দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৬:০৮:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৬:০৮:২২ অপরাহ্ন
কালামাজু, ২৫ অক্টোবর: যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় স্থানীয় হাই স্কুলের দুই শিক্ষার্থী নিহত এবং আরও তিনজন আহত হওয়ার ঘটনায় ওয়েস্টার্ন মিশিগান ইউনিভার্সিটি (WMU) ক্যাম্পাসের একটি ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত করেছে। অভিযোগ উঠেছে, সংগঠনটির আয়োজিত একটি পার্টিতে অপ্রাপ্তবয়স্কদের মদ্যপানের সুযোগ দেওয়া হয়েছিল, যা দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
নিহত এক শিক্ষার্থীর পরিবারের প্রতিনিধিত্বকারী আইনজীবী ভেন জনসন ‘উড-টিভি ৮’-কে জানিয়েছেন, তাঁর ধারণা, মেয়েরা ওয়েস্টার্ন মিশিগান ইউনিভার্সিটির কোনো ফ্রাটারনিটির পার্টিতে অংশ নিয়েছিল। সেখানে তাদের মদ্যপানের সুযোগ দেওয়া হয়ে থাকলে এবং এর সঙ্গে দুর্ঘটনার সম্পর্ক প্রমাণিত হলে সংশ্লিষ্ট ফ্রাটারনিটির বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি দায়ের প্রশ্ন উঠতে পারে। তবে দুর্ঘটনার আগে শিক্ষার্থীরা কোনো ফ্রাটারনিটির পার্টিতে গিয়েছিল বলে তিনি কেন মনে করছেন, সে বিষয়ে জনসন টেলিভিশন চ্যানেলটিকে বিস্তারিত জানাননি। রবিবার বিকেলে জনসনের সাথে মন্তব্যের জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সংশ্লিষ্ট ফ্রাটারনিটির নাম প্রকাশ করেনি।
ঘটনাটি পর্যালোচনাধীন থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ফ্রাটারনিটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, “ম্যাটাওয়ান হাই স্কুলের দুই শিক্ষার্থীর প্রাণ কেড়ে নেওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ওয়েস্টার্ন মিশিগান ইউনিভার্সিটি গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের জন্যও আমাদের প্রার্থনা রইল; আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করি।”
১৮ অক্টোবর WMMT-TV নিউজ চ্যানেল ৩-এর প্রতিবেদন অনুযায়ী, টেক্সাস টাউনশিপে কালামাজুর কাছে ভোর ৩টা ২০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। ম্যাটাওয়ান হাই স্কুলের পাঁচ শিক্ষার্থীকে বহনকারী একটি গাড়ি পশ্চিম দিকে যাওয়ার সময় সাউথ সেকেন্ড স্ট্রিটের কাছে ওয়েস্ট আর অ্যাভিনিউ থেকে রাস্তার দক্ষিণ পাশে সরে গিয়ে একটি গাছে ধাক্কা খায়।
ঘটনাস্থলেই ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোরীকে মৃত ঘোষণা করা হয়। পরে তাদের পরিচয় জানা যায়—জর্ডিন বিহাম (১৫) ও অরোরা রাকার্ট (১৬)। WMMT-এর তথ্য অনুযায়ী, বিহামের ১৬ বছর বয়সী এক বোন গুরুতর আহত হয়েছে। এ ছাড়া ১৫ ও ১৭ বছর বয়সী আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হলেও তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
গুগল ম্যাপের তথ্য অনুযায়ী, ম্যাটাওয়ান থেকে ওয়েস্টার্ন মিশিগান ইউনিভার্সিটি ক্যাম্পাসে গাড়িতে যেতে আনুমানিক ২০ মিনিট সময় লাগে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com