মিশিগানে শারদীয় দুর্গোৎসব : মঞ্চে  সংস্কৃতির ছোঁয়া : আজ মহানবমী

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৩:৪২:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৩:৪২:৫২ পূর্বাহ্ন
ওয়ারেন, ১৯ অক্টোবর: শঙ্খধ্বনি, উলুধ্বনি, ধূপের সুগন্ধ আর ভক্তিমন্ত্রের আবহে মিশিগানে চলছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। দেবী দুর্গার আরাধনা, অঞ্জলি, আরতি, সন্ধিপূজা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবের আনন্দে মেতে উঠেছেন প্রবাসী বাঙালিরা। পূজামণ্ডপগুলো পরিণত হয়েছে ধর্মীয় আবেগ, সম্প্রীতি ও প্রবাসী বাঙালির মিলনমেলায়।
রোববার মহাঅষ্টমীর পূজায় মিশিগানের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ভক্তদের ঢল নামে। সকাল থেকে রাত পর্যন্ত দেবী দর্শন, পুষ্পাঞ্জলি ও প্রার্থনায় মুখর ছিল পূজাপ্রাঙ্গণ। দূর-দূরান্ত থেকে আসা ভক্ত ও দর্শনার্থীরা এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঘুরে দেবী দুর্গার প্রতিমা দর্শন করেন। পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি প্রিয়জনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও দীর্ঘদিন পর পরিচিতজনদের সঙ্গে মিলিত হওয়ার আনন্দে উৎসবের আবহ হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
মহাঅষ্টমীর অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী সন্ধিপূজা। ১০৮টি প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে দেবীর আরাধনায় সৃষ্টি হয় এক অপূর্ব ভক্তিময় পরিবেশ। প্রদীপের আলো, মন্ত্রোচ্চারণ ও প্রার্থনার আবেশে ভক্তরা দেবীর চরণে নিবেদন করেন তাঁদের শ্রদ্ধা, ভালোবাসা ও মঙ্গলকামনা।

শিব মন্দিরে
সুরের মূর্ছনা
ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনও দুর্গোৎসবের আনন্দকে দিয়েছে ভিন্ন মাত্রা। রোববার রাতে শিব মন্দিরের মঞ্চে সংগীত পরিবেশন করেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী দেয়াশিনী রায় ও তাঁর দল। তাঁদের গানে গানে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। বিপুলসংখ্যক দর্শক-শ্রোতার উপস্থিতিতে সংগীতানুষ্ঠানটি উৎসবের আমেজকে আরও বর্ণিল করে তোলে।

মিশিগান কালীবাড়িতে 
সন্ধিপূজা ও নাট্য 
আয়োজন
মিশিগান কালীবাড়িতেও মহাঅষ্টমী উপলক্ষে ছিল বিশেষ আয়োজন। সন্ধ্যায় ১০৮টি প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সন্ধিপূজা। দেবীর আরাধনা শেষে মঞ্চস্থ হয় প্রখ্যাত বাঙালি নাট্যকার মনোজ মিত্র রচিত নাটক ‘ভেলায় ভাসে সীতা’। বাদল মণ্ডলের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেন তৃষা সাহা, রামআনুজ গোস্বামী, জনা দাশ, সজীব ঘোষ, বাদল মণ্ডল, অন্তরা অন্তি, দীপন চন্দ, পঙ্কজ রায় চৌধুরী, শিবদাশ সরকার, সুশীল দাশ, মিনাক্ষী দেবনাথ, কামনাশীষ দেবনাথ, দেবানজন দীপ, উৎফলা মণ্ডল, পিউলি চক্রবর্তী, সুরভি বণিক, প্রশান্ত দে ও ঋষিকেশ দাসসহ অন্য শিল্পীরা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি নাট্য পরিবেশনা ও অন্যান্য সাংস্কৃতিক আয়োজন প্রবাসী বাঙালির উৎসব উদ্‌যাপনে যোগ করে বিশেষ মাত্রা।

মহানবমীতে দেবীর 
আরাধনা, বিদায়ের সুর
আজ সোমবার মহানবমী। দেবী দুর্গার পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি, আরতি, অগ্নিহোম, সংগীতানুষ্ঠান, ধুনুচি নাচ ও সাংস্কৃতিক পরিবেশনায় দিনভর মুখর থাকবে মিশিগানের বিভিন্ন পূজামণ্ডপ।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহানবমীর অগ্নিহোমে অগ্নিকে সাক্ষী রেখে দেবদেবীর উদ্দেশে আহুতি নিবেদন করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তরা প্রার্থনা করেন পরিবার, সমাজ ও বিশ্বমানবতার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য। দেবীর কাছে তাঁদের আকুতি- অশুভের বিনাশ হোক, শুভশক্তির জয় হোক, পৃথিবী ভরে উঠুক শান্তি ও মৈত্রীর আলোয়।
পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব এখন শেষ প্রহরে। উৎসবের আনন্দের সঙ্গে মণ্ডপে মণ্ডপে ধীরে ধীরে বাজতে শুরু করেছে বিদায়ের সুর। আগামীকাল মঙ্গলবার বিজয়া দশমী। পূজা সমাপন, সিঁদুরখেলা ও অন্যান্য আনুষ্ঠানিকতার পর প্রতিমা নিরঞ্জন ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের দুর্গোৎসব।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com