ঐতিহ্যের শতবর্ষে ডেট্রয়েটে বর্ণাঢ্য থ্যাঙ্কসগিভিং প্যারেড

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৩:২২:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৩:২২:০৭ অপরাহ্ন
ডেট্রয়েট শহরের প্রাণকেন্দ্রে উডওয়ার্ড অ্যাভিনিউ দিয়ে এগিয়ে যায় ‘আমেরিকা’স থ্যাঙ্কসগিভিং প্যারেড’। শতবর্ষের এই ঐতিহ্যবাহী আয়োজন উপভোগ করতে সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন হাজার হাজার দর্শক/Katy Kildee, The Detroit News

ডেট্রয়েট, ২৬ নভেম্বর : শতবর্ষের মাইলফলক স্পর্শ করেছে আমেরিকার ঐতিহ্যবাহী থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড। তীব্র শীতের হিমেল বাতাস উপেক্ষা করে হাজার হাজার মানুষ ভোর থেকেই জড়ো হন এই বর্ণাঢ্য আয়োজন উপভোগ করতে।
বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে ‘গার্ডনার হোয়াইট’ (Gardner White)-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত আমেরিকার থ্যাঙ্কসগিভিং প্যারেডের শততম আসর শুরু হয়। ডেট্রয়েটের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে শহর। ছুটির দিনের আনন্দ উপভোগ, বিকেলে অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত ‘লায়ন্স-বিয়ার্স’ (Lions-Bears) ফুটবল ম্যাচ দেখা কিংবা শতবর্ষের এই ঐতিহাসিক প্যারেডের সাক্ষী হওয়া—বিভিন্ন উদ্দেশ্যে মানুষ সমবেত হন।
স্টকব্রিজ থেকে ৭৩ মাইল পথ পাড়ি দিয়ে প্যারেড দেখতে আসেন মেগান গঞ্জালেজ, তাঁর স্বামী জে.জে. এবং তাঁদের তিন সন্তান। প্যারেডে অংশ নিতে পরিবারটি ভোর ৪টায় ঘুম থেকে ওঠে। মেগানের মা কাছাকাছি এলাকায় বসবাস করেন এবং এ বছর তাঁর বাড়িতেই থ্যাঙ্কসগিভিংয়ের আয়োজন করা হয়েছে। তাই পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন, উৎসবের আনুষ্ঠানিকতা শুরুর আগে প্রথমবারের মতো সরাসরি প্যারেড উপভোগ করবেন।
মেগান বলেন, “এ বছর আমরা নিজেরা রান্না করছি না, আমার মা রান্না করছেন। তাই ভাবলাম, চলো প্যারেডটা দেখে আসি। নতুন কিছু অভিজ্ঞতা অর্জনের জন্যই আজ এখানে এসেছি।”
দীর্ঘ পথ পাড়ি দিয়ে এলেও প্যারেড উপভোগ করে সন্তুষ্ট গঞ্জালেজ পরিবার। তাঁদের ভাষ্য, সুযোগ হলে আগামী বছরও তাঁরা এই বর্ণাঢ্য আয়োজনে যোগ দিতে চান।
জে.জে. বলেন, “এটি হয়তো আমাদের পরিবারের একটি ঐতিহ্যে পরিণত হতে পারে।”
যাঁরা একবার এই প্যারেডে অংশ নেন, তাঁরা সাধারণত বারবার ফিরে আসেন। শুধু নিজেরাই নন, সঙ্গে নিয়ে আসেন সন্তানদের, এমনকি পরবর্তী প্রজন্মকেও। ব্রায়ান থম্পসন তাঁদেরই একজন। দীর্ঘ ৩৩ বছর ধরে তিনি এই প্যারেডের সঙ্গে যুক্ত ছিলেন। কখনো বিশেষ পোশাক পরে, আবার কখনো বিশাল আকৃতির বেলুন ধরে রাখার দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি প্যারেডে কেবল দর্শক হিসেবেই উপস্থিত থাকেন।
৭০ বছর বয়সী থম্পসন স্মরণ করেন ১৯৯০ সালের থ্যাঙ্কসগিভিং দিবসের সেই ঝোড়ো আবহাওয়ার কথা, যেদিন ‘চিলি উইলি’ (Chilly Willy) নামের কার্টুন পেঙ্গুইনের আকৃতির একটি বেলুন উড়ে গিয়েছিল।
তিনি বলেন, “ওই একটিই ছিল, যেটি আমরা হারিয়ে ফেলেছিলাম। আমাদের কাছে মোট ১৪টি বেলুন ছিল এবং সেগুলো ফোলানোর কাজ চলছিল। এর আগে বৃষ্টি হওয়ায় মাটি বেশ নরম হয়ে গিয়েছিল। আমরা ডেট্রয়েট মেডিকেল সেন্টারের হার্পার হাসপাতালের সামনে বেলুনগুলো ফোলাতাম এবং কাঠের খুঁটি দিয়ে মাটিতে আটকে রাখতাম।”
কিন্তু অতিরিক্ত ভেজা মাটির কারণে বেলুনগুলো পুরোপুরি ফুলে ওঠার পর কাঠের খুঁটিগুলো আর মাটিতে ঠিকমতো আটকে থাকছিল না। ফলে একপর্যায়ে বেলুনগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
তিনি আরও বলেন, “তখন বেলুনগুলোর ভেতরে কয়েকজন কর্মী ছিলেন, যাঁরা সেগুলোতে বাতাস ভরছিলেন। ‘চিলি উইলি’ (Chilly Willy) বেলুনটি তুলনামূলক সহজ হওয়ায় সেটি দ্রুতই প্রস্তুত হয়ে গিয়েছিল। কিন্তু এরপরই সব বেলুন দুলতে শুরু করে। ভেতরে থাকা কর্মীরা চিৎকার করছিলেন, কারণ তাঁরা এদিক-সেদিক ছিটকে পড়ছিলেন। আমরাও হাতের কাছে যা পাচ্ছিলাম, তা-ই আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছিলাম। ঠিক সেই মুহূর্তেই ‘চিলি উইলি’ বেলুনটি ছুটে বেরিয়ে যায়। বেলুনটির আকৃতি ছিল অনেকটা টর্পেডো বা ছোট রকেটের মতো।”
থম্পসন ও তাঁর ভাই নিজেদের ট্রাকে করে ডেট্রয়েটের পূর্ব দিক দিয়ে বেলুনটির পিছু ধাওয়া করেন। তবে শেষ পর্যন্ত তাঁরা হাল ছেড়ে দিতে বাধ্য হন। বেলুনটি উড়ে সেন্ট ক্লেয়ার নদী পর্যন্ত পৌঁছে যায়। পরে সেখান থেকে ইউএস কোস্ট গার্ড (মার্কিন উপকূলরক্ষী বাহিনী) সেটি উদ্ধার করে।
থম্পসন জানান, বেলুনটি উদ্ধারের আগেই ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে (এফএএ) ফোন করে ডেট্রয়েটের আকাশে একটি উড়ন্ত পেঙ্গুইনের উপস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়েছিল।
বর্তমানে প্যারেডের পাশে বসে আছেন থম্পসন। তাঁর কোলে রয়েছে দুই নাতি-নাতনি—৪ বছর বয়সী বেন ম্যাটাস ও ৬ বছর বয়সী ম্যাগি ম্যাটাস। এখন তাঁর মেয়ে ও মেয়ের জামাই প্যারেডে বেলুন নিয়ন্ত্রক বা ‘বেলুন হ্যান্ডলার’ হিসেবে দায়িত্ব পালন করছেন।
ম্যাগি বলে, “প্যারেডে মা-বাবাকে দেখতে আমার খুব ভালো লাগে। আর ভিড়ের মধ্যে ছুড়ে দেওয়া পুঁতির মালাগুলো সংগ্রহ করতেও আমার দারুণ লাগে।”
৪১ বছর বয়সী গ্রেস গুয়েল গ্যাবার্ড এসেছেন এরি টাউনশিপ থেকে। টানা ২০ বছর ধরে তিনি এই প্যারেডে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। এ বছর তাঁর দায়িত্ব একটি বিশাল আকৃতির টেডি বিয়ার বেলুন নিয়ন্ত্রণ করা। বেলুনটির গায়ে রয়েছে নীল রঙের ভার্সিটি জ্যাকেট। বেলুন নিয়ন্ত্রক হিসেবে এটি তাঁর দ্বিতীয় অভিজ্ঞতা।
চাচার পরামর্শে প্রথমবার স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেওয়ার সময় তিনি ‘বিগ হেডস’ বা বড় মাথার প্রতিকৃতি বহন করেছিলেন। এগুলো প্রায় চার ফুট উঁচু কাগজের মণ্ড দিয়ে তৈরি কাঠামো, যা মিশিগানের বিখ্যাত প্রাণী, কার্টুন চরিত্র ও অন্যান্য পরিচিত ব্যক্তিত্বের আদলে তৈরি।
হেসে গ্রেস বলেন, “বয়স বেড়ে যাওয়ায় এখন আর সেগুলো বহন করতে পারি না। কারণ, সেগুলো বেশ ভারী।”
এবারের প্যারেডে অন্যান্য আকর্ষণীয় বেলুনের মধ্যে ছিল দর্শকদের প্রিয় ‘ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস’ এবং ‘সিসামি স্ট্রিট’-এর জনপ্রিয় চরিত্র ‘বিগ বার্ড’। একটি একচাকার সাইকেল বা ইউনিসাইকেল চালাতে দেখা যায় বিগ বার্ডকে।
প্যারেডের বর্ণিল সাজসজ্জার অন্যতম আকর্ষণ ছিল ‘গার্ডনার হোয়াইট’-এর একটি সুসজ্জিত গাড়ি বা ফ্লোট, যেখানে বই পড়ার আনন্দ ও কল্পনার জগৎ তুলে ধরা হয়। এতে হাম্পটি ডাম্পটি, উইনি দ্য পুহ, পিগলেট ও মাদার গুসের মতো জনপ্রিয় কাল্পনিক চরিত্র স্থান পায়।
এ ছাড়া ডেট্রয়েট ইনস্টিটিউট অব আর্টসের পক্ষ থেকেও ছিল একটি দৃষ্টিনন্দন ফ্লোট। এতে বিখ্যাত ভাস্কর্য ‘দ্য থিঙ্কার’ এবং ভিনসেন্ট ভ্যান গঘের আঁকা ‘দ্য পোস্টম্যান’ চিত্রকর্মের প্রতিকৃতি প্রদর্শন করা হয়।
প্যারেডে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন তারকা ও বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে ছিলেন টেলিভিশন তারকা এবং সেন্ট ক্লেয়ার শোরসের বাসিন্দা ডেভ কুলিয়ার। তাঁকে বিশেষ সম্মাননা জানানো হয়। এ সময় তিনি একটি ফোর্ড মুস্তাং গাড়িতে চড়ে প্যারেডের নির্ধারিত পথ প্রদক্ষিণ করেন। এবারের প্যারেডের গ্র্যান্ড মার্শাল ছিলেন ড্যান গিলবার্ট।
এ ছাড়া প্যারেডে অংশ নেন মিস মিশিগান ২০২৬ গ্রেস হ্যাঙ্কি, মিশিগান স্টেট ইউনিভার্সিটির সাবেক বাস্কেটবল খেলোয়াড় কালিন লুকাস এবং ইউনিভার্সিটি অব মিশিগানের সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্ডান মরগান।
ডেট্রয়েট ও মিশিগানের বিভিন্ন ক্রীড়া দলের জনপ্রিয় মাসকট—হুপার, নাইট্রো, পজ ও স্পার্টিও বিভিন্ন ফ্লোটে চড়ে প্যারেডে অংশ নেয়।
প্রতিবারের মতো এবারও মেয়র মেরি শেফিল্ডের হাতে সান্তা ক্লজের কাছে শহরের চাবি হস্তান্তরের মধ্য দিয়ে বর্ণাঢ্য এই প্যারেডের সমাপ্তি ঘটে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com