গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ১২:২৪:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ১২:২৪:২৮ অপরাহ্ন
ঢাকা, ৭ নভেম্বর: গ্রাম পুলিশের সাধারণ সদস্যদের মাসিক বেতন সাড়ে ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা এবং দলপ্রধানদের বেতন ৮ হাজার থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ বাহিনীর মহাসমাবেশে যোগ দিয়ে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী জানান, বেতন বৃদ্ধির পাশাপাশি গ্রাম পুলিশের অবসরকালীন আনুতোষিকও বাড়ানো হয়েছে। সাধারণ সদস্যদের আনুতোষিক ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং দলপ্রধানদের ৮০ হাজার থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে।
তথ্য আদান-প্রদানে মোবাইল ফোন ব্যবহারের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যকে মাসে ১৫০ টাকা মোবাইল খরচ দেওয়ার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া দেশের প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হবে। নারী সদস্যদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস নির্ধারণের কথাও জানান তিনি।
গ্রাম পুলিশের কাজের স্বীকৃতি ও মর্যাদা বাড়াতে প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়ক তাদের নামে নামকরণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। ওই সড়কের দুই পাশে গাছ লাগানো হবে। পরবর্তী সময়ে গাছ বিক্রি করে পাওয়া অর্থ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে।
বর্তমানে পাঁচ বছর পরপর গ্রাম পুলিশ সদস্যদের সাইকেল দেওয়া হয়। এ সময়সীমা কমিয়ে তিন থেকে সাড়ে তিন বছর পরপর নতুন সাইকেল দেওয়ার ব্যবস্থা করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ার কথাও জানান তিনি।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সমাবেশস্থলে পৌঁছান। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করে মূল মঞ্চে ওঠেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com