ডেট্রয়েটের গুদামে ফেডারেল অভিযান,  ৪৯ কেজি কোকেন জব্দ, গ্রেপ্তার ১

আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৫:৫৫:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৫:৫৫:৩৩ অপরাহ্ন
ডেট্রয়েট, ২৭ নভেম্বর : মাদক পাচারের আগাম তথ্যের ভিত্তিতে গত ১৬ নভেম্বর ডেট্রয়েটের পূর্বাঞ্চলের একটি গুদামে অভিযান চালায় ফেডারেল কর্তৃপক্ষ। এ সময় রয়্যাল ওকের এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে ‘হোম ডিপো’ (Home Depot) ব্র্যান্ডের বালতিতে কাঠের গুঁড়োর নিচে লুকিয়ে রাখা ৪৯ কেজি কোকেন পাওয়া গেছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।
ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব মিশিগানে দাখিল করা এক হলফনামা অনুযায়ী, ইভান ব্লেক স্কট নামের ওই ব্যক্তির ওপর ২০২৫ সালের আগস্ট থেকেই নজর রাখছিল ফেডারেল কর্তৃপক্ষ।
এফবিআইয়ের স্পেশাল এজেন্ট রজার ওয়েখটারের দাখিল করা হলফনামায় বলা হয়েছে, স্কট পরিচিত মাদক পাচারকারীদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতেন। তদন্তকারীদের ধারণা, এসব সাক্ষাতের উদ্দেশ্য ছিল মাদক কেনাবেচা এবং অর্থ সংগ্রহ।
তদন্তকারী এজেন্টরা আরও লক্ষ্য করেন, মাদক লেনদেন ও অর্থ সংগ্রহের সময় স্কট নিয়মিত ডেট্রয়েটের কনান্ট (Conant) এলাকার একটি গুদামে যাতায়াত করতেন।
স্কটের বিরুদ্ধে পাঁচ কেজি বা তার বেশি কোকেনযুক্ত মাদকদ্রব্য বিতরণের উদ্দেশ্যে নিজের কাছে রাখার অভিযোগ আনা হয়েছে। গত ২৪ নভেম্বর ১০ হাজার ডলারের আনসিকিউরড বন্ডের (মুচলেকা) শর্তে তাঁকে মুক্তি দেওয়া হয়।
এদিকে, ২৭ নভেম্বর তাঁর আইনজীবী বারট্রাম জনসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ যেভাবে ইভান 
স্কটকে শনাক্ত করেছিল
ফেডারেল আদালতে দাখিল করা হলফনামা অনুযায়ী, গোয়েন্দা কর্মকর্তারা কয়েক মাস ধরে স্কটের গতিবিধির ওপর নজর রাখছিলেন।
এফবিআইয়ের স্পেশাল এজেন্ট রজার ওয়েখটার হলফনামায় লিখেছেন, “২০২৬ সালের জানুয়ারি থেকে তদন্তকারীরা লক্ষ্য করেন, স্কট একটি তৃতীয় পক্ষের শিপিং কোম্পানির মাধ্যমে একই গুদামে নিয়মিত মাদকের চালান গ্রহণ করছিলেন। চালান পাওয়ার পর তিনি বিভিন্ন ক্রেতার কাছে সেগুলো পৌঁছে দিচ্ছিলেন। তদন্তকারীদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতার ভিত্তিতে এসব কর্মকাণ্ডকে সন্দেহজনক মাদক সরবরাহ হিসেবে বিবেচনা করা হয়।”
আদালতের নথিপত্র অনুযায়ী, গোপন সূত্রের মাধ্যমে তদন্তকারীরা জানতে পারেন, ১৬ নভেম্বর একই শিপিং কোম্পানি গুদামটিতে মাদকের একটি চালান পৌঁছে দেবে। তবে হলফনামায় কোম্পানিটির নাম উল্লেখ করা হয়নি।
হলফনামায় বলা হয়েছে, “চালান আসার সম্ভাব্য সময় বিবেচনায় নিয়ে তদন্তকারীরা গুদামটিতে তল্লাশি চালানোর জন্য ফেডারেল আদালত থেকে পরোয়ানা সংগ্রহ করেন।”
গুদামটির ওপর নজরদারির দায়িত্বে থাকা কর্মকর্তারা একটি ট্রাককে সেখানে চালানটি নামিয়ে দিতে দেখেন। এর প্রায় ৯০ মিনিট পর স্কট রয়্যাল ওকের নিজ বাড়ি থেকে গাড়ি চালিয়ে গুদামটিতে পৌঁছান।
আদালতের হলফনামায় আরও উল্লেখ করা হয়, স্কট গুদামের ভেতরে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই ফেডারেল কর্মকর্তারা সেখানে অভিযান চালান। এ সময় তাঁরা তাঁকে একটি সাদা অডি (Audi) এসইউভি গাড়ির ভেতরে বসে থাকতে দেখেন।
হলফনামায় আরও বলা হয়, “স্কট তাঁর অডি গাড়িটি এমনভাবে পার্ক করেছিলেন, যাতে গাড়ির পেছনের অংশ (ট্রাঙ্ক) একটি কাঠের প্যালেটের ওপর রাখা কমলা রঙের প্লাস্টিকে মোড়ানো কাঠের ক্রেটের দিকে মুখ করে থাকে। দেখে মনে হচ্ছিল, তিনি ক্রেটটি খোলার প্রস্তুতি নিচ্ছিলেন।”
কর্মকর্তারা স্কটের গাড়ির পাশে থাকা ক্রেটটি তল্লাশি করে কাঠের গুঁড়োর মধ্যে লুকানো অবস্থায় ‘হোম ডিপো’ (Home Depot) ব্র্যান্ডের বেশ কয়েকটি বালতি খুঁজে পান। বালতিগুলোর ভেতরে মোট ৪৯ কেজি ওজনের বস্তু পাওয়া যায়।
হলফনামা অনুযায়ী, ‘ট্রু-নার্ক’ (Tru-Narc) যন্ত্রের সাহায্যে বস্তুগুলোর একটি নমুনা পরীক্ষা করা হলে তাতে কোকেনের উপস্থিতি শনাক্ত হয়।
মেট্রো ডেট্রয়েটে সাম্প্রতিক সময়ে কোকেন-সংক্রান্ত এটি অন্তত দ্বিতীয় বড় গ্রেপ্তারের ঘটনা।
এমলাইভের (MLive) প্রতিবেদন অনুযায়ী, গত ৩ নভেম্বর মেক্সিকোর সিনালোয়া ড্রাগ কার্টেলের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে এক ব্যক্তিকে ইকরস (Ecorse) এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে ইউএস বর্ডার পেট্রোলের কর্মকর্তারা ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (DEA) সঙ্গে যৌথভাবে কাজ করেন। অভিযানকালে কর্মকর্তারা ১ লাখ ডলার নগদ অর্থ, দুই পাউন্ড কোকেন এবং একটি আগ্নেয়াস্ত্র জব্দ করেন।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com