রাজধানীতে মাথায় ককটেল বিস্ফোরণে আহত ঢাবি কর্মচারী

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৩:৩৩:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৩:৩৩:২৮ অপরাহ্ন
ঢাকা, ২২ নভেম্বর : রাজধানীর লক্ষ্মীবাজারে ওপর থেকে ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন। আহত জাহাঙ্গীর আলম (৪৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কবি নজরুল সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আহত জাহাঙ্গীরের বড় ভাই আলমগীর হোসেন জানান, তাঁদের বাসা রাজধানীর লালবাগের আজিমপুরে সমাজকল্যাণ গলিতে। তাঁর ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালির কাজ করেন। পাশাপাশি কবি নজরুল সরকারি কলেজেও খণ্ডকালীন মালির কাজ করেন।
আলমগীর হোসেন আরও জানান, বিকেল সাড়ে ৫টার দিকে কাজ শেষ করে কবি নজরুল সরকারি কলেজের ফটকের সামনে এক দারোয়ানের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর। এ সময় হঠাৎ ওপর থেকে একটি ককটেল এসে তাঁর মাথায় পড়ে বিস্ফোরিত হয়। এতে তাঁর মাথা ও চোখে গুরুতর জখম হয়। তবে কে বা কারা এবং কোথা থেকে ককটেলটি নিক্ষেপ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ককটেলের আঘাতে জাহাঙ্গীরের মাথা ও বাম চোখে আঘাত লেগেছে। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com