হ্যামট্রাম্যাকের মেয়র নির্বাচনে নতুন মোড়

বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ

আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৪:২৩:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৪:২৩:৪৯ অপরাহ্ন
আজ শুক্রবার ডেট্রয়েটের রালফ ভিগলিওটি ভবনে হ্যামট্রাম্যাকের মেয়র পদপ্রার্থী মুহিত মাহমুদ (বাঁয়ে) তাঁর আইনজীবী মার্ক ব্রুয়ারের (বাঁ দিক থেকে দ্বিতীয়) সঙ্গে এবং মেয়র অ্যাডাম আলহার্দি (ডান দিক থেকে তৃতীয়) তাঁর আইনজীবী নাবিহ এইচ. আয়াদের (ডান দিক থেকে দ্বিতীয়) সঙ্গে উপস্থিত থেকে ‘ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স’-এর ভোট গণনার ফলাফল শুনছেন/Brooke Brzoska, Special To The Detroit News

ডেট্রয়েট, ১৬ অক্টোবর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরে মেয়র পদে নতুন নেতৃত্ব আসার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রায় এক বছর আগের নির্বাচনের বিতর্কিত ৩৭টি ব্যালট পুনর্গণনার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহিত মাহমুদ বর্তমান মেয়র অ্যাডাম আলহারবির চেয়ে এগিয়ে রয়েছেন।
১৫ অক্টোবর এসব ব্যালট গণনার পর মুহিত মাহমুদের ভোটসংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৯-এ। অন্যদিকে, বর্তমান মেয়র অ্যাডাম আলহারবি পেয়েছেন ২ হাজার ৭৭ ভোট। অর্থাৎ, মুহিত মাহমুদ ১২ ভোটে এগিয়ে রয়েছেন।
আইনি প্রক্রিয়া শেষে ওয়েইন সার্কিট কোর্টের একজন বিচারকের নির্দেশে ডেট্রয়েটের ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স বিতর্কিত ব্যালটগুলো গণনা করে।
তবে হ্যামট্রাম্যাকের পরবর্তী মেয়র কে হবেন, তা এখনো নিশ্চিত নয়। মেয়র আলহারবি জানিয়েছেন, তিনি পরাজয় মেনে নেবেন না এবং ভোট গণনার ফল চ্যালেঞ্জ করবেন।
আলহারবির দাবি, ১৫ অক্টোবর গণনা করা ব্যালটগুলোর মধ্যে কয়েকটির খাম খোলা অবস্থায় ছিল। তাই সেগুলো গণনায় অন্তর্ভুক্ত করা উচিত হয়নি। তিনি আরও দাবি করেন, হ্যামট্রাম্যাকে অন্য শহর থেকে এসে ভোট দেওয়ার অভিযোগে অন্তত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আলহারবি এখনও দাবি করছেন, মুহিত মাহমুদ হ্যামট্রাম্যাকের বাসিন্দা নন। তবে মাহমুদ এ অভিযোগ অস্বীকার করেছেন।
সিটি ক্লার্ক ৩৭টি ব্যালট গণনা করেননি। ২০২৫ সালের ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের পরদিন ব্যালটগুলো তাঁর কার্যালয়ে পৌঁছায়। তৎকালীন সিটি ক্লার্কের ভাষ্য অনুযায়ী, ব্যালটগুলোর খাম খোলা ছিল। এ ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় আইনি লড়াই।
ব্যালটগুলো গণনার দাবিতে মাহমুদ ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টে মামলা করেন। তাঁর দাবি ছিল, ব্যালটগুলো গণনা করতে হবে অথবা সংশ্লিষ্ট ৩৭ জন ভোটারকে পুনরায় ভোট দেওয়ার সুযোগ দিতে হবে।
শেষ পর্যন্ত আলহারবিকে ১১ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়। চলতি বছরের জানুয়ারিতে তিনি মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। তবে গত ৩০ সেপ্টেম্বর ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টের একজন বিচারক ব্যালটগুলো গণনার নির্দেশ দেন।
ব্যালট গণনার পক্ষে রায় দেওয়া বিচারক এবং হ্যামট্রাম্যাকের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহমুদ।
বৈঠক শেষে মাহমুদ বলেন, “বিষয়টি এই দেশের গণতন্ত্রের নীতি এবং ভোটাধিকারের সঙ্গে সম্পর্কিত।”
তিনি আলহারবিকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। তবে আলহারবি ও তাঁর আইনজীবী স্পষ্ট করে জানিয়েছেন, ব্যালট গণনার সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা আদালতে আইনি লড়াই চালিয়ে যাবেন।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com