দুর্গোৎসবে মিশিগান কালীবাড়ির মঞ্চে মনোজ মিত্রের ‘ভেলায় ভাসে সীতা’ 

আপলোড সময় : ০২-১০-২০২৬ ১২:৫২:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৬ ১২:৫২:১৩ অপরাহ্ন
ওয়ারেন, ২ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের উৎসবমুখর আয়োজনে এবার ভিন্নমাত্রা যোগ করতে যাচ্ছে মিশিগান কালীবাড়ি। ধর্মীয় আবেশ, পুরাণের গভীরতা ও মানবিক অনুভূতির মেলবন্ধনে মঞ্চস্থ হতে যাচ্ছে প্রখ্যাত বাঙালি নাট্যকার মনোজ মিত্র রচিত নাটক ‘ভেলায় ভাসে সীতা’।
আগামী ১৮ অক্টোবর সন্ধ্যা ৬টায় কালীবাড়ির হলরুমে নাটকটি মঞ্চস্থ হবে। এরই মধ্যে নাটকটির বেশ কয়েকটি মহড়া সম্পন্ন হয়েছে। দুর্গোৎসবের আনন্দের পাশাপাশি দর্শকদের সামনে রামায়ণের এক ভিন্নতর ব্যাখ্যা তুলে ধরতে প্রস্তুতি নিচ্ছেন মিশিগানের নাট্যপ্রেমী শিল্পীরা।
‘ভেলায় ভাসে সীতা’ শুধু রামায়ণের একটি পরিচিত আখ্যান নয়; নাটকটির কাহিনি গড়ে উঠেছে রামায়ণের মহাকাব্যিক পটভূমি এবং সীতার পাতালপ্রবেশের পরবর্তী সময়কে কেন্দ্র করে। পরিচিত রামকাহিনিকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার মধ্য দিয়ে নাটকটি মহাকাব্যের একটি আধুনিক পুনর্মূল্যায়ন তুলে ধরে। পুরাণের আখ্যানের ভেতর দিয়ে ক্ষমতা, রাজনীতি, সম্পর্ক ও মানবিকতার নানা প্রশ্নও সামনে আসে।
নাটকে সীতার চরিত্রায়নেও রয়েছে ভিন্নমাত্রা। এখানে সীতা শুধু ঘরোয়া, নীরব বা সর্বংসহা নারী নন; তিনি প্রতিবাদী ও আত্মমর্যাদাসম্পন্ন এক নারী। ক্ষমতার অপব্যবহার এবং যুগে যুগে নারীর অবস্থানকে স্বার্থসিদ্ধির উপকরণ হিসেবে ব্যবহারের বিরুদ্ধে তার কণ্ঠ হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক। ফলে ‘ভেলায় ভাসে সীতা’ শুধু রামায়ণের পুনর্কথন নয়; এটি নারীর আত্মপরিচয়, মর্যাদা ও প্রতিবাদী সত্তারও এক শক্তিশালী নাট্যভাষ্য। 
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন তৃষা সাহা, রামআনুজ গোস্বামী, জনা দাশ, সজীব ঘোষ, বাদল মণ্ডল, অন্তরা অন্তি, দীপন চন্দ, পঙ্কজ রায় চৌধুরী, শিবদাশ সরকার, সুশীল দাশ, মিনাক্ষী দেবনাথ, কামনাশীষ দেবনাথ, দেবানজন দীপ, পিউলি চক্রবর্তী, সুরভি বণিক, প্রশান্ত দে,  ঋষিকেশ দাসসহ আরো অনেকে।
শারদীয় দুর্গোৎসবের পবিত্র আবহে দেবী দুর্গার আরাধনার পাশাপাশি মঞ্চে সীতার কাহিনি তুলে ধরার এই আয়োজন দর্শকদের জন্য হয়ে উঠতে পারে এক ভিন্নধর্মী সাংস্কৃতিক অভিজ্ঞতা। ধর্মীয় আবেশ, বাঙালির নাট্যঐতিহ্য এবং পুরাণের চিরন্তন মানবিক আবেদন—সব মিলিয়ে মিশিগান কালীবাড়ির এবারের আয়োজনকে ঘিরে ইতোমধ্যে নাট্যপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com