বার্মিংহামের প্রাণচঞ্চল এলাকায় গুলি, নিহত ১

আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৫:৩৪:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৫:৩৪:৩৪ অপরাহ্ন
বার্মিংহাম, ২৭ নভেম্বর : মিশিগানের বার্মিংহাম শহরের কেন্দ্রস্থলের কাছে গুলিতে একজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে ওল্ড উডওয়ার্ডের ৬০০ ব্লকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বাগবিতণ্ডার একপর্যায়ে গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে হেফাজতে নেওয়া হয়েছে।
বার্মিংহাম পুলিশ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, সকাল ১১টার দিকে বাগবিতণ্ডার সময় একজনকে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের নিকটাত্মীয়দের অবহিত না করা পর্যন্ত তার পরিচয় প্রকাশ করা হবে না।
পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় জননিরাপত্তার জন্য বর্তমানে কোনো ঝুঁকি নেই। ঘটনার সঙ্গে জড়িত শনাক্তকৃত সব ব্যক্তি পুলিশের হেফাজতে রয়েছেন। পুলিশ বিভাগের এক প্রতিনিধি জানিয়েছেন, তদন্তের স্বার্থে আপাতত আর কোনো তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তদন্ত চলছে। পরবর্তী সময়ে এ বিষয়ে আরও তথ্য জানানো হতে পারে।
ঘটনার পর ঘটনাস্থলে পুলিশকে একটি কালো ব্যাগে মোড়ানো মৃতদেহ ঘিরে রাখতে দেখা যায়। পরে একটি পুলিশ গাড়ি মৃতদেহটির সামনে অবস্থান নেয়।
এদিকে, ওল্ড উডওয়ার্ডের ওই সড়কের একটি ব্লকে পুলিশ কর্মকর্তাদের জড়ো হতে দেখা যায়। সেখানে রয়েছে দুটি বিয়ের পোশাকের দোকান, একটি গয়নার দোকান ও কয়েকটি স্পা। পুলিশ কর্মকর্তারা কালো রঙের বড় প্লাস্টিকের ব্যাগগুলো পুলিশের গাড়িতে তুলছিলেন।
এ সময় বৃষ্টির মধ্যে হলুদ পুলিশি ফিতার বাইরে দাঁড়িয়ে কয়েকজন পথচারী ঘটনাস্থলের দৃশ্য দেখছিলেন। মিশিগান স্টেট পুলিশের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

'উদ্বেগজনক'
ফার্মিংটনের বাসিন্দা ৩৬ বছর বয়সী ক্যাট কন বার্মিংহামেই বড় হয়েছেন। শুক্রবার গুলির ঘটনার সময় তিনি তাঁর পাঁচ বছর বয়সী মেয়ের জন্য ‘ব্ল্যাক ফ্রাইডে’ ছাড়ে পোশাক কিনছিলেন। বার্মিংহামকে ‘মিশিগানের বেভারলি হিলস’ হিসেবে বর্ণনা করে কন বলেন, দোকান ও রেস্তোরাঁয় পরিপূর্ণ একটি এলাকায় এ ধরনের গুলির ঘটনা অত্যন্ত অস্বাভাবিক। তিনি বলেন, “এ ধরনের ঘটনা ঘটলে তা সত্যিই উদ্বেগজনক। এটি পুরো কমিউনিটিকে নাড়িয়ে দেয়। এটি একটি অত্যন্ত সুসংহত ও ঘনিষ্ঠ কমিউনিটি।”
ঘটনাস্থলের ঠিক বিপরীতে একটি কনডোতে বসবাসকারী মেরি আগরওয়াল জানান, তিনি একটি যোগব্যায়াম ক্লাসে গিয়েছিলেন, যা সকাল ১১টায় শেষ হয়। সকাল ১১টা ১০ মিনিটের দিকে বাড়ি ফেরার পথে পুলিশ রাস্তা বন্ধ করে রাখায় তাঁকে বিকল্প পথে যেতে হয়। গাড়ি পার্ক করে বাড়ির দরজার দিকে যাওয়ার সময় তিনি ওল্ড উডওয়ার্ডের সড়ক বিভাজকের ওপর এক নারীকে মাটিতে পড়ে চিৎকার করতে দেখেন। ওই নারী উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। এ সময় পুলিশ সদস্যরা তাঁকে উঠে দাঁড়াতে সাহায্য করেন। ঘটনার সময় আশপাশে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়লেও বার্মিংহামের মেয়র ক্লিনটন ব্যালার জানিয়েছেন, গুলির ঘটনার পর জনসাধারণের জন্য কোনো ঝুঁকি নেই। ব্যালার বলেন, “জননিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, এবং জনগণ নিরাপদ রয়েছে।”

২০০৩ সালের পর বার্মিংহামে
 প্রথম হত্যাকাণ্ডের ঘটনা
মিশিগান স্টেট পুলিশের ‘ক্রাইম ড্যাশবোর্ডে’ বার্মিংহাম শহরের অপরাধসংক্রান্ত তথ্য পাওয়া যায় না। তবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২২ সালে শহরটিতে সাতটি যৌন নিপীড়ন, ৪৪টি সাধারণ শারীরিক হামলা এবং পাঁচটি গুরুতর শারীরিক হামলার ঘটনা ঘটে।
‘ডেট্রয়েট নিউজ’-এর গবেষণা এবং অঙ্গরাজ্যের অনলাইন অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, বার্মিংহামে সর্বশেষ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল ২০০৩ সালের ১৯ মে। সেদিন ২৬ বছর বয়সী স্কট রাকাশকে গুলি করে হত্যা করা হয়।
রাকাশকে হত্যা করেন তাঁর পরিচিত ২৪ বছর বয়সী রবার্ট তিরান। রাকাশ তাঁকে পিয়ার্স ও ১৪ মাইল এলাকার কাছে অবস্থিত নিজের বাড়িতে থাকতে দিয়েছিলেন। পরে বাড়ির বেসমেন্ট থেকে রাকাশের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, ১৯৯৮ সালের মার্চে উডওয়ার্ড ও অ্যাডামস এলাকার একটি কেএফসি (KFC) রেস্তোরাঁর ব্যবস্থাপক শার্লি এলকোকে হত্যা করেন তাঁরই ১৮ বছর বয়সী সহকর্মী কর্নেলিয়াস কোপল্যান্ড।
এ ছাড়া, ১৯৯৭ সালের মে মাসে ডেট্রয়েটের ২৬ বছর বয়সী শানেকো স্যাম্পসনকে উডওয়ার্ড ও ১৪ মাইল এলাকার কাছে অবস্থিত ‘ম্যানরস অব বার্মিংহাম’ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের একটি ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়।
Source & Photo: http://detroitnews.com


 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com