ষড়যন্ত্রে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০১:০৮:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০১:০৮:৩৪ অপরাহ্ন
ঢাকা, ২৫ নভেম্বর : পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য ষড়যন্ত্রে জড়িত, তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পুলিশের কিছু কর্মকর্তার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশসহ অন্যান্য বাহিনীর কিছু সদস্য এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারেন। সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক সংশ্লিষ্টতা পরিহার করে জনগণের সেবায় নিয়োজিত থাকার বিষয়ে তাদের আগেই সতর্ক করা হয়েছে। এরপরও কারও মধ্যে এমন প্রবণতা দেখা গেলে কঠোর নজরদারিতে আনা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে রয়েছেন। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত দায়িত্বের অংশ হিসেবেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেকোনো কর্মসূচি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।
নভেম্বর, ডিসেম্বর কিংবা ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন বক্তব্য এলেও সরকার এসব নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন নয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সার্বিক পরিস্থিতিতে সরকার সতর্ক অবস্থানে রয়েছে।
সরকার কোনো ধরনের চাপ অনুভব করছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কীসের চাপ? এগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কাজ।’
শ্রমিক অসন্তোষের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে রাজনৈতিক ষড়যন্ত্রের চেষ্টা হয়েছিল। তবে প্রকৃত শ্রমিকেরা এর সঙ্গে জড়িত ছিলেন না। মালিক ও শ্রমিক পক্ষের আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। মজুরি বোর্ডের ঘোষণায় সংশ্লিষ্ট সদস্যরাও স্বাক্ষর করেছেন।

আওয়ামী লীগকে রাজনীতিতে 
ফেরার সুযোগ দেওয়া হবে না
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে কোনো স্বীকৃতি দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত এই দলকে সরকার আগেই সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছে। দেশের মানুষও তাদের রাজনৈতিক স্বীকৃতি দেবে না বলে তিনি মনে করেন।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মধ্য দিয়ে দলটির পতন হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তিকে আবারও বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে না। এ প্রসঙ্গে জার্মানির নাৎসি বাহিনীর উদাহরণ টেনে তিনি বলেন, ইতিহাসে এ ধরনের শক্তির পরাজয়ের পর রাজনৈতিকভাবে ফিরে আসার সুযোগ থাকে না।
আওয়ামী লীগের নেতাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় সংশ্লিষ্ট দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠিও পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দেশ আইন অনুযায়ী বিষয়টি পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর আওয়ামী লীগের কেউ দেশে ফেরার চেষ্টা করতে পারে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে। সীমান্তের ওপারে বিভিন্ন এলাকায় দলটির পলাতক নেতাদের অবস্থানের খবর পাওয়া যাচ্ছে। তাদের কেউ পশ্চিম সীমান্তে, কেউ পূর্ব সীমান্তে অবস্থান করে দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতাদের নির্দেশনা দিচ্ছেন বলেও দাবি করেন তিনি।
আওয়ামী লীগের পক্ষ থেকে মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচি ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষ এসব কর্মকাণ্ড মেনে নেবে না বলে তাঁর বিশ্বাস। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ বিষয়ে সতর্ক রয়েছে।
বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ। পুলিশের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য কর্মসূচি মোকাবিলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

সহিংসতা করলে কঠোর 
ব্যবস্থা নেওয়া হবে
সাম্প্রতিক পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধৈর্য ও কৌশলের সঙ্গে তারা বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড প্রতিহত করেছে। তাঁর দাবি, এ সময় কোনো প্রাণহানি বা সহিংসতার ঘটনা ঘটেনি।
তিনি অভিযোগ করেন, পতিত আওয়ামী লীগ অগ্নিসংযোগ, অগ্নিসন্ত্রাস ও হত্যাযজ্ঞের মাধ্যমে আগের কর্মকাণ্ড পুনরায় শুরু করার চেষ্টা করেছে। ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ উগ্রবাদী বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়ালে, জ্বালাও-পোড়াও করলে কিংবা সাধারণ মানুষের জীবন ও সম্পদের ক্ষতি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জের পরিস্থিতি এবং আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময়ে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া শুরুর জন্য তদন্তের সুযোগ তৈরি হয়েছিল। সেই তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে।
তিনি আরও বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সংগঠন মানবতাবিরোধী অপরাধ কিংবা যুদ্ধাপরাধসহ নির্দিষ্ট অপরাধে জড়িত থাকলে ব্যক্তি ও সংগঠন উভয়কেই বিচারের আওতায় আনা সম্ভব।
তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। আদালতের রায়ের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com