অতীতের ভুল স্বীকার করে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

আপলোড সময় : ০৯-০২-২০২৬ ১২:২৮:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০২-২০২৬ ১২:২৮:৩৩ অপরাহ্ন
ঢাকা, ৯ ফেব্রুয়ারি : জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র ‘মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা’ হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
সরকারে থাকাকালে বিএনপির ভুলত্রুটির জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। দেশবাসীর উদ্দেশে তিনি বলেছেন, ‘অতীতে আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুলত্রুটি হয়েছে। সে জন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
তারেক রহমান তাঁর ভাষণে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বলেন, ‘অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আমি আবারও আপনাদের সমর্থন চাই। আমি আপনি এবং আপনার পরিবারের সদস্যদের জন্য যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছি, প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষে আপনাদের সমর্থন এবং ভোট চাই।’
ভাষণে বিএনপির পরিকল্পনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্নীতি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, ‘প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নে কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের কাছে রাষ্ট্র ও সরকারের দায়বদ্ধ রাখার কোনো বিকল্প নেই। রাষ্ট্র পরিচালনায় আপনাদের সমর্থন পেলে দেশের আগামী দিনের সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায়, বিএনপি সরকার ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে। দেশবাসীর কাছে এটি আমার অঙ্গীকার, বিএনপির অঙ্গীকার।’
ন্যায়পরায়ণতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করে দেশবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, ‘১২ ফেব্রুয়ারি আপনারা ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব নিন। ১৩ তারিখ থেকে আপনাদের নির্বাচিত এমপিরা আপনাদের দায়িত্ব নেবেন। নির্বাচিত প্রতিনিধিরা আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন কি না, সেটি নিশ্চিত করার দায়িত্ব আমি নেব।’
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘১২ ফেব্রুয়ারি যদি আপনাদের সমর্থন পাই, তাহলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র থাকবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা। ১২ ফেব্রুয়ারি জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার দিনে আমি আল্লাহর দরবারে ধানের শীষের বিজয় কামনা করি।’

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com