সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর

আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ১২:৪২:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ১২:৪২:০৬ অপরাহ্ন
গতকাল বৃহস্পতিবার,ডেট্রয়েটের মেয়র মেরি শেফিল্ড (ডানদিক থেকে দ্বিতীয়) সদ্য সংস্কারকৃত 'মিউজিয়াম অফ কনটেম্পরারি আর্ট ডেট্রয়েট' বা MOCAD পরিদর্শন করছেন। এ সময় তাঁকে জাদুঘরটি ঘুরে দেখাচ্ছেন MOCAD-এর সহ-পরিচালক মেরি ম্যাডিসন-প্যাটন (বামদিকে), সহ-পরিচালক জোভা লিন (বামদিক থেকে দ্বিতীয়) এবং পরিচালনা পর্ষদের সভাপতি চার্লস বয়েড (ডানদিকে)/Katy Kildee, The Detroit News

ডেট্রয়েট, ২৪ এপ্রিল : বড় ধরনের সংস্কারকাজ শেষে আট মাস বন্ধ থাকার পর 'মিউজিয়াম অফ কনটেম্পরারি আর্ট ডেট্রয়েট' (MOCAD) আবারও দর্শনার্থীদের জন্য দ্বার উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে।
জাদুঘরটির উডওয়ার্ড এভিনিউমুখী অংশে নতুন জানালা সংযোজন করা হয়েছে, যার মাধ্যমে বাইরে থেকেই ভেতরের প্রদর্শিত শিল্পকর্মের এক ঝলক দেখা যাবে। এর ফলে পথচারীদের সঙ্গে জাদুঘরের একটি সরাসরি ভিজ্যুয়াল সংযোগ তৈরি হচ্ছে। এছাড়া, ছাদের উন্মুক্ত কাঠামোর সঙ্গে আধুনিক ও চকচকে HVAC (তাপ ও বায়ু নিয়ন্ত্রণ) ব্যবস্থা দৃশ্যমান করা হয়েছে। এতে মিডটাউনে অবস্থিত এই জাদুঘরটির বহুল পরিচিত ‘ইন্ডাস্ট্রিয়াল শিক’ নান্দনিকতা অটুট থেকেছে, বরং আরও আধুনিক রূপ পেয়েছে।
উল্লেখ্য, উডওয়ার্ড এভিনিউয়ের ৪৪৫৪ নম্বরে অবস্থিত এই ভবনটি একসময় একটি অটো ডিলারশিপ ছিল। গত আগস্ট থেকে বন্ধ থাকার পর এটি কাল  শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুনরায় জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।
চলতি বছর জাদুঘরটি তাদের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। সংস্কারকাজের দ্বিতীয় ধাপটি এ বছরের শেষের দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে MOCAD-এর সহ-পরিচালক Mary Maddison-Patton জানান, উডওয়ার্ডমুখী নতুন বড় জানালাগুলো এই সংস্কার প্রকল্পের অন্যতম প্রতীক—যার মূল লক্ষ্যই হলো জাদুঘরের সঙ্গে সাধারণ মানুষের সংযোগকে আরও গভীর ও নিবিড় করা।
তিনি বলেন, “এই জানালাগুলো সেই প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে মানুষ সহজেই বুঝতে পারবে আমরা ভেতরে কী ধরনের কাজ করছি। তারা ভেতরের পরিবেশ দেখতে পাবে এবং অনুভব করবে—এখানে তাদের আন্তরিকভাবে স্বাগত জানানো হচ্ছে।”
দর্শনার্থীরা জাদুঘরে প্রবেশ করলে আরও একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন চোখে পড়বে। জাদুঘরটির মূল ভবনটির নামকরণ করা হয়েছে MOCAD-এর অন্যতম সহ-প্রতিষ্ঠাতা,প্রয়াত জুলিয়া রেয়েস টবম্যান -এর সম্মানে। মার্শা মিরো এবং সুজান ফেল্ড হিলবেরি-র সঙ্গে যৌথভাবে তিনিই সমসাময়িক শিল্প, সঙ্গীত এবং সামাজিক পরিবর্তনভিত্তিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্য নিয়ে এই ‘সংগ্রহবিহীন’ জাদুঘরটি প্রতিষ্ঠা করেছিলেন।
নবনামকৃত জুলিয়া রেয়েস টবম্যান ভবনের গ্যালারিগুলোতে ডেট্রয়েটভিত্তিক শিল্পী ওলায়ামি ডাবলস, ক্যারল হ্যারিস এবং মার্থা মাইস্কো-এর শিল্পকর্ম প্রদর্শনের মধ্য দিয়ে MOCAD-এর এই নতুন যাত্রা শুরু হচ্ছে।
এছাড়া, জাদুঘরের  'মাইক কেলি’স মোবাইল হোমস্টেড'  অংশে প্যারিসভিত্তিক শিল্পী লরিস গ্রিও-র একটি বিশেষ প্রকল্প প্রদর্শিত হবে। এই প্রকল্পে ডেট্রয়েট শহরকে “বৈশ্বিক অনুরণন ও সাংস্কৃতিক বিনিময়ের কেন্দ্র” হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন MOCAD কর্তৃপক্ষ।
শিল্পকর্মের প্রদর্শনীর পাশাপাশি, শনিবার জাদুঘর প্রাঙ্গণে একটি ফুড ট্রাকও (ভ্রাম্যমাণ খাবারের দোকান) থাকবে, যা দর্শনার্থীদের জন্য ভিন্নমাত্রার অভিজ্ঞতা যোগ করবে। একই দিনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে MOCAD-এর ‘লার্নিং স্টুডিও’—যা মূলত তরুণ শিক্ষার্থীদের জন্য হাতে-কলমে শেখার একটি সৃজনশীল শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তোলা হয়েছে।
MOCAD-এর এই MOCAD-এর এই ঐতিহাসিক ভবনে চলমান সংস্কারকাজ আসলে বৃহত্তর পরিকল্পনার প্রথম ধাপ মাত্র। “আমাদের দৃষ্টিতে, এই প্রথম ধাপের কাজগুলো ডেট্রয়েট এবং MOCAD—উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ,” বলেন সহ-পরিচালক জোভা লিন। “এর মাধ্যমে আমরা সত্যিকার অর্থেই এমন একটি স্থান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারছি, যেখানে ডেট্রয়েটবাসী, দর্শনার্থী এবং সমসাময়িক শিল্পে আগ্রহী যে কেউ সহজেই প্রবেশ করতে পারে।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা আশা করি, MOCAD তার অগ্রণী ভূমিকা বজায় রাখবে। আমরা এমন একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিসর তৈরি করতে চাই, যেখানে সবাই—নির্বিশেষে—নতুন কিছু শিখতে পারে এবং ‘শিল্প’ নামক এই অনন্য জগতের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারে।”
MOCAD-এর পরিচালনা পর্ষদের সভাপতি চার্লস বয়েড জানিয়েছেন, সংস্কারকাজের দ্বিতীয় ধাপ—যা সম্ভবত শরতের শেষ দিকে শুরু হবে—এর আওতায় একটি নতুন পার্কিং লট, একটি সঙ্গীত-নাট্যমঞ্চ (মিউজিক্যাল থিয়েটার), উন্মুক্ত আকাশের নিচে সঙ্গীত পরিবেশনের স্থান এবং একটি আধুনিক রান্নাঘর সংযোজন করা হবে।
তিনি বলেন, “MOCAD-এর ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, আজ যাঁরা খ্যাতিমান কিংবা মধ্য-পর্যায়ের প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে পরিচিত—তাঁদের অনেকেরই শিল্পীজীবনের সূচনা হয়েছে এই ডেট্রয়েট শহরে এবং এই MOCAD-এর প্রাঙ্গণ থেকেই। আমরা সেই গৌরবোজ্জ্বল ধারাবাহিকতাকে এগিয়ে নিতে চাই।”
বৃহস্পতিবার আয়োজিত এক প্রাক-প্রদর্শনী অনুষ্ঠানে মেয়র মেরি শেফিল্ড MOCAD-এর বিভিন্ন অর্জন ও সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “আমাদের এই মহান নগরীতে শিল্প, সংস্কৃতি ও শিক্ষার বিকাশে যে অবিচ্ছিন্ন অঙ্গীকার রয়েছে—এই মাইলফলকটি যেন তারই এক উজ্জ্বল প্রতীক হয়ে থাকে।”
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com