মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০২:৩৬:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০২:৩৬:২৬ অপরাহ্ন
ওয়ারেন, ৯ নভেম্বর : অন্ধকারের বুকে আলোর দীপশিখা, অশুভ শক্তির বিনাশ আর শুভশক্তির জাগরণের প্রত্যয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহে মিশিগানজুড়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি। রাজ্যের বিভিন্ন মন্দিরে দেবী শ্যামার আরাধনা, পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে উৎসবে শামিল হন ভক্তরা।
গতকাল রোববার ডেট্রয়েট দুর্গা টেম্পল, মিশিগান কালী বাড়ি, রাধাকৃষ্ণ টেম্পলসহ বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হয় শ্যামাপূজা। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মন্দির প্রাঙ্গণে জ্বলে ওঠে অসংখ্য প্রদীপ। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের ঘরেও প্রজ্বালিত হয় প্রদীপ ও মোমবাতি। আলোর এই উৎসবে প্রয়াত স্বজনদের স্মরণেও অনেকে মোমবাতি জ্বালান। পূজা শেষে দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভক্তরা।
হিন্দু পঞ্জিকা অনুযায়ী, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়। দীপাবলির আলোকসজ্জা ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অন্ধকারের ওপর আলোর বিজয় এবং অশুভের বিনাশের বার্তা ছড়িয়ে পড়ে।
এদিকে, শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে মিশিগান কালী বাড়িতে আয়োজন করা হয় দুই দিনব্যাপী উৎসবের। পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি, সাংস্কৃতিক পরিবেশনা ও সংগীতানুষ্ঠানে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। উৎসবের প্রথম দিন শনিবারের অন্যতম আকর্ষণ ছিল রাত ৯টায় আয়োজিত ‘দীপাবলি সংগীতসন্ধ্যা’। এতে মুম্বাই ও কলকাতার প্লেব্যাক গায়িকা ও লাইভ পারফর্মার তৃষা চ্যাটার্জি একের পর এক জনপ্রিয় হিন্দি ও বাংলা গান পরিবেশন করেন। তাঁর সুরেলা কণ্ঠের পরিবেশনায় মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ, প্রাণবন্ত হয়ে ওঠে উৎসবের আমেজ।
অন্যদিকে, ওয়ারেন সিটির রামকৃষ্ণ আশ্রমেও গত শনিবার নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে শ্রীশ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হয়।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী শ্যামা শক্তি, শান্তি ও কল্যাণের প্রতীক। হিন্দু পুরাণে দেবী কালীর আবির্ভাব অশুভ শক্তির বিনাশ এবং শুভশক্তির প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত। কালীপূজা মূলত শক্তির আরাধনা—যেখানে দুষ্টের দমন ও শিষ্টের পালনের মধ্য দিয়ে জগতে ন্যায়, কল্যাণ ও মঙ্গলের প্রতিষ্ঠার প্রত্যাশা করা হয়। দীপাবলির প্রদীপের আলো সেই শুভশক্তির জাগরণ ও অন্ধকার অতিক্রম করে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে বিবেচিত।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com