নবীগঞ্জের শিক্ষক বেনু লাল দে  আর নেই, নিউজার্সিতে শ্রাদ্ধানুষ্ঠান

আপলোড সময় : ০২-১১-২০২৬ ১০:১৬:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৬ ১০:১৬:৪৭ পূর্বাহ্ন
টৌটায়া সিটি, নিউজার্সি, ২ নভেম্বর : যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ডিবিসি নিউজের প্রতিনিধি এবং বাংলাদেশ হিন্দু ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব নিউজার্সির সভাপতি বিশ্বজিৎ দে বাবলুর পিতা, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বেনু লাল দে-এর শ্রাদ্ধানুষ্ঠান, প্রার্থনা সভা ও কমিউনিটি প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ অক্টোবর টৌটায়া সিটিতে তাঁর নিজ বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
প্রয়াত বেনু লাল দে গত ১৪ অক্টোবর সেন্ট জোসেফ ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী সবিতা ঘোষ, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
নিউজার্সির মন্টক্লেয়ার সিটির রসডেল হিন্দু সেমেটারিতে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। পরবর্তী সময়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও স্মরণসভার মধ্য দিয়ে প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও কমিউনিটির সদস্যরা।
বেনু লাল দে-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্যাটারসন সিটির মেয়র আন্দ্রে সাঈয়া, কাউন্সিলম্যান শাহীন খালিক, কাউন্সিল প্রেসিডেন্ট মারিজা ডেভিলা, প্রসপেক্ট পার্ক সিটির মেয়র এ টি এম খাইরুল্লাহ, কাউন্সিলম্যান আবুল হোসেন সোরমান এবং সাবেক কাউন্সিলম্যান ফরিদ উদ্দিন। এ ছাড়া নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, ফজলুল হক চৌধুরী সেলিম এবং নবীগঞ্জের প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি হরিপদ দাস শোক প্রকাশ করেছেন।
নিউজার্সি স্টেট বিএনপি ও নিউজার্সি স্টেট আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রয়াতের আত্মার শান্তি কামনা করেছেন।
উল্লেখ্য, বেনু লাল দে ছিলেন বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার একজন পরিচিত ও শ্রদ্ধেয় শিক্ষক। দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকার পর ১৯৯৬ সালে ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি বিজয়ী হয়ে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তাঁর জন্ম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৭ নম্বর করগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী জন্তরী গ্রামে। শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে ভূমিকা রেখেছেন। তাঁর প্রয়াণে স্বজন ও পরিচিতজনদের পাশাপাশি নবীগঞ্জের শিক্ষকসমাজ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও শোকের আবহ তৈরি হয়েছে।

সুপ্রভাত মিশিগান 
সম্পাদকের শোক 
নিউজার্সি ডিবিসি নিউজের প্রতিনিধি এবং বাংলাদেশ হিন্দু ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব নিউজার্সির সভাপতি বিশ্বজিৎ দে বাবলুর পিতা, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বেনু লাল দে-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুপ্রভাত মিশিগানের সম্পাদক চিন্ময় আচার্য।
এক শোকবার্তায় তিনি প্রয়াত বেনু লাল দে-এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি এই কঠিন সময়ে পরিবারের সবাইকে শোক সহ্য করার শক্তি দানের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com