আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০১:১৮:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০১:১৮:১৩ পূর্বাহ্ন
ডেট্রয়েট, ২৭ অক্টোবর : আগাম ভোটগ্রহণের প্রথম দিনেই নতুন রেকর্ড গড়েছেন ডেট্রয়েটের ভোটাররা। কর্মকর্তারা জানিয়েছেন, ৩ নভেম্বরের সাধারণ নির্বাচন সামনে রেখে গত ২৪ অক্টোবর, শনিবার শহরটিতে ২ হাজার ৩০৫ জন ভোটার আগাম ভোট দিয়েছেন।
ডেট্রয়েট সিটি নির্বাচন বিভাগের তথ্য অনুযায়ী, আগাম ভোটগ্রহণের প্রথম দিনে এ সংখ্যা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগের রেকর্ড ছাড়িয়ে গেছে। ওই নির্বাচনে প্রথম দিন ভোট দিয়েছিলেন ১ হাজার ৮৯৭ জন ভোটার।
ডেট্রয়েট সিটি ক্লার্ক জেনিস এম. উইনফ্রি এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেকর্ডসংখ্যক আগাম ভোটদানের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “ডেট্রয়েটবাসী এখন আর কারও দরজায় কড়া নাড়া বা কোনো সংস্থার কাছ থেকে উৎসাহ পাওয়ার অপেক্ষায় নেই। তাঁরা নিজেরাই উদ্যোগ নিচ্ছেন এবং ভোটকেন্দ্রে যাচ্ছেন।”
উইনফ্রি আরও বলেন, অনেকের ক্ষেত্রে এই উদ্যোগের পেছনে রয়েছে দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি। মুদি দোকান কিংবা গ্যাস স্টেশনে গিয়ে যখন দেখা যায়, উপার্জিত অর্থে আগের তুলনায় কম পণ্য কেনা যাচ্ছে, তখন বিষয়টি ব্যক্তিগত উদ্বেগে পরিণত হয়। ডেট্রয়েটবাসী দৈনন্দিন জীবনের এসব উদ্বেগকে এখন কার্যকর পদক্ষেপে রূপান্তর করছেন বলে মন্তব্য করেন তিনি।

কীভাবে আগাম ভোট দেবেন
মিশিগানে আগাম ভোটগ্রহণ চলবে ২ নভেম্বর, সোমবার পর্যন্ত। ১ নভেম্বর, রবিবার পর্যন্ত প্রতিদিন অন্তত আট ঘণ্টা খোলা থাকবে ভোটকেন্দ্রগুলো। ডেট্রয়েটসহ কয়েকটি এলাকায় নির্ধারিত সময়ের বাইরেও অতিরিক্ত দিন আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে।
ডেট্রয়েটে আগাম ভোটের জন্য মোট আটটি কেন্দ্র রয়েছে। এর মধ্যে দুটি কেন্দ্র ২ নভেম্বর, সোমবারও খোলা থাকবে। কেন্দ্র দুটি হলো—২৯৭৮ ডব্লিউ. গ্র্যান্ড বুলেভার্ডে অবস্থিত নির্বাচন বিভাগের (Department of Elections) কার্যালয় এবং ২ উডওয়ার্ড অ্যাভিনিউ, স্যুট ১০৬-এ অবস্থিত ডেট্রয়েট সিটি ক্লার্কের কার্যালয়।

কোথায় ভোট দেবেন
মিশিগানজুড়ে আগাম ভোটকেন্দ্রের অবস্থান, সময়সূচি ও ভোটগ্রহণের তারিখ জানতে ভিজিট করুন mi.gov/earlyvoting ওয়েবসাইটে।
আগামী ৩ নভেম্বর, মঙ্গলবার সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটকেন্দ্র খোলা থাকবে। রাত ৮টার মধ্যে লাইনে দাঁড়ানো সব ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন।
এ ছাড়া, যোগ্য বাসিন্দারা রাত ৮টা পর্যন্ত স্থানীয় ক্লার্কের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন। চাইলে অনুপস্থিত ভোটারদের জন্য নির্ধারিত ‘অ্যাবসেন্টি ব্যালট’-এর মাধ্যমেও ভোট দেওয়ার সুযোগ রয়েছে।
ডেট্রয়েট সিটি ক্লার্ক জেনিস এম. উইনফ্রি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “ডেট্রয়েটের তরুণ ও বয়স্ক—সবাই এগিয়ে আসছেন এবং তাঁদের জীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্তে নিজেদের মতামত তুলে ধরছেন। গণতন্ত্রের মূল কথা এটাই। আমরা একটি শক্তিশালী সূচনা করেছি। এখন এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com