আলোয় ঝলমল ক্যাম্পাস মার্টিয়াস, ডেট্রয়েটে হলিডে সিজনের সূচনা

আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৩:৫৮:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৩:৫৮:৫৪ পূর্বাহ্ন
ছবি : গতকাল ডেট্রয়েট শহরের কেন্দ্রস্থল ক্যাম্পাস মার্টিয়াসে বার্ষিক ‘ট্রি লাইটিং’ অনুষ্ঠানে গভর্নর-নির্বাচিত জোসেলিন বেনসন ও ডেট্রয়েটের মেয়র মেরি শেফিল্ডসহ স্থানীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের নেতারা ফটোসেশনে অংশ নেন/Katy Kildee, The Detroit News

ডেট্রয়েট, ২১ নভেম্বর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের প্রাণকেন্দ্র ক্যাম্পাস মার্টিয়াসে বার্ষিক ‘ট্রি লাইটিং’ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ছুটির মৌসুম বা হলিডে সিজন। গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে আলোকসজ্জায় ঝলমল করে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মিশিগানে জন্মানো ৭০ ফুট উঁচু একটি নরওয়ে স্প্রুস গাছ। ২৫ হাজার এলইডি বাতি দিয়ে সাজানো হয় বিশাল এই ক্রিসমাস ট্রি। আয়োজক প্রতিষ্ঠান ‘ডাউনটাউন ডেট্রয়েট পার্টনারশিপ’ (DDP) এ তথ্য জানিয়েছে।
পাঁচ ঘণ্টাব্যাপী উন্মুক্ত এ আয়োজনে ছিল সরাসরি সংগীত পরিবেশনা, খাবারের বিভিন্ন স্টল, নানা উৎসবমুখর আয়োজন এবং সান্তা ক্লজের উপস্থিতি। সব মিলিয়ে উৎসবের আমেজে মেতে ওঠেন নানা বয়সী মানুষ।
আবহাওয়া অস্বাভাবিক রকম উষ্ণ থাকলেও উৎসবের আনন্দে মেতে ছিলেন দর্শনার্থীরা। রকউডের ৪০ বছর বয়সী বাসিন্দা রেনি বাকা-রস চারপাশের আলোকসজ্জা ও মঞ্চ থেকে ভেসে আসা সংগীত উপভোগ করছিলেন। তিনি বলেন, “আমি ঠিক এই কথাটাই বলছিলাম—এখানে দাঁড়িয়ে চারদিকে তাকালে দৃশ্যটি সত্যিই অপূর্ব মনে হয়।”
তাঁর স্বামী ৪৭ বছর বয়সী অ্যান্ডি রস বলেন, “প্রতি বছরই আয়োজনটি আরও চমৎকার হয়ে ওঠে।” এ সময় তাঁদের দুই সন্তান রাস্তার পাশে বসানো বিভিন্ন খাবারের দোকান থেকে খাবার উপভোগ করছিল।
তাঁদের ১৬ বছর বয়সী ছেলে ইথান বলে, “এখানকার খাবারগুলো দারুণ! আর সবাই যে আজ এখানে জড়ো হয়েছে, তা দেখে খুব ভালো লাগছে।” এ সময় তার পাশে বসে ছিল বোন পেইসলি।
২৩তমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে পুরো ডাউনটাউন এলাকায় ১০ লাখেরও বেশি বাতি জ্বালানো হয় বলে জানিয়েছে ডাউনটাউন ডেট্রয়েট পার্টনারশিপ (DDP)। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল অলিম্পিক আইস ড্যান্সার ম্যাডিসন চক ও ইভান বেটসের অংশগ্রহণে বিশেষ স্কেটিং প্রদর্শনী। তাঁদের নৈপুণ্য উপভোগ করেন উপস্থিত দর্শকরা।
অনুষ্ঠানে যোগ দেন ডেট্রয়েটের মেয়র মেরি শেফিল্ড, পুলিশ প্রধান টড বেটিসন এবং নবনির্বাচিত গভর্নর জোসেলিন বেনসনসহ স্থানীয় ও অঙ্গরাজ্যের কর্মকর্তারা। নবনির্বাচিত মার্কিন সিনেটর আব্দুল আল-সায়েদও উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান।
ওয়েইনের ৩৭ বছর বয়সী বাসিন্দা মিশেল পিট তাঁর ৯ বছর বয়সী মেয়ে আকিনাকে নিয়ে ক্যাম্পাস মার্টিয়াস পার্কে উপস্থিত হন। সেখানে লেক্সাসের (Lexus) সৌজন্যে নির্মিত আইস স্কেটিং রিঙ্কে পেশাদার স্কেটারদের পরিবেশনা উপভোগ করেন তাঁরা।
মিশেল বলেন, “আমরা উৎসবের পুরো আনন্দটাই উপভোগ করছি।”
২০২৬-২৭ মৌসুমের জন্য আইস স্কেটিং রিঙ্কটি শনিবার (২১ নভেম্বর) থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। মায়ের পাশে দাঁড়িয়ে আকিনা বলে, “আমি নিজেও আইস স্কেটিং করতে চাই।”
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com