ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ১২:০৮:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ১২:০৮:০৭ অপরাহ্ন
চালকসংকটে ওয়াটারফোর্ড স্কুল ডিস্ট্রিক্টের কিছু বাস রুট বাতিল হওয়ায় বাস সার্ভিস ইয়ার্ডে দাঁড়িয়ে রয়েছে স্কুলবাস/Scott Olson

ওয়াটারফোর্ড টাউনশিপ, ২৮ অক্টোবর : যোগ্য চালকের অভাবে শিক্ষার্থীদের জন্য কয়েকটি স্কুলবাস রুট পর্যায়ক্রমে বাতিল করছে ওয়াটারফোর্ড স্কুল ডিস্ট্রিক্ট। গত ২৭ অক্টোবর ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
ওকল্যান্ড কাউন্টি সিস্টেমের যোগাযোগ ও কমিউনিটি সম্পর্কবিষয়ক পরিচালক সারাহ ডেভিস জানান, এ সিদ্ধান্তের প্রভাব পড়েছে ডিস্ট্রিক্টের সাধারণ শিক্ষার্থীদের জন্য পরিচালিত ২১টি বাস রুটে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ১৫টি রুট অপরিবর্তিত রয়েছে।
প্রায় ৭ হাজার শিক্ষার্থীকে সেবা দেয় এই ডিস্ট্রিক্ট। এর আওতায় রয়েছে পুরো ওয়াটারফোর্ড টাউনশিপ এবং ইন্ডিপেন্ডেন্স টাউনশিপ ও ওয়েস্ট ব্লুমফিল্ডের কিছু অংশ।
ডেভিস জানান, বর্তমানে ডিস্ট্রিক্টে প্রায় ৩৪ জন বাসচালক কর্মরত রয়েছেন। তবে বাস চলাচল স্বাভাবিক রাখতে আরও অন্তত ছয়জন চালক প্রয়োজন। চালকসংকটের কারণে প্রতিদিন গড়ে চারটি বাস রুট বাতিল করতে হচ্ছে। ডিস্ট্রিক্টের লক্ষ্য, প্রতিটি শিক্ষার্থী যেন সপ্তাহে অন্তত চার দিন বাসে যাতায়াতের সুবিধা পায়। এ জন্য একটি সাপ্তাহিক সময়সূচি ডিস্ট্রিক্টের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
তিনি আরও জানান, চালক নিয়োগের কার্যক্রম চলছে। যেসব প্রার্থীর কমার্শিয়াল ড্রাইভার্স লাইসেন্স (সিডিএল) নেই, তাঁদের লাইসেন্স অর্জনের প্রয়োজনীয় প্রশিক্ষণ খরচও বহন করবে ডিস্ট্রিক্ট। পাশাপাশি চালকদের বেতন বাড়িয়ে ঘণ্টাপ্রতি সর্বোচ্চ ২৪ ডলার ৭৫ সেন্ট করা হয়েছে। তুষারপাতের কারণে স্কুল বন্ধ থাকলে, চালকদের কাজ করতে না হলেও তাঁরা বেতন পাবেন।
ডেভিসের ভাষ্য অনুযায়ী, গত বছরও চালকসংকট দেখা দিয়েছিল। তবে সে সময় কোনো বাস রুট বাতিল না করেই পরিস্থিতি সামাল দিতে পেরেছিল ডিস্ট্রিক্ট।
তিনি বলেন, “গত বছরও আমরা সংকটের আঁচ পেয়েছিলাম, কিন্তু তবুও সব বাস রুট সচল রাখতে সক্ষম হয়েছিলাম।”
ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ অভিভাবকদের অনুরোধ জানিয়েছে, যেসব শিক্ষার্থীর স্কুলে যাতায়াতের বিকল্প ব্যবস্থা নেই, তাঁদের অভিভাবকরা যেন বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানান। এতে তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করা সম্ভব হতে পারে।
ডেভিস উল্লেখ করেন, যোগ্য বাসচালকের সংকট এখন যুক্তরাষ্ট্রজুড়েই একটি জাতীয় সমস্যা। বিশেষ করে ‘স্প্লিট শিফট’ বা খণ্ডিত কর্মঘণ্টা—যেখানে ভোরে কাজ শুরু হলেও মাঝখানে দীর্ঘ বিরতির পর আবার কাজে ফিরতে হয়—অনেককে এ পেশায় আসতে নিরুৎসাহিত করে।
ওয়াটারফোর্ড স্কুল ডিস্ট্রিক্ট হাইস্কুল পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের বাসসেবা দিয়ে থাকে, যা সব স্কুল ডিস্ট্রিক্টে প্রচলিত নয়। কোনো কোনো ডিস্ট্রিক্ট আবার বাইরের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে বাস রুট পরিচালনার দায়িত্ব দিয়ে থাকে।
ডেভিস জানান, চালকসংকট মোকাবিলায় অতীতে ওয়াটারফোর্ড ডিস্ট্রিক্টও বাইরের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছিল। তবে বাইরের চালকেরা অনেক সময় নির্দিষ্ট রুট ও শিক্ষার্থীদের সম্পর্কে পর্যাপ্ত ধারণা না রাখায় প্রত্যাশিত সেবা দিতে পারেননি।
ডেভিস বলেন, “এটি একটি স্বল্পমেয়াদি সমাধান। আদর্শ পরিস্থিতি হলো, নিজস্ব কর্মী নিয়োগের মাধ্যমে বাসসেবা পরিচালনা করা।”
তিনি আরও জানান, বাসচালক হিসেবে কাজ করতে আগ্রহীরা ২৪৮-৬৮২-৭২০০ নম্বরে যোগাযোগ করতে পারেন।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com