জেলা সদর থানাকে ‘জিরো কমপ্লেইন থানা’ গড়ার ঘোষণা আইজিপির

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০২:৫৮:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০২:৫৮:৪৮ পূর্বাহ্ন
ঢাকা, ৯ মার্চ : নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জেলা সদর থানাগুলোকে জিরো কমপ্লেইন থানা হিসেবে গড়ার ঘোষণা দিয়েছেন। সোমবার (৯ মার্চ) পুলিশ সদর দফতরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, থানায় আগত মানুষ যেন হাসিমুখে ফিরে যেতে পারে, সেবা প্রদানে এটি লক্ষ্য রাখতে হবে।
আইজিপি জানান, আইনশৃঙ্খলা ঠিক না হলে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে না। তিনি বলেন, ‘মব কালচার’ বা গণজড়ো হয়ে আইন নিজের হাতে নেওয়ার প্রবণতা কমাতে পুলিশকে জনসেবা ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে ভাবমূর্তি উন্নত করতে হবে।
তিনি আরও বলেন, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ রোধে নিরপেক্ষ ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। পুলিশি তদন্তের মান বৃদ্ধি ও আলাদা তদন্ত উইং–এর প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। মাদক ও কিশোর গ্যাং–এর কারণে অপরাধ বৃদ্ধি পাওয়ায় এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
আইজিপি বিশেষভাবে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের দিকে নজর দিতে বলেছেন, যাতে উগ্রবাদী সংগঠন বা মাদক সমস্যা দেশের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি না করে।
আইজিপি বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে ৷ তাদেরকে অচিরেই ফিরিয়ে আনা হবে।
আইজিপি মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, ঈদকে সামনে রেখে পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের বেতন-ভাতার বিষয় নিয়ে প্রায়শই অসন্তোষ তৈরি হয়, যা আইন-শৃঙ্খলার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। আসন্ন ঈদে এ ধরনের সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় পুলিশ পোশাক শিল্পের কর্মচারী ও মালিকদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ গ্রহণ করেছে।
আইজিপি বলেন, জেলার একটি থানাকে জিরো কমপ্লেইন হিসেবে প্রতিষ্ঠা করলে তার কার্যকারিতা ধীরে ধীরে পুরো জেলায় ছড়িয়ে পড়বে। এ উদ্দেশ্যে থানার সার্বিক কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করবেন সার্কেল অফিসাররা।
তিনি আরও উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করা সরকারের প্রধান অঙ্গীকার, যা বাস্তবায়নে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com