ডিসেম্বর ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক  বিজিবি, নজরদারি জোরদার

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৪:০৩:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৪:০৩:০০ অপরাহ্ন
আখাউড়া, ২২ নভেম্বর : ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, অস্ত্র ও বিস্ফোরক এবং মাদক চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের প্রতিটি সীমান্তের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে সীমান্তজুড়ে কঠোর নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) সীমান্ত পরিদর্শন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, সারাদেশের সীমান্ত পাহারা দেওয়া, চোরাচালান বন্ধ করা এবং অবৈধভাবে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত প্রতিরোধ করা বিজিবির দায়িত্ব। বিশেষ করে ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে ফেনী, কুমিল্লাসহ বিভিন্ন সীমান্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে।
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সীমান্ত সুরক্ষায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সীমান্ত এলাকায় কারও সন্দেহজনক চলাচল কিংবা অবৈধ অনুপ্রবেশের বিষয়ে কোনো তথ্য থাকলে দ্রুত বিজিবিকে জানাতে হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করা হবে।
পরিদর্শনকালে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com