ওয়ারেনে ব্যাংক ডাকাতি, অভিযুক্তের বন্ড ১ মিলিয়ন ডলার নির্ধারণ

আপলোড সময় : ১০-১১-২০২৬ ১২:৪১:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ১২:৪১:৩৬ পূর্বাহ্ন
রয়লি ড্যারিল বাক জুনিয়র/Warren Police Department

ওয়ারেন, ১০ নভেম্বর : গত সপ্তাহে ওয়ারেনের একটি ব্যাংকে ডাকাতির ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর কার্যালয় জানায়, রয়লি ড্যারিল বাক জুনিয়রকে গত শুক্রবার ওয়ারেনের ৩৭তম ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হয়। সেখানে তাঁর বিরুদ্ধে ব্যাংক ডাকাতির অভিযোগ আনা হয়।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হার্পার উডসের বাসিন্দা বাকের বিরুদ্ধে চতুর্থবারের মতো অপরাধ করার অভিযোগে ‘অভ্যাসগত অপরাধী’ (হ্যাবিচুয়াল অফেন্ডার) হিসেবে অতিরিক্ত অভিযোগও আনা হয়েছে।
দোষী সাব্যস্ত হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। অভ্যাসগত অপরাধী হিসেবে অতিরিক্ত অভিযোগ প্রমাণিত হলে তাঁকে আরও কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারে।
প্রসিকিউটর কার্যালয় জানায়, বিচারক বাকের জামিনের বন্ড ১০ লাখ ডলার নির্ধারণ করেছেন। আগামী ১২ নভেম্বর মামলার প্রাথমিক কারণ পর্যালোচনার জন্য ‘প্রোবেবল কজ কনফারেন্স’ এবং ১৭ নভেম্বর প্রাথমিক শুনানি (প্রিলিমিনারি এক্সামিনেশন) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ম্যাকম্ব কাউন্টির প্রসিকিউটর পিটার লুসিডো এক বিবৃতিতে বলেন, ‘ব্যাংক ডাকাতি একটি গুরুতর অপরাধ। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করার সময় কারও নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হওয়ার কথা নয়। যারা হুমকি বা ভীতি প্রদর্শনের মাধ্যমে অপরাধ করে, আমার কার্যালয় তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে এবং আইনের আওতায় জবাবদিহি নিশ্চিত করবে।’ সোমবার পর্যন্ত আদালতের নথিতে বাকের পক্ষে কোনো আইনজীবীর নাম উল্লেখ করা হয়নি।

ঘটনা যেভাবে ঘটেছে
কর্তৃপক্ষের অভিযোগ, গত ৩ নভেম্বর মঙ্গলবার বিকেল ৩টার দিকে ওয়ারেনের রায়ান রোডের কাছে ইস্ট ১০ মাইল রোডে অবস্থিত হান্টিংটন ব্যাংকের একটি শাখায় ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এক ব্যক্তি ব্যাংকে প্রবেশ করে একজন টেলারের (ক্যাশিয়ার) কাছে একটি চিরকুট দেন। এতে টাকা দাবি করার পাশাপাশি তাঁর কাছে অস্ত্র রয়েছে বলেও ইঙ্গিত দেওয়া হয়।
তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, টেলার ওই দাবি মেনে নিয়ে তাকে কিছু অর্থ দেন। তবে অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি। টাকা নিয়ে সন্দেহভাজন ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ব্যাংককর্মীরা পুলিশকে খবর দিলে তদন্ত শুরু হয়।
গোয়েন্দারা জানান, তদন্তের অংশ হিসেবে তাঁরা নিরাপত্তা ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এসব সূত্র ও ফরেনসিক প্রমাণের ভিত্তিতে রয়লি বাককে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়।
কর্তৃপক্ষ জানায়, গত ৬ নভেম্বর শুক্রবার এফবিআই এজেন্টদের সহায়তায় হার্পার উডস থেকে বাককে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ব্যাংক ডাকাতির সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলেও পুলিশের দাবি।
হান্টিংটন ব্যাংকের মুখপাত্র বব মিলার জানান, ঘটনাটি নিয়ে পুলিশের তদন্ত চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়। তবে তদন্তে ব্যাংক কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পূর্ণ সহযোগিতা করছে।
কর্মকর্তারা জানান, ১৯৮৬ সাল থেকেই বাকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে। এর আগে তিনি জোরপূর্বক কোনো স্থাপনায় প্রবেশ, গোপন অস্ত্র বহন, পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া এবং হামলার মতো অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। এ ছাড়া ফেডারেল ব্যাংক ডাকাতির মামলায় সাজাপ্রাপ্ত বাক প্যারোলে (শর্তসাপেক্ষে মুক্তি) থাকা অবস্থায় আবারও গ্রেপ্তার হন।
ওয়ারেন পুলিশ কমিশনার এরিক হকিন্স এক বিবৃতিতে বলেন, “তদন্তকারীদের দ্রুত ও নিখুঁত পদক্ষেপ এবং ফেডারেল ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চমৎকার সমন্বয়ের ফলে একজন বিপজ্জনক সন্দেহভাজনকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এই দ্রুত গ্রেপ্তার প্রমাণ করে, শহরের নিরাপত্তা নিশ্চিত করতে ওয়ারেন পুলিশ বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

মিশিগানে ব্যাংক 
ডাকাতির ঘটনা
ফ্ল্যাট রক-এর একটি ব্যাংকে ডাকাতির অভিযোগে ব্রাউনস্টাউন টাউনশিপের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠনের ঠিক পরের মাসেই বাক-এর বিষয়টি সামনে আসে।
চলতি বছর স্টার্লিং হাইটস এবং ব্লুমফিল্ড টাউনশিপে ব্যাংক ডাকাতির ঘটনায় সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com

 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com