আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের  অভিযোগ, চট্টগ্রামে এসপি গ্রেপ্তার

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০২:৫৮:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০২:৫৮:২১ পূর্বাহ্ন
চট্টগ্রাম, ১৫ নভেম্বর : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে নজরদারিতে থাকা চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী।
পুলিশ সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর শনিবার (১৪ নভেম্বর) রাতে এ ঘটনায় মামলা নথিভুক্ত করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি করেন। পরে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।
ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী সংবাদ মাধ্যমকে  জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপার মোহাম্মদ জাহাংগীর আলমকে নজরদারিতে রাখা হয়েছিল। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে তিনি সরকারি কর্মকর্তা হওয়ায় গ্রেপ্তারের আগে কিছু আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়েছে। এ জন্য গত ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। মন্ত্রণালয়ের জবাব পাওয়ার পর শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ জাহাংগীর আলম চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়ার পর গত ১০ নভেম্বর তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর থেকে তাঁকে কর্মস্থলে নজরদারিতে রাখা হয়েছিল।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com