ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ১০:৩২:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১০:৩৩:১৮ পূর্বাহ্ন
প্যালাটাইন/অরোরা, ১৫ অক্টোবর: যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকার একটি হিন্দু উপাসনালয়কে লক্ষ্য করে গণ-গুলির পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আলেকজান্দ্রোস পাপোরাকিস নামের ওই যুবকের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি প্রদান এবং অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের কাছ থেকে উদ্ধার করা একটি নথিতে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ও চরমপন্থী মতাদর্শের প্রতিফলন পাওয়া গেছে। এতে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত, বিশেষ করে ভারতীয় বংশোদ্ভূত মানুষের বিরুদ্ধে সহিংসতার উল্লেখ ছিল। খবর যুক্তরাষ্ট্র , ভারত ও বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রের। 
গত ১১ অক্টোবর প্যালাটাইন ও মাউন্ট প্রসপেক্ট পুলিশ বিভাগের যৌথ অভিযানে নিজ বাসা থেকে বের হওয়ার সময় পাপোরাকিসকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের ধারণা, ওই দিনই তিনি সম্ভাব্য হামলার পরিকল্পনা করেছিলেন। তবে কোন উপাসনালয়কে লক্ষ্যবস্তু করার কথা ভাবা হয়েছিল, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কৌঁসুলিদের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত তাঁর কর্মস্থলের সহকর্মীদের কাছে অরোরার বৃহত্তম হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনার কথা বলেছিলেন। তিনি হামলার সম্ভাব্য সময় সম্পর্কেও ইঙ্গিত দিয়েছিলেন বলে আদালতে জানানো হয়। পরে সহকর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়।
আদালতের পরোয়ানায় সন্দেহভাজনের বাসায় তল্লাশি চালিয়ে একটি রাইফেল, একাধিক লোডেড ম্যাগাজিন, শত শত রাউন্ড গুলি, বডি আর্মার ও অন্যান্য কৌশলগত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্ভাব্য হুমকির বিষয়ে অবহিত হওয়ার পর অরোরা পুলিশ বিভাগের কর্মকর্তারা তাঁদের আওতাধীন এলাকার হিন্দু উপাসনালয়গুলোর সঙ্গে যোগাযোগ করে সতর্ক করেন। তদন্তের অংশ হিসেবে পুলিশ এফবিআইয়ের সঙ্গেও কাজ করছে।
বুধবার কুক কাউন্টির থার্ড মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট আদালতে পাপোরাকিসের আটকাদেশ-সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। বিচারক তাঁকে আটক রাখার নির্দেশ দিয়েছেন। আগামী ৩০ অক্টোবর তাঁকে পুনরায় আদালতে হাজির করার কথা রয়েছে।
প্যালাটাইন পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন। বর্তমানে জনসাধারণের জন্য এ ঘটনায় সংশ্লিষ্ট কোনো সুনির্দিষ্ট বা চলমান হুমকির তথ্য তাদের কাছে নেই।
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব শুরুর ঠিক আগেই এই গ্রেফতারের ঘটনা ঘটল। এর আগে ওহাইও অঙ্গরাজ্যের রিচমন্ড হাইটসের শ্রী স্বামীনারায়ণ ভদ্রল ধাম হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনার মাত্র দুই সপ্তাহ পর এই পরিকল্পনা সামনে এল।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com