ উৎপাদনের সময় এতে কার্বন ডাই-অক্সাইড নির্গত হয় না। এ বৈশিষ্ট্যের কারণে পারমাণবিক শক্তি গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎস থেকে আলাদা।
কোম্পানিটি জানিয়েছে, গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহার কমাতে নেওয়া বিভিন্ন উদ্যোগ ডিটিইকে বিদ্যুতের চাহিদা ব্যবস্থাপনায় সহায়তা করবে। আগামী বছর ডিটিইর মোট বিদ্যুৎ সরবরাহের ২৩ শতাংশ আসবে নবায়নযোগ্য জ্বালানি থেকে। বাকি বিদ্যুৎ সরবরাহের মধ্যে ৩৩ শতাংশ প্রাকৃতিক গ্যাস, ১৮ শতাংশ কয়লা এবং ১৪ শতাংশ শক্তি সঞ্চয় ব্যবস্থা থেকে আসবে। আরও ৫ শতাংশ আসবে ডিমান্ড রেসপন্স (চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণ), জ্বালানি দক্ষতা, তৃতীয় পক্ষের সঙ্গে চুক্তি এবং হাইড্রোজেনচালিত টারবাইনের মতো বিভিন্ন উৎস থেকে। ওই সময় কোম্পানিটির মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১৬ গিগাওয়াটে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
২০৪৬ সালের মধ্যে ডিটিই তাদের মোট বিদ্যুৎ সরবরাহের অর্ধেকেরও বেশি নবায়নযোগ্য উৎস থেকে পাওয়ার প্রত্যাশা করছে। তখন সরবরাহের ১৮ শতাংশ আসবে শক্তি সঞ্চয় ব্যবস্থা থেকে, ১৯ শতাংশ প্রাকৃতিক গ্যাস থেকে, ৪ শতাংশ পারমাণবিক শক্তি থেকে এবং ৬ শতাংশ অন্যান্য উৎস থেকে। একই সময়ে কোম্পানিটির মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়ে ৩৩ গিগাওয়াটে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। 
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com