হামলা-ভাঙচুরে আহত অন্তত ৩০

রংপুরে আওয়ামী লীগ পুনর্বাসন বিতর্কে পূজা উদযাপন পরিষদের সম্মেলন পণ্ড

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১২:১৯:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১২:১৯:২৪ অপরাহ্ন
রংপুর, ২৮ নভেম্বর : রংপুরে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগে হট্টগোল, ভাঙচুর ও মারধরের ঘটনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রংপুর জেলা ও মহানগর কমিটির দ্বিবার্ষিক সম্মেলন পণ্ড হয়ে গেছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টার দিকে রংপুর স্টেডিয়ামের ইনডোর জিমনেসিয়ামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে সংগঠনটির জেলা ও মহানগর পর্যায়ের নেতাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান শামু। প্রধান বক্তা ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক সাগর হালদারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামজীবন কুন্ডু।
সম্মেলন চলাকালে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন। এ সময় আয়োজক কমিটির বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তোলেন তাঁরা। এ নিয়ে আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনা ও সংঘর্ষে রূপ নেয়।
এ সময় সম্মেলনস্থলে থাকা ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। সংঘর্ষ ও ভাঙচুরের মধ্যে একটি পক্ষকে ‘লীগ ধর’ স্লোগান দিতেও দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার, পরিষদের নেতা ও সাবেক সাব-রেজিস্ট্রার রামজীবন কুন্ডুসহ মঞ্চে উপস্থিত নেতাকর্মী এবং সেখানে থাকা অন্যদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত ৩০ জন আহত হন।
সংঘর্ষের সময় উপস্থিত বিএনপি নেতা শামসুজ্জামান শামু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। তাঁকে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। একপর্যায়ে সম্মেলন পণ্ড হয়ে গেলে ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতারা সম্মেলনস্থল ত্যাগ করেন।
ঘটনার পর পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে রংপুরের সভাপতি রামজীবন কুন্ডুসহ কয়েকজন নেতা রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে যান। সেখানে তাঁরা পুলিশ কমিশনার মাহবুব রশীদের কাছে অভিযোগ করেন, সংঘর্ষের সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এ সময় তাঁরা হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
পরে আয়োজিত সংবাদ সম্মেলনে সন্তোষ শর্মা অভিযোগ করেন, বিএনপি নেতা ডা. নিখিল, যুবদল নেতা নয়ন, লেলিন, মিলন ও বিপ্লব এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকজন শীর্ষ নেতার নেতৃত্বে পরিকল্পিতভাবে সম্মেলনে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব রশীদ বলেন, কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com