শতাব্দীপ্রাচীন সেন্ট অ্যান গির্জা রক্ষায় ৪ কোটি ডলারের সংস্কার প্রকল্প

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০২:৪৬:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০২:৪৬:১৯ পূর্বাহ্ন
২০২৬ সালের ১১ নভেম্বর, ডেট্রয়েটের ঐতিহাসিক ‘ব্যাসিলিকা অব সেন্ট অ্যান ডি ডেট্রয়েট’ (Basilica of Ste. Anne de Detroit)-এ ৪ কোটি ডলার ব্যয়ে সংস্কারকাজ এগিয়ে চলেছে। ভ্যাটিকানের অনুমতি নিয়ে একটি ফাউন্ডেশন গির্জাটির ভবনগুলো কিনে নিয়ে সেগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে/Photo : Andy Morrison, The Detroit News

ডেট্রয়েট, ২৮ নভেম্বর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের ঐতিহাসিক ‘ব্যাসিলিকা অব সেন্ট অ্যান ডি ডেট্রয়েট’ (Basilica of Ste. Anne de Detroit) একটি ক্যাথলিক গির্জা, যার ইতিহাস শহরটির আদি ফরাসি বসতি স্থাপনের সময় পর্যন্ত বিস্তৃত। ভ্যাটিকানের অনুমতি নিয়ে একটি অলাভজনক সংস্থা ঐতিহাসিক এই স্থাপনাটি কিনে নিয়েছে। বর্তমানে ৪ কোটি (৪০ মিলিয়ন) ডলার ব্যয়ে এখানে ব্যাপক সংস্কারকাজ চলছে।
সেন্ট অ্যান গির্জার পাঁচটি ভবনে সংস্কারকাজ চালানো হচ্ছে। এসব ভবনের কয়েকটির ইতিহাস ১৮৮৬ সাল পর্যন্ত বিস্তৃত। গির্জা কর্তৃপক্ষের মতে, সংস্কারের মাধ্যমে ঐতিহাসিক স্থাপনাটিকে জরাজীর্ণ হয়ে ব্যবহার অনুপযোগী কিংবা বিপজ্জনক হয়ে ওঠার হাত থেকে রক্ষা  পেয়েছে।
গথিক রিভাইভাল স্থাপত্যশৈলীর সুউচ্চ এই ব্যাসিলিকা হাববার্ড-রিচার্ড এলাকায় অবস্থিত। অ্যাম্বাসেডর ব্রিজের কাছাকাছি এবং মিশিগান সেন্ট্রাল স্টেশন থেকে মাত্র কয়েক ব্লক দূরে এর অবস্থান।
গির্জার ভেতরে চারপাশজুড়ে বসানো হয়েছে ভারা। সরিয়ে নেওয়া হয়েছে বেঞ্চগুলো (পিউ), যেগুলোর সংস্কারকাজ চলছে অন্যত্র। গির্জা প্রাঙ্গণে বিশেষজ্ঞ কারিগরেরা দেয়ালের ইট-পাথরের গাঁথুনি, ক্ষতিগ্রস্ত অলঙ্করণ এবং প্রায় ১৪০ বছরের পুরোনো খোদাই করা ভাস্কর্য মেরামত করছেন। পাশাপাশি বিশাল রঙিন কাচের জানালাগুলো পরিষ্কার ও মজবুত করার কাজ চলছে। বাইরের দিকে ছাদ ও চূড়াগুলোও নতুন করে সংস্কার করা হচ্ছে।
সম্প্রতি গির্জা-সংলগ্ন বাসভবন রেক্টরিতে কাজ করার সময় কর্মীরা পাথর ও ইটের তৈরি বারান্দার দেয়ালে একটি অগ্নিকুণ্ডের (ফায়ারপ্লেস) সন্ধান পেয়েছেন। প্রকল্পটির তত্ত্বাবধানকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ক্রিস্টম্যান কোং’-এর তথ্য অনুযায়ী, অগ্নিকুণ্ডটি বহু বছর ধরে, সম্ভবত তারও আগে থেকে, আড়ালে ঢাকা পড়ে ছিল। এ ছাড়া ভবনগুলোর জরুরি রক্ষণাবেক্ষণকাজও চলছে। এর মধ্যে রয়েছে নষ্ট হয়ে যাওয়া বয়লার প্রতিস্থাপন এবং আলোকসজ্জা ও পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন। ঐতিহাসিক স্থাপনাটির স্থাপত্যশৈলী ও ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে দীর্ঘমেয়াদে ব্যবহারের উপযোগী করে তুলতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
সেন্ট অ্যান প্যারিশের যাজক রেভারেন্ড টিমোথি ল্যাবো তাঁর কার্যালয়ের জানালা দিয়ে ব্যাসিলিকা ও এর আঙিনায় চলমান সংস্কারকাজ দেখতে পান। তিনি জানান, তাঁর ফরাসি পূর্বপুরুষেরা ১৭৪০-এর দশকে সেন্ট অ্যান প্যারিশের সদস্য ছিলেন।
ল্যাবো বলেন, বর্তমান প্যারিশের সদস্যরা এই উদ্যোগে ‘অত্যন্ত আনন্দিত’। তিনি বলেন, “কোনো পদক্ষেপ না নিলে গির্জাটি আর বেশিদিন টিকে থাকতে পারত না। এটি সত্যিই এক অবিশ্বাস্য উপহার।”
‘ক্যাথলিক ইনিশিয়েটিভ’-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট কেভিন ডয়েল জানান, ঐতিহাসিক এই স্থাপনাটি সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য (কনডেমড) ঘোষিত হওয়ার আগে হয়তো আর মাত্র পাঁচ থেকে ১০ বছর টিকে থাকতে পারত।
বার্মিংহামভিত্তিক অলাভজনক সংস্থা ‘ক্যাথলিক ইনিশিয়েটিভ’ ২০২৫ সালে সেন্ট অ্যান গির্জা পুনরুদ্ধারের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি প্রতিষ্ঠা করে ‘পাল্টে ফ্যামিলি চ্যারিটেবল ফাউন্ডেশন’। ফাউন্ডেশনটি গড়ে তুলেছিলেন প্রয়াত বিল পাল্টে, যিনি ক্যাথলিক চার্চের একজন বিশিষ্ট দাতা ছিলেন। তিনি বর্তমান বিল পাল্টের দাদা। বর্তমান বিল পাল্টে ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা এবং বর্তমানে ‘ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সি’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ‘ক্যাথলিক ইনিশিয়েটিভ’-এর মূল লক্ষ্য হলো সম্পদস্বল্প ক্যাথলিক গির্জা ও স্কুলগুলোতে বিনিয়োগ করা এবং তাদের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলা।
‘ক্যাথলিক ইনিশিয়েটিভ’-এর যাত্রা শুরু হয় যখন সেন্ট অ্যান গির্জার পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় বিপুল অর্থ সংগ্রহে ব্যর্থ হয়ে মনসিনিয়র চাক কোসাং ‘পাল্টে ফাউন্ডেশন’-এর সঙ্গে যোগাযোগ করেন। তখন ফাউন্ডেশনটি ঐতিহাসিক গির্জাটির মালিকানা তাদের কাছে হস্তান্তরের প্রস্তাব দেয়।
এই প্রস্তাবের আওতায় সেন্ট অ্যান গির্জা তার ভৌত কাঠামো পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয়  লক্ষ লক্ষ ডলার পাবে। পাশাপাশি ভবিষ্যতের বিভিন্ন প্রয়োজন মেটাতে গঠন করা হবে আরও ২ কোটি (২০ মিলিয়ন) ডলারের একটি স্থায়ী তহবিল (এনডাউমেন্ট)। এ ছাড়া, সম্পত্তিটি ক্যাথলিক প্যারিশ হিসেবে পরিচালনার জন্য আর্চডায়োসিসকে ২০০ বছর মেয়াদি নবায়নযোগ্য ইজারা দেওয়া হবে, যার বার্ষিক মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১ ডলার।
এই অংশীদারত্বের ভূয়সী প্রশংসা করেছেন আর্চডায়োসিসের নেতারা।
২০২৫ সালের মার্চে অংশীদারত্বের ঘোষণা দেওয়ার সময় আর্চবিশপ এডওয়ার্ড ওয়েসেনবার্গার বলেন, “এটি একটি অসাধারণ দৃষ্টান্ত যে, কীভাবে সৃজনশীল ও বিশ্বস্ত ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের পবিত্র ঐতিহ্যের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আমাদের লক্ষ্যকে এগিয়ে নেওয়া সম্ভব।”
ঘোষণার সময় ওয়েসেনবার্গার আর্চবিশপ-মনোনীত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই অংশীদারত্বের পক্ষে সমর্থন দেওয়ার জন্য তিনি তাঁর পূর্বসূরি আর্চবিশপ অ্যালেন ভিগনেরন এবং মনসিনিয়র চাক কোসাংকে কৃতিত্ব দেন।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com