একসময় প্রার্থনায় মুখর, আজ হাতুড়ির আঘাতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক গির্জা

আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৩:১৯:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৩:১৯:১৮ পূর্বাহ্ন
ছবি : ২০২৬ সালের ২০ নভেম্বর, শুক্রবার। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের পশ্চিম ডেট্রয়েটে ওকম্যান বুলেভার্ডে অবস্থিত ঐতিহাসিক ‘সেন্টস কনস্টানটাইন অ্যান্ড হেলেন গ্রিক অর্থোডক্স চার্চ’ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। একসময় গ্রিক-আমেরিকান সম্প্রদায়ের উপাসনালয় হিসেবে ব্যবহৃত ভবনটির মিনার ভাঙছেন এক কর্মী/Max Reinhart, The Detroit News

ডেট্রয়েট, ২১ নভেম্বর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক গির্জা ভবন ভেঙে ফেলার কাজ শুরু করেছেন কর্মীরা।
‘হিস্টোরিক ডেট্রয়েট’-এর তথ্য অনুযায়ী, ওয়েস্ট শিকাগো স্ট্রিটের কাছে ৪৮০১ ওকম্যান বুলেভার্ডে অবস্থিত ভবনটি একসময় ‘সেন্টস কনস্টানটাইন অ্যান্ড হেলেন গ্রিক অর্থোডক্স চার্চ’ হিসেবে পরিচিত ছিল। ১৯৪৮ সালে নির্মিত এই গির্জাটি মূলত ওই এলাকার গ্রিক-আমেরিকান সম্প্রদায়ের উপাসনালয় হিসেবে ব্যবহৃত হতো।
২০১৩ সালে গির্জাটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে ভবনটির অবস্থার ক্রমাগত অবনতি ঘটে। গত ২০ নভেম্বর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একজন কর্মী জ্যাকহ্যামার দিয়ে গির্জার একটি মিনার ভাঙছেন। এ সময় অন্য একজন কর্মী ধুলাবালি নিয়ন্ত্রণে পানি ছিটাচ্ছিলেন।
‘হিস্টোরিক ডেট্রয়েট’-এর তথ্যমতে, স্থপতি আর্থার গ্রেগ জুনিয়র বাইজেন্টাইন স্থাপত্যশৈলীতে গির্জাটির নকশা করেন। এক হাজার আসনবিশিষ্ট এই উপাসনালয়ের মেঝের নকশা ছিল গ্রিক ক্রসের আদলে। এর অন্যতম বৈশিষ্ট্য ছিল ৩৬ ফুট উঁচু তামার গম্বুজ। ১৯৫০ সালের ১৬ এপ্রিল গির্জাটি আনুষ্ঠানিকভাবে উৎসর্গ করা হয়।
গির্জাটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গ্রিক সম্প্রদায়ের বাসিন্দারা শহরতলির দিকে চলে যাওয়ায় ১৯৮৬ সালে গির্জাটির ধর্মসভা ওয়েস্টল্যান্ডে স্থানান্তরিত হয়। পরবর্তী সময়ে ডেট্রয়েটের এই সম্পত্তি ‘মারানাথা ক্রিশ্চিয়ান চার্চ’-এর কাছে বিক্রি করা হয়। ‘হিস্টোরিক ডেট্রয়েট’-এর তথ্য অনুযায়ী, ২০১৩ সালে বন্ধ হওয়ার আগ পর্যন্ত বেজ রঙের ইটের তৈরি ভবনটিতে গসপেল থিয়েটার, ‘পাওয়ার অব দ্য ওয়ার্ড মিনিস্ট্রিজ’ এবং ‘ফার্স্ট ট্যাবারনাকল অব ডেট্রয়েট চার্চ অব গড ইন ক্রাইস্ট’ পরিচালিত হয়েছে।
ডেট্রয়েট শহরের অনলাইন ডেমোলিশন পারমিট ডেটাবেসের তথ্য অনুযায়ী, ভবনটি ভেঙে ফেলার জন্য বর্তমান মালিক ‘মেট্রো লাইফ ইন্টারন্যাশনাল মিনিস্ট্রিজ’-কে অনুমতি দিয়েছে নগর কর্তৃপক্ষ।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com