মন্দির উন্নয়নে ১০ লাখ টাকা দেবেন হুইপ জি কে গউছ

হবিগঞ্জে ইসকনের স্বপ্নের মন্দির উদ্বোধন : ৫০ হাজার ভক্তের সমাগম

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৩:০২:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৩:০২:৫৫ পূর্বাহ্ন
হবিগঞ্জ, ১৪ নভেম্বর : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হবিগঞ্জ শহরের বগলা বাজারে নবনির্মিত ইসকনের (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) ‘শ্রীশ্রী নৃসিংহ জিউ মন্দির’-এর শুভ উদ্বোধন ও বিগ্রহ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত এ মহোৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিদেশ থেকে আসা প্রায় ৫০ হাজার ভক্ত, দর্শনার্থী ও বৈষ্ণব সন্ন্যাসীর সমাগম ঘটে। তাঁদের পদচারণায় পুরো বগলা বাজার ও আশপাশের এলাকা পরিণত হয় এক বিশাল ধর্মীয় মিলনমেলায়।
শ্রীপাদ উদয় গৌর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট প্রমথ সরকারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম মনসুর মুসা, হুইপের একান্ত সচিব আমিন আল পারভেজ, ইসকনের জ্যেষ্ঠ সন্ন্যাসী শ্রীল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ ও শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজসহ ইসকনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জি কে গউছ বলেন, ইসকন শুধু ধর্মীয় কর্মকাণ্ডের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখেনি; আর্তমানবতার সেবা, মানুষের কল্যাণ এবং বিপদে মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে তারা মানুষের হৃদয় জয় করার চেষ্টা করছে। রাজনীতিবিদদেরও মানুষের জন্য একইভাবে কাজ করা উচিত। তিনি বলেন, ‘ইসকনে যারা আসবেন, তাঁদের সঙ্গে মাদকের কোনো সম্পর্ক থাকবে না। এখানে কোনো দুষ্ট মানুষের স্থান নেই।’ মন্দিরটির অতীত দিনের স্মৃতিচারণা করে হুইপ বলেন, তিনি যখন হবিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তখন মন্দিরটি ছিল অরক্ষিত। মন্দিরের সাধুরা বারান্দায় রাত কাটাতেন। তাঁদের স্বপ্ন ছিল, একদিন এখানে একটি বড় মন্দির প্রতিষ্ঠিত হবে এবং মানুষের পদচারণায় মুখরিত হবে পুরো এলাকা। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। তিনি আরও বলেন, একসময় ইসকনের পাশে দাঁড়াতে অনেকেই সাহস পেতেন না। সেই সময় তিনি সংগঠনটির পাশে দাঁড়িয়েছিলেন। মন্দিরের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমে সহযোগিতার জন্য ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন হুইপ জি কে গউছ। তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম-বর্ণনির্বিশেষে প্রত্যেক নাগরিকের রাষ্ট্রীয় সেবা ও সহযোগিতা পাওয়ার অধিকার রয়েছে। এ ক্ষেত্রে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।’
পবিত্র দামোদর মাস উপলক্ষে আয়োজিত এ মহোৎসবকে ঘিরে কয়েক দিন ধরেই মন্দির এলাকায় ছিল উৎসবের প্রস্তুতি। উদ্বোধন ও বিগ্রহ প্রতিষ্ঠার আগে অনুষ্ঠিত হয় অধিবাস, বিশেষ পূজার্চনা এবং দিনব্যাপী কীর্তন উৎসব। দেশ-বিদেশ থেকে আসা ভক্ত ও বৈষ্ণব সন্ন্যাসীদের অংশগ্রহণে পুরো আয়োজন পায় আন্তর্জাতিক ধর্মীয় সমাবেশের রূপ।
উদ্বোধন উপলক্ষে মন্দির কমপ্লেক্স সাজানো হয় বর্ণিল আলোকসজ্জা ও ফুলের সাজে। হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম সামাল দিতে নির্মাণ করা হয় বিশাল প্যান্ডেল। তাঁদের জন্য মহাপ্রসাদ বিতরণেরও বিশেষ ব্যবস্থা রাখা হয়।
অনুষ্ঠানের বিভিন্ন পর্ব গৌরদেশ টিভি ও ইসকন ইয়ুথ ফোরাম সিলেটসহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইসকনের শীর্ষস্থানীয় মহারাজগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com