নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা

আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ১২:৪৬:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ১২:৪৬:১৩ অপরাহ্ন
নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর : নিউইয়র্কে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সারোয়ার আলমগীরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। চট্টগ্রাম সমিতি নিউইয়র্কের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকার রাঁধুনী রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ হানিফ। অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম সমিতি নিউইয়র্কের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম। এতে নিউইয়র্ক সিটি কাউন্সিলওম্যান শাহানা হানিফ, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, বর্তমান সভাপতি আবু তাহের এবং ওয়াশিংটন ডিসি থেকে আগত কবি ও লেখক সামছুদ্দীন মাহমুদসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার আলমগীর মোহাম্মদ হানিফ ও তাঁর পরিবারের সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “হানিফ ভাই শুধু বড় ভাইয়ের মতো কাজ করেননি, তিনি আমার বড় ভাই হিসেবেই সবসময় পাশে থেকেছেন। নিউইয়র্কে এসে শুরুতেই তাঁর অতিথি হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”
সারোয়ার আলমগীর তাঁর বক্তব্যে ফটিকছড়ির উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। একই সঙ্গে ফটিকছড়ি থেকে সন্ত্রাস নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ফটিকছড়ি থেকে তাঁকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানে কাউন্সিলওম্যান শাহানা হানিফ বলেন, “আমি নিউইয়র্ক সিটির কাউন্সিলওম্যান। এখানে আমার জন্ম ও বেড়ে ওঠা হলেও আমার শিকড় ফটিকছড়িতে।” ফটিকছড়ির মানুষ সারোয়ার আলমগীরের মতো একজন নেতা পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এটি আনন্দের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, সারোয়ার আলমগীর ফটিকছড়ির উন্নয়নের পাশাপাশি সামগ্রিকভাবে বাংলাদেশের উন্নয়নেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করবেন।  অনুষ্ঠানে কবি ও লেখক সামছুদ্দীন মাহমুদ তাঁর লেখা দুটি বই সারোয়ার আলমগীরের হাতে উপহার হিসেবে তুলে দেন। পরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবার পরিবেশনের মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করা হয়।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com