এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০২:০৪:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০২:০৪:০৮ পূর্বাহ্ন
কালামাজু, ১১ নভেম্বর : এক দশকেরও বেশি সময় আগে এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে কালামাজুর দুই ব্যক্তির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের নথিপত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য থেকে এ কথা জানা গেছে।
মিশিগান অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সোমবার জানিয়েছে, গত ২ নভেম্বর অনুষ্ঠিত প্রাথমিক শুনানি শেষে বিচারক ৩০ বছর বয়সী হুয়ান এস্তেবান পাজ এবং ৩১ বছর বয়সী মারিও আলেক্সিস রদ্রিগেজ-বারাকাকে কালামাজু কাউন্টি সার্কিট কোর্টে বিচারের মুখোমুখি করার নির্দেশ দিয়েছেন।
উভয়ের বিরুদ্ধে ‘ফার্স্ট-ডিগ্রি ক্রিমিনাল সেক্সুয়াল কন্ডাক্ট’ (First-Degree Criminal Sexual Conduct) বা প্রথম মাত্রার যৌন অপরাধের তিনটি করে অভিযোগ আনা হয়েছে। প্রতিটি অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
তবে মঙ্গলবার পর্যন্ত পাজ ও রদ্রিগেজ-বারাকার বিরুদ্ধে দায়ের করা মামলার আদালতের নথিপত্র পাওয়া যায়নি।
কর্তৃপক্ষের অভিযোগ, ২০১৫ সালে কালামাজুতে রদ্রিগেজ-বারাকার অ্যাপার্টমেন্টে ১৮ বছর বয়সী এক নারীকে যৌন নির্যাতন করেন অভিযুক্তরা।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, পাজের হাইস্কুলের পরিচিত ওই নারীকে তাঁরা অ্যাপার্টমেন্টে আমন্ত্রণ জানান। সেখানে তাঁকে গাঁজা দেওয়া হয় এবং মদ্যপানে উৎসাহিত করা হয়। পরে পাজ ও রদ্রিগেজ-বারাকা তাঁকে একাধিকবার যৌন নির্যাতন করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ করেছেন।
পুলিশ জানায়, ওই নারী ২০১৫ সালেই যৌন নির্যাতনের অভিযোগ জানিয়েছিলেন। পরে গোয়েন্দারা মামলাটি ‘কালামাজু কাউন্টি সেক্সুয়াল অ্যাসল্ট কিট ইনিশিয়েটিভ’ (SAKI)-এর কাছে হস্তান্তর করেন।
২০১৬ সালে চালু হওয়া এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, আগে পরীক্ষা করা হয়নি এমন যৌন নির্যাতনের আলামত সংগ্রহের কিট (Sexual Assault Evidence Kits) পরীক্ষা ও সংশ্লিষ্ট ঘটনাগুলোর তদন্ত করা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা।
মিশিগান অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, কালামাজু কাউন্টি প্রসিকিউটরের কার্যালয় এবং ওয়াইডব্লিউসিএ (YWCA) কালামাজুর যৌথ উদ্যোগে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল এক বিবৃতিতে বলেন, “পুরো অঙ্গরাজ্যে আমাদের ‘সাকি’ (SAKI) ইউনিটগুলো যৌন নির্যাতনের শিকার অনেক মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের এই প্রচেষ্টা এবং সংশ্লিষ্ট অংশীদারদের সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “অনেক ক্ষেত্রেই ঘটনার বহু বছর পরও ন্যায়বিচার পাওয়া সম্ভব। কালামাজুর ‘সাকি’ ইউনিটটি কীভাবে এ ধরনের মামলা আদালত ও জুরির সামনে তুলে ধরতে হয়, তার একটি উজ্জ্বল উদাহরণ।”
তদন্তকারীরা জানিয়েছেন, এ ঘটনা কিংবা পাজ ও রদ্রিগেজ-বারাকার জড়িত থাকার বিষয়ে অন্য কোনো তথ্য কারও জানা থাকলে কালামাজু কাউন্টির ‘সাকি’ (SAKI) তদন্তকারী নিক বোবোর সঙ্গে (২৬৯) ৩০৩-৮৫২৪ নম্বরে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া nicholas.bobo@kalcounty.gov ঠিকানায় ই-মেইল করেও তথ্য জানানো যাবে।
মিশিগানে যৌন
নিপীড়নের আরও 
কয়েকটি ঘটনা
রচেস্টার হিলসে ম্যাসাজ নেওয়ার সময় এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে নর্থ ব্রাঞ্চের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠনের পরের সপ্তাহেই কর্তৃপক্ষ কালামাজুর এই মামলার নতুন তথ্য প্রকাশ করল।
গত মাসে মিশিগান স্টেট ইউনিভার্সিটির এক সাবেক চিকিৎসকের বিরুদ্ধে ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রোগীদের যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়। আগামী মাসে তাঁর আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া গত মাসেই ডেট্রয়েটের এক সাবেক নার্সকে সাইনাই-গ্রেস হাসপাতালে এক রোগীকে যৌন নিপীড়নের দায়ে ১০ থেকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com