সুশৃঙ্খল যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৩:২৩:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৩:২৩:৫৩ অপরাহ্ন
ঢাকা, ৭ মার্চ : পরিকল্পিত ও সুশৃঙ্খল যাকাত ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সমাজের বিত্তবানদের যাকাত সঠিকভাবে দরিদ্র মানুষের কাছে পৌঁছাতে পারলে সামাজিক বৈষম্য কমানো সম্ভব। শনিবার (৭ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-য় এতিম শিশু ও ওলামা-মাশায়েখদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন মাদরাসার এতিম শিশু ও আলেম-ওলামারা অংশ নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ধনী-দরিদ্র মিলিয়ে প্রায় চার কোটি পরিবার রয়েছে। এসব পরিবারের মধ্যে দরিদ্র ও হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতিবছর পর্যায়ক্রমে পাঁচ লাখ পরিবারকে এক লাখ টাকা করে যাকাত দেওয়া হলে অধিকাংশ পরিবার পরের বছর আর যাকাতের ওপর নির্ভরশীল থাকবে না। ওলামা-মাশায়েখদের উদ্দেশে তিনি বলেন, দারিদ্র্য বিমোচনে যাকাত ব্যবস্থাপনার বিষয়টি যৌক্তিক মনে হলে বিত্তবানদের সচেতন করার ক্ষেত্রে আলেম-ওলামারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বিদ্যমান যাকাত বোর্ড পুনর্গঠনের কথাও উল্লেখ করেন তিনি। এ জন্য দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা, ইসলামিক স্কলার ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে একটি শক্তিশালী কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন গবেষণা অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর যাকাতের পরিমাণ ২০ থেকে ২৫ হাজার কোটি টাকার বেশি। তবে পরিকল্পিত ও সুসংগঠিতভাবে বণ্টন না হওয়ায় এই অর্থ দারিদ্র্য বিমোচনে কতটা ভূমিকা রাখছে, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, পবিত্র রমজান ত্যাগ ও সংযমের মাস। অথচ এ সময় কেউ কেউ পণ্যের দাম বাড়িয়ে মানুষের কষ্ট বাড়ান। অসাধু ব্যবসায়ীদের প্রতি তিনি মানুষের কষ্টের কারণ না হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সমাজকল্যাণবিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলম, আসসুন্নাহ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান শায়খ আহমেদুল্লাহ এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর খতিব মুফতি আব্দুল মালেকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com