থাইল্যান্ডে পালানোর চেষ্টা, ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০২:৩৮:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০২:৩৮:২২ পূর্বাহ্ন
ঢাকা, ২৩ নভেম্বর : থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রাজধানীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম সাংবাদিকদের কাছে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নজরদারির অংশ হিসেবে বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিদেশযাত্রার উদ্দেশ্য এবং এ ক্ষেত্রে কেউ সহযোগিতা করেছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার রাতে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছান সুইডেন আসলাম। বহির্গমন ইমিগ্রেশন কার্যক্রমের সময় তার পরিচয় যাচাই করে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, সুইডেন আসলামের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন।
ডিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও সম্ভাব্য সহযোগীদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করছেন গোয়েন্দারা।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com