প্রয়াত স্বজনের স্মৃতিতে অসহায় শিক্ষার্থীদের পাশে বৌদ্ধ যুব পরিষদ

আপলোড সময় : ১০-১০-২০২৬ ০২:৩৭:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৬ ০২:৩৭:৩৪ পূর্বাহ্ন
সিলেট, ১০ অক্টোবর: প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহতী উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘স্বজন স্মরণ কর্মসূচি-২০২৬’।
শুক্রবার (৯ অক্টোবর) সিলেটের দক্ষিণ সুরমায় স্বপ্নের বিদ্যানিকেতন প্রাঙ্গণে প্রয়াত শ্রীমতি পারুল বড়ুয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রয়াত স্বজনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি অসহায় শিক্ষার্থীদের মধ্যে খাদ্যসহায়তা ও শিক্ষাসামগ্রী বিতরণের মাধ্যমে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করেন আয়োজকেরা।
চট্টগ্রামের মীরসরাই উপজেলার হাইদকান্দি ইউনিয়নের দমদমা গ্রামের প্রয়াত পারুল বড়ুয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সুদর্শন-পারুল ফাউন্ডেশনের পক্ষে এ কর্মসূচির উদ্যোক্তা ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির সাবেক মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়া।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে এবং সংগঠনটির সিলেট শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক উৎফল বড়ুয়ার সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সিনিয়র সহসভাপতি রত্নগর্ভা মাতা তপতি বড়ুয়া। উদ্বোধন করেন লেখক ও সাংবাদিক আমীর হোসেন সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, শেলু বড়ুয়া এবং স্বপ্নের বিদ্যানিকেতন স্কুলের প্রতিষ্ঠাতা তারেক আহমদ। এ ছাড়া উপস্থিত ছিলেন সেতু বড়ুয়া মুক্তা, সীমান্ত বড়ুয়া জয় প্রমুখ।
কর্মসূচির অন্যতম প্রধান আকর্ষণ ছিল অসহায় শিক্ষার্থীদের মধ্যে খাদ্যসহায়তা ও শিক্ষাসামগ্রী বিতরণ। প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণে উৎসর্গ করে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। স্বজনের স্মৃতিকে আনুষ্ঠানিকতার গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে মানুষের কল্যাণে কাজে লাগানোর এ প্রয়াস শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com