বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০২:৩৮:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০২:৩৮:০০ পূর্বাহ্ন
ঢাকা, ৭ নভেম্বর : ভবিষ্যতে কেউ যাতে বাংলাদেশের স্বাধীনতা ও জনগণের অধিকার হরণ করতে না পারে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সে লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার হওয়া উচিত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার সুরক্ষা।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করেছিল। তাঁর ভাষায়, দিনটি ছিল দেশের ইতিহাসে ‘শত্রু’ ও ‘মিত্র’ চিহ্নিত করার দিন।
তিনি আরও বলেন, ৭ নভেম্বরের পরাজিত অপশক্তির ষড়যন্ত্র পরবর্তী সময়েও অব্যাহত ছিল। পিলখানার সেনা হত্যাকাণ্ড এবং জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের প্রসঙ্গ তুলে তিনি ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে সেই অপশক্তির বিরুদ্ধে আরেকটি বিজয় হিসেবে উল্লেখ করেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার। তাঁর মতে, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের ৫ আগস্ট—দুই সময়েই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল।
জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশের সব নাগরিকের পরিচয় একটাই—‘আমরা বাংলাদেশি’। তরুণ প্রজন্মকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে অতীতের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনে তরুণেরা আপসহীন ভূমিকা রেখেছে।
ইতিহাসভিত্তিক সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করে তিনি বলেন, ইতিহাসসচেতন ও ঐক্যবদ্ধ তরুণ প্রজন্মই বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারে। একটি নিরাপদ, সমৃদ্ধ, মানবিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও গণতন্ত্র বিপন্ন হওয়ার প্রতিটি সময়ে মানুষ ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়িয়েছে। এ সময় তিনি সবার আগে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।’

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com