উত্তর মিশিগানে বন্যার তাণ্ডব, বিমানবন্দরসহ বিভিন্ন এলাকা প্লাবিত

আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০২:৫২:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০২:৫২:৪৭ পূর্বাহ্ন
পেলস্টন আঞ্চলিক বিমানবন্দরটি ক্রমাগত প্লাবিত হচ্ছে; বর্তমানে দুটি রানওয়ের সংযোগস্থলে পানি উপচে পড়ছে/Pellston Regional Airport

এমমেট/চেবয়গান, ১৩ এপ্রিল : উত্তর মিশিগানের পেলস্টন আঞ্চলিক বিমানবন্দরে বন্যার খবর পাওয়া গেছে, যার ফলে সপ্তাহান্তজুড়ে একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলীয় কাউন্টিগুলো এবং আপার পেনিনসুলার অধিকাংশ এলাকা এখনো বন্যা সতর্কতা বা বন্যা পর্যবেক্ষণের আওতায় রয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (NWS) গেইলর্ড কার্যালয় রবিবার সন্ধ্যায় একটি বন্যা সতর্কবার্তা জারি করে। এই সতর্কতা এমমেট ও চেবয়গান কাউন্টির সেইসব এলাকার জন্য প্রযোজ্য, যা চেবয়গান নদী অববাহিকার অন্তর্গত এবং চেবয়গান লক অ্যান্ড ড্যাম কমপ্লেক্সের উজানে অবস্থিত। এর মধ্যে রয়েছে মেপল নদী, ক্রুকেড লেক, ক্রুকেড নদী, বার্ট লেক, ইন্ডিয়ান নদী, মুলেট লেক এবং স্টারজন নদী সংলগ্ন অঞ্চলগুলো।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, চেবয়গান নদী অববাহিকার অধিকাংশ স্থানে পানির স্তর বিপদসীমার ওপর উঠে গেছে। এ পরিস্থিতিতে বাঁধ ভেঙে যাওয়ার ঝুঁকি থাকায় রাজ্য কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই বন্যা সতর্কতা রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত, অথবা পানির স্তর উল্লেখযোগ্যভাবে কমে না আসা পর্যন্ত কার্যকর ছিল।
এনডাব্লিউএস (NWS) আরও জানিয়েছে, অ্যালানসন এলাকার একাধিক ভবনে বন্যার পানি প্রবেশ করেছে এবং পেলস্টন আঞ্চলিক বিমানবন্দরের রানওয়েগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
পেলস্টন আঞ্চলিক বিমানবন্দর রবিবার সকালে তাদের ফেসবুক পোস্টে জানায় যে বিভিন্ন বিমান সংস্থা রবিবারের নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করেছে এবং সোমবারের ফ্লাইটগুলোও বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের চত্বরে “মারাত্মক বন্যা পরিস্থিতি” বিরাজ করছে, যার ফলে বাণিজ্যিক ফ্লাইট চলাচলের স্বাভাবিক সময়সূচি ব্যাহত হয়েছে।
চেবয়গান লক অ্যান্ড ড্যাম কমপ্লেক্সে পানির স্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় শুক্রবারই গভর্নর গ্রেচেন হুইটমার জরুরি অবস্থা ঘোষণা করেন। প্রাকৃতিক সম্পদ দপ্তরের (DNR) তথ্য অনুযায়ী, রবিবার দুপুর নাগাদ পানির স্তর বেড়ে বাঁধের শীর্ষ থেকে মাত্র ১৫ ইঞ্চি নিচে অবস্থান করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সপ্তাহান্তজুড়ে DNR কর্মীরা বাঁধ এলাকায় অতিরিক্ত পাম্প স্থাপন করে পানি অপসারণের কাজ চালিয়ে যাচ্ছেন।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাত এবং বরফ গলে যাওয়ার কারণে পানির স্তর বৃদ্ধি অব্যাহত থাকায় আপার পেনিনসুলা এবং লোয়ার পেনিনসুলার উত্তরাংশসহ মোট ৪৮টি কাউন্টি বুধবার পর্যন্ত বন্যা সতর্কতার আওতায় থাকবে।
আবহাওয়া দপ্তরের গেইলর্ড কার্যালয় শুক্রবার সকালে আপার পেনিনসুলার পূর্বাঞ্চলের জন্য একটি বন্যা সতর্কতা জারি করে, যা পরবর্তীতে শনিবার পর্যন্ত বর্ধিত করা হয়। পরে এই সতর্কতার আওতা আরও সম্প্রসারিত হয়ে বর্তমানে লোয়ার পেনিনসুলার উত্তরাংশকেও অন্তর্ভুক্ত করেছে। এই সতর্কতা বুধবার সকাল পর্যন্ত বলবৎ থাকবে।
উত্তর লোয়ার পেনিনসুলার যেসব কাউন্টিতে বন্যা সতর্কতা জারি রয়েছে, সেগুলো হলো—অ্যালকোনা, অ্যালপেনা, অ্যান্ট্রিম, অ্যারেনাক, বেনজি, শার্লেভয়, চেবয়গান, ক্রফোর্ড, এমেট, গ্ল্যাডউইন, গ্র্যান্ড ট্রাভার্স, আইওস্কো, কালকাস্কা, লিলেনাউ, ম্যানিস্টি, মিসাউকি, মন্টমোরেন্সি, ওগেমাউ, ওসকোডা, ওটসেগো, প্রেস্ক আইল, রসকমন এবং ওয়েক্সফোর্ড।
গেইলর্ড অফিসের আবহাওয়াবিদ মাইকেল বোগুথ রবিবার রাতে জানান, অ্যারেনাক কাউন্টির স্টার্লিং এলাকার কাছে রাইফেল নদীতে সামান্য বন্যা দেখা দিয়েছে। বর্তমানে নদীর পানির স্তর বন্যা বিপদসীমার ০.৬ ফুট উপরে রয়েছে। তিনি বলেন, “পানির গভীরতা বা পরিমাণ যখন এই পর্যায়ে থাকে, তখন সাধারণত খুব কমই ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। এতে নদীর আশপাশের কিছু নিচু এলাকা সামান্য প্লাবিত হতে পারে, তবে সাধারণত বসতবাড়িতে তেমন প্রভাব পড়ে না।”
রাইফেল নদীর জন্য জারি করা বন্যা সতর্কতা বুধবার সকালের শেষভাগ পর্যন্ত বলবৎ ছিল। এছাড়া ওয়েক্সফোর্ড কাউন্টির শেরম্যানের কাছে ম্যানিস্টি নদীর জন্যও শনিবার সকাল পর্যন্ত একটি বন্যা সতর্কতা কার্যকর ছিল। ম্যানিস্টি নদীতেও সামান্য বন্যা দেখা গেলেও, এনডব্লিউএস (NWS) জানিয়েছে, সেখানে কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রবিবার রাতে মধ্য ও পশ্চিম আপার পেনিনসুলার জন্য একটি বন্যা সতর্কতা কার্যকর ছিল। রবিবার ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (NWS) গ্র্যান্ড র‍্যাপিডস অফিস ক্লেয়ার, মেকোস্টা, ওসিয়োলা, লেক, ম্যাসন, নিউয়েগো এবং ওশিয়ানা কাউন্টির জন্য বন্যা সতর্কতা জারি করে। এই দুইটি সতর্কতাই বুধবার সকাল পর্যন্ত বলবৎ থাকবে। “অনেক এলাকাতেই বর্তমানে বৃষ্টিস্নাত আবহাওয়া বিরাজ করছে,” বলেন গেইলর্ড অফিসের আবহাওয়াবিদ প্যাট্রিক বাক। তিনি আরও জানান, এলাকার অনেক হ্রদ, নদী এবং ছোট-বড় জলধারায় পানির স্তর বর্তমানে বেশ উঁচুতে রয়েছে।
তিনি পরামর্শ দেন, কেউ যদি কোনো প্লাবিত এলাকার সম্মুখীন হন, তবে তাদের উচিত সেখান থেকে ফিরে আসা এবং গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প পথ ব্যবহার করা। কোনোভাবেই প্লাবিত রাস্তা বা এলাকা দিয়ে যাতায়াত করা উচিত নয়।
এছাড়া কেন্ট কাউন্টির কমস্টক পার্কের কাছে গ্র্যান্ড নদী এবং কালামাজু কাউন্টির ভিক্সবার্গের কাছে পোর্টেজ নদীতেও বন্যার সতর্কতা জারি রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com