দুর্গাপূজায় বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে, বাড়ছে নিরাপত্তা

আপলোড সময় : ১১-১০-২০২৬ ১২:৩২:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ১২:৩২:২২ অপরাহ্ন
ঢাকা, ১১ অক্টোবর : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে যাত্রীচাপ সামলাতে পাঁচটি ট্রেনের নির্ধারিত অফ ডে বা সাপ্তাহিক ছুটি প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত কোচ সংযোজন, ইঞ্জিন সরবরাহ, ট্রেনের সময়ানুবর্তিতা রক্ষা এবং নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী রবিবার (১১ অক্টোবর) এসব তথ্য জানান।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা স্পেশাল-৩ আগামী ২০ অক্টোবর চলাচল করবে। ঢাকা–কক্সবাজার–ঢাকা রুটে ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২ আগামী ২০, ২৩ ও ২৪ অক্টোবর—মোট তিন দিন চলবে। এ ছাড়া ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টগ্রাম স্পেশাল-৪ আগামী ২৪ অক্টোবর চলাচল করবে।
যাত্রীচাপ সামলাতে পাঁচটি ট্রেনের অফ ডেও প্রত্যাহার করা হয়েছে। পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের অফ ডে বাতিল করা হয়েছে। পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের অফ ডে প্রত্যাহার করা হয়েছে।
পূজা উপলক্ষে অতিরিক্ত যাত্রী পরিবহনে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ কোচ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ যাত্রীবাহী ট্রেনে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রেনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ইঞ্জিনের সরবরাহও নিশ্চিত করা হবে।
ট্রেনের সময়ানুবর্তিতা রক্ষা ও সিডিউল বিপর্যয় কমাতে গুরুত্বপূর্ণ জংশন স্টেশন এবং সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের নিবিড় তদারকিতে ট্রেন পরিচালনা করা হবে। পাশাপাশি ট্র্যাক ও সেতুর নিরাপত্তায় রেলপথে পেট্রোলিং, সিগন্যালিং ব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের নিবিড় পরিচর্যার ব্যবস্থা নেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ পরিচালনার জন্য রিলিফ ট্রেনগুলো সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ প্রধান স্টেশনগুলোতে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সহযোগিতায় পাহারা জোরদার করা হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন নিশ্চিত করা হবে। চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতা প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ের কর্মচারীদের নজরদারি এবং নিরাপত্তামূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com