আট মাসে তিন মন্ত্রী ও এক এমপির পদত্যাগ

মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০১:৪৯:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০১:৫৬:০৫ অপরাহ্ন
ঢাকা, ১৯ অক্টোবর: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়ার পর এ সিদ্ধান্তের কথা জানালেন তিনি।
এর আগে সংবাদ সম্মেলনে যোগ দিতে বাসা থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের ইশরাক হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েই আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে। দলের ইচ্ছার বিরুদ্ধে আমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে। বিশেষ কারণগুলো আমি সংবাদ সম্মেলনে বক্তব্যের মাধ্যমে তুলে ধরব।”
তিনি আরও বলেন, “এখন থেকে আমি আরও বেশি আগ্রাসী হয়ে মাঠে নামব। এখন আমি আরও জোরালোভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তবে এমন উপযুক্ত পদ্ধতিতে কাজ করব, যাতে নতুন করে কোনো বিতর্কের সৃষ্টি না হয়।”
সংবাদ সম্মেলনের নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা আগে জাতীয় প্রেসক্লাবে পৌঁছান ইশরাক। এ সময় তাঁর সঙ্গে কয়েকশ নেতা-কর্মী উপস্থিত হন। তাঁরা ইশরাকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। বেলা পৌনে ২টার দিকে তিনি প্রেসক্লাবে এসে পদত্যাগের ঘোষণা দেন।
এর আগে সোমবার সকাল সাড়ে ৮টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক জানান, বেলা ২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন।
উল্লেখ্য, গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এর পরিপ্রেক্ষিতে রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাঁকে ডেকে পাঠান বলে জানা যায়। ওই সময় তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে রোববার রাতে ইশরাক এ খবরকে গুজব বলে উড়িয়ে দেন। এর এক দিন পর নিজেই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।

আট মাসে তিন মন্ত্রী ও এক এমপির পদত্যাগ
উল্লেখ্য, সরকার গঠনের মাত্র আট মাসের মধ্যে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। একই সময়ে পদত্যাগ করেছেন একজন সংসদ সদস্যও। এসব পদত্যাগের কোনোটিই স্বেচ্ছায় হয়নি; বরং সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় তাঁরা পদত্যাগে বাধ্য হয়েছেন।
ইশরাক হোসেনের আগে পদত্যাগ করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ ছাড়া রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকেও পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। গত ১ অক্টোবর তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com