স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০১:২৭:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০১:২৭:৩৪ পূর্বাহ্ন
স্টার্লিং হাইটস, ৭ নভেম্বর : বিদ্যমান মালবাহী রেলপথ ব্যবহার করে স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে শহর কর্তৃপক্ষ।
এ লক্ষ্যে স্টার্লিং হাইটস ও ওয়ারেন শহরের মধ্য দিয়ে যাওয়া ‘কনরেল’ (Conrail) রেল করিডোরটি সংরক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে তারা। একই সঙ্গে যাত্রীবাহী রেল পরিষেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে (Feasibility Study) প্রয়োজনীয় অর্থায়নের জন্য আঞ্চলিক অংশীদারদের একত্রিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শহর কর্তৃপক্ষের মতে, কনরেল করিডোরটি অক্ষুণ্ণ রাখা গেলে ভবিষ্যতে সেখানে যাত্রীবাহী রেল পরিষেবা চালুর সুযোগ তৈরি হবে।
স্টার্লিং হাইটসের সিটি ম্যানেজার মার্ক ভ্যান্ডারপুল বলেন, “আমরা বুঝি, যাত্রীবাহী রেলসহ গণপরিবহন অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আমরা সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিতে চাই।”
তিনি জানান, স্টার্লিং হাইটস দীর্ঘদিন ধরেই গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে সমর্থন দিয়ে আসছে। চলতি বছরের শুরুর দিকে সিটি কাউন্সিল নগর প্রশাসনকে শহরে যাত্রীবাহী রেল পরিষেবা চালুর সম্ভাবনা নিয়ে একটি ‘হোয়াইট পেপার’ বা রূপরেখা দলিল তৈরির নির্দেশ দেয়।
গত ৪ নভেম্বর সিটি কাউন্সিলের সভায় উপস্থাপিত ওই রূপরেখায় সম্ভাব্য কয়েকটি স্থানে রেলস্টেশন নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্টার্লিং হাইটসের ১৮ মাইল রোডে অবস্থিত ‘ভেলোসিটি সেন্টার’, ওয়ারেনের ‘জেনারেল মোটরস টেকনিক্যাল সেন্টার’ এলাকা এবং ৮ মাইল রোড সংলগ্ন এলাকা।
৫ নভেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শহর কর্তৃপক্ষ জানায়, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাসিন্দারা কর্মসংস্থানের সুযোগ, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত খেলাধুলা ও বিনোদনকেন্দ্র এবং বর্তমানে ‘অ্যামট্র্যাক’ (Amtrak) নেটওয়ার্কের আওতাভুক্ত বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুযোগ পাবেন। প্রস্তাবিত রেল পরিষেবাটি ডেট্রয়েটের কেন্দ্রস্থল এবং ডেট্রয়েট মেট্রোপলিটন বিমানবন্দরের সঙ্গেও সংযোগ স্থাপন করতে পারে।
ভ্যান্ডারপুল জানান, স্টার্লিং হাইটসের উত্তরে অবস্থিত কনরেল করিডোরের অবকাঠামো বর্তমানে অপসারণ করা হচ্ছে। তাঁর আশঙ্কা, কনরেল কর্তৃপক্ষ রেল করিডোরের আরও কিছু অংশ বিক্রি করে দিতে পারে।
তিনি বলেন, “আমরা চাই না আমাদের শহরে এমনটি ঘটুক। তাই আগেভাগেই উদ্যোগ নিতে চাই এবং ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অবকাঠামো সংরক্ষণ করতে চাই।”
যাত্রীবাহী রেল পরিষেবা চালুর সম্ভাবনা নিয়ে স্টার্লিং হাইটস কর্তৃপক্ষ ওয়ারেন, ম্যাকম্ব কাউন্টি এবং ‘রিজিওনাল ট্রানজিট অথরিটি অব সাউথইস্ট মিশিগান’-সহ (RTA) বিভিন্ন আঞ্চলিক অংশীদারের সঙ্গে আলোচনা করছে। পেশাদার সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার বিষয়ে আঞ্চলিক পর্যায়ে আগ্রহ রয়েছে কি না, তা যাচাই করাই এসব আলোচনার লক্ষ্য।
ভ্যান্ডারপুল জানান, সম্ভাব্যতা সমীক্ষায় অন্যান্য বিষয়ের পাশাপাশি প্রস্তাবিত রেল পরিষেবাটি অ্যামট্র্যাকের প্রচলিত যাত্রীবাহী রেলব্যবস্থার আওতায় পরিচালিত হবে, নাকি ‘লাইট রেল’ (Light Rail) ব্যবস্থা হিসেবে গড়ে তোলা হবে, সেটিও খতিয়ে দেখা হবে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com