সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ

আপলোড সময় : ২০-১১-২০২৬ ০২:৫৬:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ০২:৫৬:৩০ পূর্বাহ্ন
সিলেট, ২০ নভেম্বর : সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবন লক্ষ্য করে বোমাসদৃশ বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। হামলাকারীরা এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার সময় বাসভবনে প্রতিমন্ত্রীর বাবা-মা অবস্থান করছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। বাসভবনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে দুই ব্যক্তি বাসভবনের গেট লক্ষ্য করে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে স্থানীয়দের দাবি। হামলার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। আগুনের উৎস সম্পর্কে স্থানীয় বাসিন্দা ও পুলিশের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। কয়েকজন স্থানীয় বাসিন্দার দাবি, বাসার সামনে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছিল। তবে পুলিশের ভাষ্য, কাপড় বা কাগজজাতীয় কোনো বস্তুতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।
সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। এ সময় তিনি বলেন, ভোর সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে দুই ব্যক্তি একটি বোমাসদৃশ বস্তু বাসার গেটে নিক্ষেপ করে পালিয়ে যায়। দেশের শান্তিপূর্ণ পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ধরনের অপকর্ম করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
কয়েস লোদী আরও বলেন, মানুষ যখন ঘুমিয়ে থাকে এবং রাস্তাঘাট ফাঁকা থাকে, তখনই নাশকতা ঘটানোর জন্য এ সময়টিকে বেছে নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।
এদিকে, শুক্রবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটে পৌঁছানোর কথা রয়েছে। তাঁর সফরের আগে বাসভবনে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com