ওয়ারেন, ৫ নভেম্বর : মিশিগানের ওয়ারেন শহরে একটি ফাস্ট-ফুড রেস্তোরাঁর সামনে গাড়ির ধাক্কায় ৩৩ বছরবয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনার পর গাড়িচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইস্ট এইট মাইল রোড ও শেরউড অ্যাভিনিউয়ের সংযোগস্থলে অবস্থিত ‘হোয়াইট ক্যাসেল’ রেস্তোরাঁর সামনে এক পথচারী গাড়ির ধাক্কায় আহত হয়েছেন—এমন খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
সেখানে গিয়ে পুলিশ ৩৩ বছর বয়সী ওই ব্যক্তিকে রেস্তোরাঁর পার্কিং লটে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে জরুরি চিকিৎসাকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তদন্তকারীদের প্রাথমিক ধারণা, কারও সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে ওই ব্যক্তি একটি সেডান গাড়ির ধাক্কায় আহত হন। ঘটনার পর গাড়িচালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনা কিংবা সন্দেহভাজন গাড়িচালক সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে ওয়ারেন পুলিশ বিভাগের (৫৮৬) ৫৭৪-৪৭০০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
মিশিগানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক ‘হিট-অ্যান্ড-রান’ (গাড়ির ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া) ঘটনার মধ্যে এটি সর্বশেষ।
এর আগে গত ২৬ অক্টোবর ডেট্রয়েটের পূর্বাঞ্চলে ইস্ট গ্র্যান্ড বুলেভার্ড ও ফ্রেডরিক স্ট্রিট এলাকায় গাড়ির ধাক্কায় ৪০ বছর বয়সী এক ব্যক্তি আহত হন। ওই ঘটনায় চালককে শনাক্ত করতে সহায়ক তথ্যের জন্য পুলিশ ১ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে।
এ ছাড়া গত সেপ্টেম্বরে হিউরন টাউনশিপের পেনসিলভানিয়া রোডে, হিউরন রিভার ড্রাইভ ও ওয়েইন রোডের মধ্যবর্তী এলাকায় গাড়ির ধাক্কায় ৬১ বছর বয়সী নিউ বস্টনের এক বাসিন্দা আহত হন। এ ঘটনায় রোমুলাসের এক বাসিন্দার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এর আগে আগস্ট মাসে ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে প্লাইমাউথ ও এভারগ্রিন রোডের সংযোগস্থলে গাড়ির ধাক্কায় এক ব্যক্তি আহত হন। ওই ঘটনার পর গাড়িচালক পালিয়ে যান।
Source & Photo: http://detroitnews.com