ট্রাম্প, ভ্যান্স ও সিনেট নিয়ে যা বললেন এল-সায়েদ

প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত, সম্পন্ন ওরিয়েন্টেশন

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১০:০৩:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১০:০৩:১০ অপরাহ্ন
মিশিগানের নবনির্বাচিত সিনেটর আব্দুল এল-সায়েদ ও তাঁর স্ত্রী ডা. সারা জুকাকু ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ওয়াশিংটন ডিসির ন্যাশনাল আর্কাইভসে মিশিগানকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক মূল নথিপত্র পরিদর্শন করছেন/Courtesy Of Abdul El-Sayed

ওয়াশিংটন, ১৫ নভেম্বর : মিশিগান থেকে নবনির্বাচিত ডেমোক্র্যাটিক সিনেটর আব্দুল এল-সায়েদ গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে তাঁর ওরিয়েন্টেশন সম্পন্ন করেছেন। এ সময় তিনি আরও ১৭ জন নবনির্বাচিত সিনেটরের সঙ্গে বিভিন্ন ব্রিফিংয়ে অংশ নেন এবং ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা পরিদর্শন করেন।
জনস্বাস্থ্য বিভাগের সাবেক এই কর্মকর্তা গত ৩ নভেম্বরের নির্বাচনে হোয়াইট লেক টাউনশিপের রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে ৭ শতাংশ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হিসেবে ইতিহাস গড়েন।
গত ১২ নভেম্বর ক্যাপিটল হিলে নিজের অস্থায়ী কার্যালয়ে ‘দ্য ডেট্রয়েট নিউজ’-এর সাংবাদিক মেলিসা ন্যান বার্ক ও গ্র্যান্ট শোয়াবের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকারে অংশ নেন আব্দুল এল-সায়েদ। প্রশ্নোত্তরভিত্তিক ওই সাক্ষাৎকারে তিনি তাঁর সর্বজনীন স্বাস্থ্যসেবা পরিকল্পনার নাম ‘ট্রাম্পকেয়ার’ (Trumpcare) রাখার প্রস্তাব, সিনেট ডেমোক্র্যাটদের নেতৃত্বে তাঁর পছন্দের প্রার্থী এবং নির্বাচনী বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে ‘হাবিবি’ (Habibi) বলে সম্বোধন করার পেছনের তাৎপর্যসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

প্রশ্ন: কেমন বোধ করছেন?
উত্তর: আমি গভীর কৃতজ্ঞতা অনুভব করছি। একই সঙ্গে অনুভব করছি অনেক দায়িত্ব। কিছুটা ক্লান্তও বোধ করছি, তবে আশাবাদী। নতুন সহকর্মীদের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ হয়েছে। তাঁরা সবাই চমৎকার মানুষ। আগে থেকেই এখানে কাজ করছেন, এমন অনেকের সঙ্গেও সময় কাটানোর সুযোগ হয়েছে। সবাই আমাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।
সবাই বুঝতে পারছেন, আমরা এখন একটি বিশেষ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। তবে আমরা জনগণের কাছ থেকে পূর্ণ ম্যান্ডেট বা নিরঙ্কুশ জনসমর্থন পেয়েছি, এমন নয়। বরং এই নির্বাচন ছিল ডোনাল্ড ট্রাম্প ও ‘ট্রাম্পবাদ’-এর বিরুদ্ধে একটি ভোট। আগামী দুই বছরে আমাদের প্রধান কাজ হবে জনগণের আস্থা অর্জন করা। আর সেই আস্থা নির্ভর করবে আমরা কীভাবে দেশ পরিচালনা করি, তার ওপর।

প্রশ্ন: মিশিগান থেকে নির্বাচিত নতুন এক প্রতিনিধি এ সপ্তাহে আমাকে বলেছেন, ‘এই মুহূর্তের দাবি পূরণে আমি তীব্র তাগিদ অনুভব করছি।’ আপনার কাছে এই মুহূর্তের দাবি পূরণ করার অর্থ কী? আপনাকে কী করতে হবে?
উত্তর: খারাপ কাজগুলো বন্ধ করতে হবে এবং ভালো কাজগুলো করতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, শুল্ক বা ট্যারিফজনিত সমস্যা সমাধান করতে হবে। এসব নীতির কারণে মানুষ চাকরি হারাচ্ছে এবং জীবনযাত্রার ব্যয় বাড়ছে। যুদ্ধের বিষয়টিও মোকাবিলা করতে হবে। কারণ এর আর্থিক চাপ আমাদের বহন করতে হচ্ছে জ্বালানি তেলের পাম্প থেকে শুরু করে মুদি দোকানের কেনাকাটা পর্যন্ত। একই সঙ্গে মেডিকেইড (Medicaid) খাতে কাটছাঁটের ফলে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় যে বিপর্যয় নেমে আসার আশঙ্কা রয়েছে, তা থেকে আমেরিকানদের রক্ষা করতে হবে।
এরপর দেখতে হবে, মানুষের সামনে থাকা বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা কতটা কার্যকর ভূমিকা রাখতে পারি। আমরা কি করপোরেট একচেটিয়া আধিপত্য ও মুষ্টিমেয় প্রতিষ্ঠানের বাজার নিয়ন্ত্রণের বিরুদ্ধে দাঁড়াতে পারব? আমরা কি ‘পিআরও অ্যাক্ট’ (PRO Act—Protecting the Right to Organize) পাস করতে পারব, যাতে আমেরিকার প্রতিটি কর্মক্ষেত্রে শ্রমিকদের ইউনিয়ন গঠন একটি স্বাভাবিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়? আমরা কি সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারব? আমাদের সামনে এটাই বড় সুযোগ।
সুতরাং, দায়িত্ব শুধু অনিয়ম ও অপকর্ম বন্ধ করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের কল্যাণে ইতিবাচক পরিবর্তন আনাও এর অংশ। আগামী দুই বছর পরও যদি মানুষের জীবনের আর্থিক ও সামাজিক চাপ কিছুটা কমাতে না পারি, তাহলে বুঝতে হবে, আমরা আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি।

প্রশ্ন: আপনি এমন এক সময়ে দায়িত্ব নিতে যাচ্ছেন, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সরকার রাজনৈতিকভাবে বিভক্ত থাকবে। সিনেটে আপনার দলের এমন সংখ্যাগরিষ্ঠতা নেই, যার মাধ্যমে সহজেই ‘ফিলিবাস্টার’ (আইন প্রণয়নে বিরোধীদের দীর্ঘ বিতর্কের মাধ্যমে বাধা সৃষ্টি) মোকাবিলা করা সম্ভব। এ পরিস্থিতি কীভাবে সামাল দেবেন? ট্রাম্প ও রিপাবলিকানদের সঙ্গে কাজ করে কীভাবে বাস্তব অগ্রগতি অর্জনের পরিকল্পনা করছেন?
উত্তর: আমার মনে হয়, রাজনৈতিক বিশ্লেষণে প্রায়ই ধরে নেওয়া হয় যে মানুষ খুব অনমনীয় কিংবা সহজে নিজেদের অবস্থান পরিবর্তন করে না। কিন্তু বাস্তবতা ভিন্ন। বর্তমানে অনেক রিপাবলিকানই ভাবছেন, তাঁদের দলের ভবিষ্যৎ কী হতে পারে। কারণ ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতই অতীতের একটি অধ্যায়। এখন প্রশ্ন হলো, তাঁরা আমাদের সঙ্গে মিলে বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করতে আগ্রহী কি না। বিভিন্ন অপ্রত্যাশিত মহল থেকে আমি যে সাড়া পেয়েছি, তাতে মনে হচ্ছে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আগ্রহী। অনেকেই। কারণ তাঁরা বুঝতে পারছেন, পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে। উদাহরণ হিসেবে মেডিকেইড (Medicaid) কর্মসূচিতে বাজেট কাটছাঁটের বিষয়টি বলা যায়। এর সবচেয়ে ভয়াবহ প্রভাব কোথায় পড়বে জানেন? গ্রামীণ জনপদগুলোতে। আপনি যদি আইডাহো, ওয়াইওমিং, মন্টানা কিংবা ডাকোটা অঙ্গরাজ্যগুলোর বাসিন্দা হন, তাহলে জেনে রাখুন, এ ধরনের কাটছাঁট পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। রিপাবলিকানরাও বিষয়টি জানেন। তাঁদের নির্বাচনী এলাকার হাসপাতালগুলোর প্রধান নির্বাহীরা (সিইও) ফোন করে বলছেন, ‘এটি অত্যন্ত খারাপ সিদ্ধান্ত।’ সুতরাং, ডেমোক্র্যাটরা যখন এই বাজেট কাটছাঁট ঠেকানোর সুযোগ দিচ্ছেন, তখন সেই সুযোগ গ্রহণ করাই হবে বুদ্ধিমানের কাজ।

প্রশ্ন: আপনি বলেছেন, অপ্রত্যাশিত বিভিন্ন জায়গা থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন। এর মধ্যে কি ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন? প্রেসিডেন্টের সঙ্গে কি আপনার কথা হয়েছে?
উত্তর: প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা হয়নি। তবে তাঁর সঙ্গে ফোনে কথা বলতে আমি প্রস্তুত। ধরুন, ‘ট্রাম্পকেয়ার ফর অল’ (Trumpcare for All)—এমন কোনো উদ্যোগ নেওয়া যেতে পারে!

প্রশ্ন: ... আপনি তাকে কী বলবেন?
উত্তর: দেখুন, মিশিগানে আমার জয়ের ব্যবধান তাঁর জয়ের ব্যবধানের চেয়ে অনেক বেশি ছিল। তাই তিনি চাইলে নিজেই আমাকে ফোন করতে পারেন। আমরা আলোচনা করতে পারি, কীভাবে জনগণের জন্য কাজ করা সম্ভব। সুতরাং, হ্যাঁ, আমি আলোচনায় আগ্রহী। যে কারও সঙ্গে কথা বলতে আমি প্রস্তুত। এমনকি আমার পুরো কর্মজীবনজুড়ে যে গুরুত্বপূর্ণ ইস্যুর জন্য লড়াই করে আসছি, তার সঙ্গে তাঁর নাম যুক্ত করতেও আমার আপত্তি নেই! প্রয়োজনে আমার বইয়ের নামও পরিবর্তন করতে রাজি আছি। আমরা এর নাম দিতে পারি ‘ট্রাম্পকেয়ার ফর অল’ (Trumpcare for All)—যদি তিনি তা চান।
প্রশ্ন: দ্বিতীয় সংস্করণ?
উত্তর: দ্বিতীয় সংস্করণ! আমি একজন পেশাদার মানুষ। রাজনীতি থেকে অর্থের প্রভাব দূর করা, সাধারণ মানুষের পকেটে অর্থ পৌঁছে দেওয়া এবং ‘ট্রাম্পকেয়ার ফর অল’ পাস করানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমি যে কারও সঙ্গে কাজ করতে প্রস্তুত।

প্রশ্ন: এই প্রশ্নটি করার কারণ হলো, নির্বাচনী প্রচারণার সময় বেশ কিছু অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছিল। আগামী বছর সিনেটে যেসব সদস্যের সঙ্গে আপনাকে কাজ করতে হবে, তাঁদের মধ্যে কেউ কেউ...
উত্তর: কারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তা জানলে আপনি অবাক হবেন।

প্রশ্ন: তাঁদের নাম কি বলতে পারেন?
উত্তর: ব্যক্তিগত কথোপকথন আমি ব্যক্তিগতই রাখতে চাই। আপনারা তো তা জানেনই।

প্রশ্ন: ওহাইও থেকে কি কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেছেন?
উত্তর: দেখুন, ওহাইও অঙ্গরাজ্যের প্রতি আমার তীব্র অনীহা থাকা সত্ত্বেও সেখানকার কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা বুঝতে পারছেন, অটোমোবাইল শিল্প রক্ষা এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের ভবিষ্যৎ অভিন্ন।
এখানে একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমার মনে হয়, অনেক রিপাবলিকানই এখন সবাইকে অবাক করে দেবেন। ডোনাল্ড ট্রাম্প অনেক ক্ষমতা হারিয়েছেন, তিনি নিজেও তা জানেন। স্টিফেন মিলারকে চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়ার অর্থ হলো, তাঁরা এখন নিজেদের অবস্থান আরও শক্তভাবে ধরে রাখার চেষ্টা করছেন।

প্রশ্ন: ওহাইওর প্রসঙ্গ যখন এলই, এবার জে ডি ভ্যান্সের কথা বলা যাক।
উত্তর: আমরা ওহাইওর নাম নেব না। বরং একে ‘দক্ষিণের অঙ্গরাজ্য’ বলে উল্লেখ করব। হ্যাঁ, দক্ষিণের অঙ্গরাজ্য!

প্রশ্ন: সেই দক্ষিণের অঙ্গরাজ্য থেকেই আসা একজন ভদ্রলোক জানুয়ারিতে আপনাকে শপথ পাঠ করাবেন। জানতে চাই, আপনি কোন পবিত্র গ্রন্থের ওপর হাত রেখে শপথ নেবেন?
উত্তর: আমি পবিত্র কুরআনের ওপর হাত রেখে শপথ নেব।

প্রশ্ন: আপনি কি ইতিমধ্যে ঠিক করেছেন, কোন কুরআনটি ব্যবহার করবেন, নাকি এখনো সিদ্ধান্ত নেননি?
উত্তর: এ ক্ষেত্রে দুটি কুরআনের কথা বিবেচনায় রয়েছে। একটি হলো থমাস জেফারসনের কুরআন। অন্যটি মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত একটি কপি, যা মিশিগান অঙ্গরাজ্যে পাওয়া প্রথম কুরআন হিসেবে পরিচিত। তাই দ্বিতীয়টিও হতে পারে।

প্রশ্ন: এটি কত বছরের পুরনো?
উত্তর: কয়েকশ বছরের পুরনো। তাই সেটিও বিবেচনায় রয়েছে।

প্রশ্ন: আপনি কি কুরআনটি আগে দেখেছেন?
উত্তর: না। তবে হ্যাঁ, মানে—(জে ডি ভ্যান্সের প্রসঙ্গ টেনে) তিনি যদি পরিস্থিতি অস্বস্তিকর করে তুলতে না চান, তাহলে এটি অস্বস্তিকর হওয়ার কোনো কারণ নেই।
প্রশ্ন: তারা কি ইতিমধ্যে আপনাকে ন্যাশনাল আর্কাইভসে নিয়ে গিয়েছিল?
উত্তর: এই নলাকার কাগজের বাক্সটির (নথিপত্র রাখা টিউবের দিকে ইঙ্গিত করে) ভেতরে মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রথম সিনেটরের সঙ্গে সম্পর্কিত কিছু নথিপত্র রয়েছে। আমি এখনো এটি খুলে দেখিনি। আপনি কি দেখতে চান?

প্রশ্ন: নবনির্বাচিত প্রত্যেক আইনপ্রণেতাকে কি এ ধরনের নথিপত্র দেওয়া হয়?
উত্তর: আমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা কপি তৈরি করা হয়েছিল। মিশিগানকে অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার মূল নথিপত্রগুলোর ছবিও আমার কাছে রয়েছে। সেগুলো দেখার সুযোগ আমরা পেয়েছিলাম।
এই যে দেখুন, এটি মিশিগান থেকে নির্বাচিত ‘ক্লাস টু’ (দ্বিতীয় শ্রেণিভুক্ত) সিনেটর উইলিয়াম উডব্রিজের নির্বাচনের সনদ। অর্থাৎ, প্রযুক্তিগতভাবে আমিও ‘ক্লাস টু’-এর অন্তর্ভুক্ত। সিনেটরদের আসন বিন্যাসে ‘ক্লাস ওয়ান’ ও ‘ক্লাস টু’—এমন দুটি শ্রেণি রয়েছে।

প্রশ্ন: এটি কত সালের?
উত্তর: ১৮৪১ সালের। এখানে কী আছে, তা ঠিক বুঝতে পারছি না। এটি ‘বিল অব রাইটস’ (অধিকার সনদ)। হ্যাঁ, ঠিক তাই। আর এই কার্টুনটি কী, সেটিও আমাকে খুঁজে বের করতে হবে। এটি ১৯১২ সালের... মনে হচ্ছে, বিশেষভাবে বাছাই করা কিছু ঐতিহাসিক নথিপত্র এখানে রাখা হয়েছে।

প্রশ্ন: দারুণ তো!
উত্তর: হ্যাঁ, আমাদের আসনটির সাথে সম্পর্কিত।

প্রশ্ন: ওটা কি জর্জ ওয়াশিংটন? একবার দেখুন তো!
উত্তর: এটি সিনেটের প্রথম কার্যবিবরণী (জার্নাল)। সত্যি বলতে, এসব বিষয় বেশ রোমাঞ্চকর। এ কথা অস্বীকার করার উপায় নেই।

প্রশ্ন: গত এক সপ্তাহে এমন কোনো মুহূর্ত কি এসেছে, যা আপনার মনে গভীরভাবে দাগ কেটেছে?
উত্তর: এমন বেশ কয়েকটি মুহূর্ত এসেছে। প্রথমত, এখানে এসে যখন ক্যাপিটল ভবনটি দেখলাম, তখন মনে হয়েছিল, ‘ওহ, ওই তো ক্যাপিটল!’ নিজেকেই বললাম, ‘একটু দাঁড়াও!’ সত্যিই সেটি ছিল এক অসাধারণ অনুভূতি।
আপনাকে একটি ছবি দেখাই। আমার সহকর্মী অ্যাডাম হ্যামিল্টন ছবিটি তুলেছেন। এতে আমাকে ও সারাহকে দেখা যাচ্ছে। আমরা তখন মিশিগানকে অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার মূল ঐতিহাসিক নথিপত্রগুলোর সামনে দাঁড়িয়ে ছিলাম।
আরেকটি বিশেষ মুহূর্তের কথা বলি। আমরা যখন ন্যাশনাল আর্কাইভসে যুক্তরাষ্ট্রের সংবিধান দেখছিলাম, তখন সেখানে কর্মরত একজন ব্যক্তি আমাকে বললেন, ‘আমি আপনাকে এ বিষয়ে আগে কথা বলতে শুনেছি।’ বিষয়টি আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ। কারণ, এই সংবিধানই আমাকে আমার নিজস্ব বিশ্বাস ও রীতি অনুযায়ী প্রার্থনা করার অধিকার দিয়েছে। এমন আরও কয়েকটি স্মরণীয় মুহূর্ত এসেছে।

প্রশ্ন: মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হোলেনকে নিয়ে আমাদের আগে কিছুটা কথা হয়েছিল। আপনি চেয়েছিলেন, তিনি যেন সিনেট ডেমোক্র্যাটদের নেতা হন।
উত্তর: দেখুন, গত গ্রীষ্মকাল থেকেই আমি এই ধারণার পক্ষে অবস্থান নিয়ে আসছি।

প্রশ্ন: এখন মনে হচ্ছে, তিনি হয়তো বিষয়টি বিবেচনা করছেন। চাক শুমারের তুলনায় তাঁর মধ্যে কী ভিন্নতা রয়েছে?
উত্তর: তিনি ঝুঁকি নিতে পারেন। উদাহরণ হিসেবে কিলমার আব্রেগো গার্সিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ ছিল। রাশিয়ার সীমান্তে যাওয়াও ছিল তেমনই একটি পদক্ষেপ। একই সঙ্গে সিনেট পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতাও তাঁর রয়েছে। তিনি ডেমোক্র্যাটিক সিনেটোরিয়াল ক্যাম্পেইন কমিটি (ডিএসসিসি) পরিচালনা করেছেন।
আপনি যদি এমন কাউকে খোঁজেন, যাঁর মধ্যে আইন প্রণয়নের দক্ষতা ও রাজনৈতিক বিচক্ষণতা রয়েছে এবং যিনি ঝুঁকি নিতেও প্রস্তুত, তাহলে তিনিই সেই ব্যক্তি। তাঁর অনেক রাজনৈতিক অবস্থানের সঙ্গেও আমি একমত। আমার মনে হয়, এই দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় মানসিক দৃঢ়তাও তাঁর রয়েছে। তিনি তাঁর কর্মজীবনের বেশিরভাগ সময় আইনপ্রণেতা হিসেবে কাটিয়েছেন। ৫৬ জন সহকর্মীকে নিয়ে গঠিত একটি দল কীভাবে নেতৃত্ব দিতে হয়, সেটিও তিনি ভালোভাবেই বোঝেন। এসব কারণেই আমার মনে হয়, এই পদের জন্য তিনি অসাধারণ একজন প্রার্থী হবেন।
প্রশ্ন: আপনার কি মনে হয়, নেতা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে চাক শুমার কিছুটা বেশি সতর্ক?
উত্তর: গত তিন মাসে চাক শুমারের সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। প্রাইমারি নির্বাচনের সময় আমাদের মধ্যে মতপার্থক্য ছিল ঠিকই, তবে সাধারণ নির্বাচনের ক্ষেত্রে তিনি অত্যন্ত বাস্তববাদী ভূমিকা পালন করেছেন। তিনি নিজে এবং তাঁর অধীনস্থ প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ব্যক্তিগতভাবে আমি তাঁকে পছন্দ করি। তবে আমার মনে হয়, বর্তমান সময়ে নতুন নেতৃত্বের প্রয়োজন। আমরা যে ঐতিহাসিক জনসমর্থন পেয়েছি, তার অর্থ এই নয় যে আমরা আবার আগের অবস্থায় ফিরে যাব। এই জনসমর্থন বর্তমান নেতৃত্বের প্রতি আস্থার প্রকাশ ছিল না; বরং এটি ছিল ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনগণের স্পষ্ট প্রত্যাখ্যান। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, জনগণের প্রত্যাশা পূরণে আমরা কী পদক্ষেপ নেব? সে কারণেই আমার মনে হয়, আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে।

প্রশ্ন: প্রচারণার সময় মানুষের কাছ থেকেও কি আপনারা এমনটাই শুনেছেন?
উত্তর: হ্যাঁ, বেশ ভালোভাবেই শুনেছি।

প্রশ্ন: আপনার ও সারার জন্য মেয়েদের কাছে বিষয়টি ব্যাখ্যা করা কতটা সহজ ছিল? যেমন, ‘বাবা এখন কী করতে যাচ্ছেন?’—এ বিষয়ে তাঁদের সঙ্গে কীভাবে কথা বলেছেন?
উত্তর: আমার তিন বছর বয়সী মেয়ের এ বিষয়ে কোনো ধারণাই নেই। আমি বাড়িতে থাকলেই সে খুশি। আশা করি, কোনো একদিন তাকে বলতে পারব, আমার জীবনে সে-ই একমাত্র ব্যক্তি ছিল, যে এই নির্বাচনী লড়াই নিয়ে কখনো মাথা ঘামায়নি। বিষয়টি আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আমার আট বছর বয়সী মেয়ে বিষয়টি বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে, বিশেষ করে নির্বাচনে জয়ের পর। কারণ সবাই তাকে বলছে, ‘তোমার পরিবার ইতিহাস গড়েছে।’ নির্বাচনে জয়ের পরদিন স্কুলে গেলে সবাই হাততালি দিয়ে তাকে স্বাগত জানায়। এটি ছিল সত্যিই একটি বিশেষ মুহূর্ত। আমার মনে হয়, সে এখন বিষয়টির গুরুত্ব বুঝতে পারছে। আমরাও তাকে ধীরে ধীরে এই বাস্তবতার জন্য প্রস্তুত করছিলাম।
অবশ্য এমন নয় যে, আমি বাড়িতে বসে অলস সময় কাটাচ্ছিলাম! তবে কঠিন দিকটি হলো, এখন আমাকে অনেকটা সময় বাড়ির বাইরে থাকতে হবে। তাই এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য মেয়েরাও ধীরে ধীরে মানসিকভাবে প্রস্তুত হচ্ছে।

প্রশ্ন: মেয়েদেরও কি ওয়াশিংটনে নিয়ে আসার কথা ভেবেছেন?
উত্তর: আমরা বিষয়টি ভেবেছিলাম। তবে বাস্তবে এর তেমন কোনো যৌক্তিকতা খুঁজে পাইনি। আমাদের পুরো পরিবার এবং প্রয়োজনীয় সহযোগীরা মিশিগানেই থাকেন। দায়িত্ব যথাযথভাবে পালন করতে হলে এমনিতেই আমাকে মিশিগানে অনেকটা সময় কাটাতে হবে।
তাছাড়া, ওয়াশিংটন খুব বেশি দূরে নয়। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বড়জোর তিন ঘণ্টা সময় লাগে। তাই খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।
আর সবচেয়ে বড় কথা, আমি মিশিগানকেই বেশি ভালোবাসি। ওয়াশিংটন ডিসি খারাপ নয়, তবে মিশিগান আমার বেশি পছন্দ। আমি আমার সময়টা সেখানেই কাটাতে চাই।
এসব বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছি, ওয়াশিংটনেও আমার একটি থাকার জায়গা থাকা প্রয়োজন। তবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওয়াশিংটনে থাকব, আর শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সময় কাটাব মিশিগানে।

প্রশ্ন: ‘খ্যাতি’ কিংবা এ ধরনের বিষয়গুলো নিয়ে মেয়েদের সঙ্গে কীভাবে কথা বলেন? বিষয়টি তাদের কাছে কীভাবে ব্যাখ্যা করেন?
উত্তর: আমরা সব সময় তাদের ব্যক্তিগত জীবন ও নিরাপত্তা সুরক্ষিত রাখার চেষ্টা করেছি। খেয়াল করলে দেখবেন, আমরা কখনোই তাদের মুখ প্রকাশ করি না। এ বিষয়ে আমরা অত্যন্ত সচেতন। এমনকি শপথ গ্রহণের মতো আনুষ্ঠানিক অনুষ্ঠানেও কীভাবে তাদের আড়ালে রাখা যায়, তা নিয়ে ভাবছি। আমি চাই, তারা নিজেদের মতো করে স্বাভাবিক জীবন কাটাক।
স্বাভাবিকভাবেই, এর সঙ্গে নিরাপত্তার ঝুঁকিও জড়িয়ে রয়েছে। তাদের এসব ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে আমরা খুবই সতর্ক। নির্বাচনে প্রার্থী হওয়ার সময় জানতাম, মার্কিন সিনেটর হতে চাইলে মানুষের কাছে পরিচিত হওয়া জরুরি। কিন্তু পরিস্থিতি যে এমন পর্যায়ে পৌঁছাবে, তা বুঝতে পারিনি। আমাদের ব্যক্তিগত জীবনের অনেক কিছু হারিয়ে যাওয়ায় এখন এক ধরনের শূন্যতা ও বেদনা অনুভব করছি।
যেমন, আগে হঠাৎ কোনো একদিন মনে হতো, চলো আইসক্রিম খেতে যাই। এখন আর চাইলেই সেভাবে বের হওয়ার সুযোগ নেই। পরিবারের সবার নিরাপত্তাব্যবস্থা অনেক জোরদার করতে হয়েছে। আমরা মেয়েদের সঙ্গে কথা বলে পুরো পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেছি।
এই পুরো প্রক্রিয়ায় সারাহ অবিচল শক্তির উৎস হয়ে পাশে থেকেছে। কী ঘটছে এবং কেন ঘটছে, তা সে-ই মেয়েদের বুঝিয়ে বলেছে।
এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, তারা বুঝতে শিখেছে, জনসমক্ষে গেলে মানুষ আমার কাছে আসবে, ছবি তোলার অনুরোধ করবে। আর তখন কী করতে হবে, সেটিও তারা জানে। শিশুদের সবচেয়ে ভালো দিক হলো, তারা খুব সহজেই যেকোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে। কোনো কিছু একবার তাদের জীবনের অংশ হয়ে গেলে, সেটিই তাদের কাছে স্বাভাবিক হয়ে ওঠে।
আমার দায়িত্ব হলো, এই বিষয়টিকে তাদের জীবনে যতটা সম্ভব সীমিত রাখা এবং তাদের নিজস্ব জীবনকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করে তোলা।
আমার আশা, তারা যখন আরেকটু বড় হবে, তখন এসব বিষয় নিয়ে পড়বে। আর আমরা যদি তাদের ব্যক্তিগত জীবন এতটাই সুরক্ষিত রাখতে পারি, তাহলে হয়তো একদিন তারা অবাক হয়ে বলবে, ‘এসব তো আমি জানতামই না!’
আমি যেমন একজন আদর্শ জনপ্রতিনিধি হতে চাই, তেমনি ব্যক্তিগত জীবনেও প্রিয়জনদের জন্য একজন সেরা মানুষ হয়ে থাকতে চাই।

প্রশ্ন: শপথ গ্রহণ অনুষ্ঠানে কি আপনি তাদের নিয়ে আসবেন?
উত্তর: হ্যাঁ, তারা থাকবে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর যখন আমি বিজয়ী ভাষণ দিচ্ছিলাম, তখন সেরিন ঘুমিয়ে পড়েছিল। তবে এমালি পেছনেই ছিল এবং সে পুরো বক্তৃতা শুনেছে। এখন ‘জেডি হাবিবি’ (JD Habibi) কথাটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। মজার বিষয় হলো, এমালি আমাকে জিজ্ঞেস করেছিল, ‘একটু দাঁড়াও, এটা কি তোমার বক্তৃতার অংশ ছিল?’ আমি বলেছিলাম, ‘হ্যাঁ, এটি আমার বক্তৃতারই অংশ।’

প্রশ্ন: আচ্ছা, বিজয়ী ভাষণের ওই মুহূর্তটি কি আগে থেকেই পরিকল্পনা করা ছিল? কারণ পরে দেখা গেল, গুগলে ‘হাবিবি’ শব্দটি ট্রেন্ড করছে।
উত্তর: না, এটি আগে থেকে পরিকল্পনা করা ছিল না। তবে মুহূর্তটি ছিল বিশেষ। আমি সব সময় সবার প্রতি সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করি।
সত্যি বলতে, জেডি ভ্যান্সের আমি খুব একটা ভক্ত নই। তবে একবার ভাবুন, প্রতিদিন তাঁকে যে ধরনের ভণ্ডামির মধ্য দিয়ে যেতে হয়, তাতে মনে হয় তাঁর ভেতরের মানুষটি নিশ্চয়ই ভীষণভাবে বিপর্যস্ত।
তিনি একদিকে যেমন বুদ্ধিমান, অন্যদিকে আবার সবচেয়ে নির্বোধ ব্যক্তির নির্দেশ মেনে চলেন। তিনি এমন এক আমেরিকার কথা বলেন, যা কেবল ‘রক্ত ও মাটি’ (Blood and Soil) মতাদর্শের ওপর প্রতিষ্ঠিত—অথচ তাঁর নিজের পরিবারেই সেই ধারণার প্রতিফলন নেই। এ ধরনের মানসিক দ্বন্দ্ব (Cognitive Dissonance) বজায় রাখতে একজন মানুষকে ভেতর থেকে কতটা বিপর্যস্ত হতে হয়, তা সহজেই অনুমেয়।
আমার কথার পেছনে একটা অনুভূতি ছিল অনেকটা এমন—‘ওহ, হাবিবি, তোমার জন্য আমার খারাপ লাগছে।’ একই সঙ্গে এটাও বলতে চেয়েছি, ‘হাবিবি, আমি তো তোমাকে হারিয়েই দিয়েছি। আর যখন তুমি আমাকে শপথ পড়াবে, তখন গোটা বিশ্ব দেখবে যে আমি তোমাকে পরাজিত করেছি।’
সুতরাং, যা করার করো!

প্রশ্ন: গত সপ্তাহে ‘হাবিবি পিএসি’ (Habibi PAC)-এর নাম ঘোষণা করার পেছনেও কি আংশিকভাবে এই ভাবনাটি কাজ করেছিল?
উত্তর: (চোখ টিপে) যা করার করো!
Source & Photo: http://detroitnews.com

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com