মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ

আপলোড সময় : ৩০-১০-২০২৬ ১১:৪৬:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৬ ১১:৪৬:৪২ পূর্বাহ্ন
ওয়েস্ট অলিভ টাউনশিপ, ৩০ অক্টোবর : কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কনজিউমার্স এনার্জি। কোম্পানিটির সর্বশেষ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ‘জে.এইচ. ক্যাম্পবেল জেনারেটিং কমপ্লেক্স’ নির্ধারিত সময়ের পরও চালু রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জারি করা কয়েকটি বিতর্কিত জরুরি আদেশের কারণে কেন্দ্রটির নির্ধারিত বন্ধের সময়সীমা পিছিয়ে গেছে।
কানাডীয় জ্বালানি ও প্রকৌশল প্রতিষ্ঠান এটিসিওর (ATCO) সহযোগী প্রতিষ্ঠান অ্যাশকর ইউএসএ ইনকরপোরেটেড (Ashcor USA Inc.) ২০২৮ সালের শুরুর দিকে ওয়েস্ট অলিভ টাউনশিপে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রটির এলাকায় একটি কয়লা ছাই প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে। প্রস্তাবিত এ কেন্দ্রে ক্যাম্পবেল বিদ্যুৎ কেন্দ্রের কয়েক লাখ টন কয়লা ছাই প্রক্রিয়াজাত করে সিমেন্টের বিকল্প উপাদানে রূপান্তর করা হবে, যা কংক্রিট তৈরিতে ব্যবহার করা যাবে। এটি হবে মিশিগানের প্রথম কয়লা ছাই প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র।
এ প্রকল্প বাস্তবায়নে অ্যাশকর কর্তৃপক্ষ মিশিগান পরিবেশ, গ্রেট লেকস ও জ্বালানি বিভাগে (EGLE) বায়ুমান-সংক্রান্ত অনুমতির আবেদন করেছে। অনুমতি পেলে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থেকে সূক্ষ্ম ধূলিকণা, নাইট্রোজেন অক্সাইড ও কার্বন মনোক্সাইডের মতো দূষক পদার্থ বাতাসে নির্গত হতে পারে।
প্রকল্পটির বিষয়ে জনসাধারণের মতামত জানানোর নির্ধারিত সময়সীমা ২৯ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল।
এ ছাড়া, তরল বর্জ্য মাটির গভীরে সংরক্ষণের জন্য দুটি ‘ডিপ ইনজেকশন ওয়েল’ (গভীর বর্জ্য প্রবেশ কূপ) নির্মাণে ফেডারেল সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে কনজিউমার্স এনার্জি। প্রস্তাবিত কূপ দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের এলাকায়, লেক মিশিগান থেকে প্রায় এক মাইল দূরে নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ নিয়ে পরিবেশবাদী কর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের আশঙ্কা, এসব কূপে সংরক্ষিত বর্জ্য থেকে দূষণ ছড়িয়ে পড়তে পারে স্থানীয় পানীয় জলের উৎস কিংবা লেক মিশিগানে।
ক্যাম্পবেল বিদ্যুৎ কেন্দ্রটি ২০২৫ সালের মে মাসে বন্ধ হওয়ার কথা ছিল। সেই পরিকল্পনা সামনে রেখেই গত বছর কয়লা ছাই প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তবে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের জারি করা কয়েকটি বিতর্কিত জরুরি আদেশের কারণে কেন্দ্রটি চালু রেখেছে কনজিউমার্স এনার্জি। রাইটের দাবি, মিডওয়েস্ট অঞ্চলে বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটি চালু রাখা প্রয়োজন।
গত সেপ্টেম্বর মাসে একটি ফেডারেল আপিল আদালত রাইটের জারি করা প্রথম জরুরি আদেশ বাতিল করে দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, আদেশটি অযৌক্তিক ছিল এবং এর পেছনে কোনো প্রকৃত জরুরি পরিস্থিতি ছিল না। তা সত্ত্বেও ২০২৫ সালের মে মাসের পর থেকে রাইট একের পর এক জরুরি আদেশ জারি করে আসছেন। এসব আদেশের আওতায় ক্যাম্পবেল বিদ্যুৎ কেন্দ্রটির কার্যক্রমও অব্যাহত রেখেছে কনজিউমার্স এনার্জি।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com