ওয়েইন কাউন্টির নির্দেশে গুগল ডেটা সেন্টারের নির্মাণ কাজ বন্ধ

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০২:১০:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০২:১০:২১ পূর্বাহ্ন
ভ্যান বুরেন টাউনশিপে নির্মাণাধীন ‘প্রজেক্ট ক্যানোলি’ হাইপারস্কেল ডেটা সেন্টার/Photo : Andy Morrison, The Detroit News

ভ্যান বুরেন টাউনশিপ, ২৪ নভেম্বর : মিশিগানের ওয়েইন কাউন্টির  ভ্যান বুরেন টাউনশিপে একটি হাইপারস্কেল ডেটা সেন্টার ক্যাম্পাসের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কাউন্টি কর্তৃপক্ষ। কাউন্টির নিষ্কাশন অবকাঠামোর ওপর প্রকল্পটির নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ২০ নভেম্বর কাউন্টি কর্তৃপক্ষ নির্মাণকারী প্রতিষ্ঠান ‘পানাটোনি ডেভেলপমেন্ট কোম্পানি’কে (Panattoni Development Company) কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। কাউন্টির অভিযোগ, প্রতিষ্ঠানটি রাস্তার সীমানার ভেতরে প্রয়োজনীয় অনুমতি ছাড়াই কাজ চালিয়েছে এবং ‘ওয়েইন কাউন্টি স্টর্মওয়াটার কন্ট্রোল অর্ডিন্যান্স’ (বৃষ্টির পানি নিয়ন্ত্রণ অধ্যাদেশ) লঙ্ঘন করে অননুমোদিত নির্মাণকাজ পরিচালনা করেছে। কাউন্টির মুখপাত্র ম্যাট অ্যালেন জানিয়েছেন, গত সোমবার (২৩ নভেম্বর) পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর ছিল।
ডেটা সেন্টারটির নির্মাণকাজ শুরুর কিছুদিনের মধ্যেই এ নিষেধাজ্ঞা জারি করা হলো। নির্মাণ সম্পন্ন হলে কেন্দ্রটি ব্যবহার করবে গুগল (Google)। হ্যাগার্টি রোডের পূর্বে এবং ইন্টারস্টেট ৯৪-এর নর্থ সার্ভিস ড্রাইভের উত্তরে ২৮২ একর জমির ওপর এ ক্যাম্পাস গড়ে তোলা হচ্ছে। এতে পাঁচটি ভবন থাকবে। এর মধ্যে তিনটি ডেটা প্রসেসিং ভবনের আয়তন হবে ৮৭ হাজার থেকে ৩ লাখ বর্গফুট।
পরিকল্পনা-সংক্রান্ত নথিপত্র অনুযায়ী, ডেটা সেন্টারটিতে প্রতিদিন ২০ লাখ থেকে ৩৬ লাখ গ্যালন পানি এবং ১ গিগাওয়াট বিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ভ্যান বুরেন টাউনশিপের পরিকল্পনা কমিশন প্রকল্পটির সাইট প্ল্যান অনুমোদনের এক মাসের কিছু বেশি সময় পর, গত ২০ নভেম্বর শুক্রবার ‘দ্য ডেট্রয়েট নিউজ’ আকাশ থেকে নির্মাণকাজের ছবি ধারণ করে।
অ্যালেন সাইট প্ল্যান অনুমোদনের বিষয়টি স্বীকার করলেও জানান, কাউন্টির একটি ড্রেনের পাশে নির্মাণকাজ চালানোর জন্য পানাটোনি (Panattoni) প্রয়োজনীয় অনুমতিপত্র সংগ্রহ করেনি।
অ্যালেন বলেন, “কোনো নির্মাণস্থল কাউন্টির ড্রেনের সংলগ্ন হলে ভারী বৃষ্টির সময় পানি নিষ্কাশনের (রানঅফ) যথাযথ পরিকল্পনা থাকা আবশ্যক। অন্যথায়, বিপুল পরিমাণ পলি ও কাদা নর্দমা ব্যবস্থায় প্রবেশ করতে পারে।”
‘দ্য ডেট্রয়েট নিউজ’-এর কাছে পাঠানো এক লিখিত বিবৃতিতে পানাটোনির একজন মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটি নিয়মকানুন মেনে চলার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয়।
বিবৃতিতে বলা হয়, “উন্নয়ন প্রক্রিয়ার অংশ হিসেবেই স্থানীয় সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হয়। আমাদের দল কাউন্টি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কাজ করছে, যাতে চিহ্নিত বিষয়গুলো পর্যালোচনা করা যায়, প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া যায় এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। আমরা কাউন্টির অব্যাহত সহযোগিতার প্রশংসা করি এবং প্রকল্পটির কাজ এগিয়ে নেওয়ার অপেক্ষায় রয়েছি।”
নির্মাণকাজ বন্ধের নির্দেশনায় বলা হয়েছে, ওই স্থানে চলমান নির্মাণকাজ কাউন্টির একাধিক ড্রেনের ওপর ‘মারাত্মক প্রভাব’ ফেলছে। এর ফলে ‘বন্যার উল্লেখযোগ্য ঝুঁকি’ তৈরি হয়েছে।
আদেশে বলা হয়েছে, পানাটোনি কাউন্টি থেকে প্রয়োজনীয় নির্মাণ অনুমতিপত্র সংগ্রহ এবং সংশ্লিষ্ট প্রতিটি ড্রেনেজ ডিস্ট্রিক্ট অথবা ওয়েইন কাউন্টির ড্রেন কমিশনারের সঙ্গে সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত নির্মাণকাজকে ‘অননুমোদিত’ হিসেবে গণ্য করা হবে।
অ্যালেন জানান, গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার দিনের শেষভাগে কাউন্টি কর্মকর্তারা নির্মাণস্থলে প্রবেশের চেষ্টা করেন। তবে সময় অনেক গড়িয়ে যাওয়ায় তাঁদের সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরদিন ২০ নভেম্বর শুক্রবার তাঁরা আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ বন্ধের আদেশটি পৌঁছে দিতে সক্ষম হন।
অ্যালেনের ভাষ্য অনুযায়ী, গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নির্মাণস্থলে কিছু সরঞ্জাম গুছিয়ে রাখার জন্য কর্মীরা উপস্থিত ছিলেন।
নির্মাণকাজ পুনরায় শুরু করতে কত সময় লাগতে পারে, সে বিষয়ে নিশ্চিত নন অ্যালেন।
তিনি বলেন, “আমার বিশ্বাস, তারা নিশ্চয়ই প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নেবে। স্থপতি, প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপকদের কাজই হলো এ ধরনের বিষয় সামাল দেওয়া।”
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com