৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু

আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০১:৪৫:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০১:৪৫:৩৪ পূর্বাহ্ন
ডেল্টা কাউন্টির গার্ডেন পেনিনসুলায় এই মাসে পাওয়া পাঁচটি বল্ড ঈগলের মৃত্যুর বিষয়ে কর্তৃপক্ষ তথ্য চেয়েছে/Michigan Department of Natural Resources

ডেল্টা কাউন্টি, ২৮ এপ্রিল : মিশিগান প্রাকৃতিক সম্পদ বিভাগের (ডিএনআর)-এর কর্মকর্তারা আপার পেনিনসুলা এলাকায় পাঁচটি ‘বল্ড ঈগল’-এর রহস্যজনক মৃত্যুর কারণ উদঘাটনে জনসাধারণের সহযোগিতা চেয়েছেন।
বিভাগটি সোমবার জানায়, গত ৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিলের মধ্যে ডেল্টা কাউন্টির 'গার্ডেন পেনিনসুলা'-র একটি নির্দিষ্ট এলাকায় ওই ঈগলগুলোর মৃতদেহ পাওয়া যায়। উপদ্বীপটির পশ্চিমে 'বিগ বে দে নক'  এবং পূর্বে 'লেক মিশিগান' অবস্থিত।
নিউবেরিতে বিভাগের আইন প্রয়োগকারী তত্ত্বাবধায়ক ফার্স্ট লেফটেন্যান্ট মার্ক জিটনিক এক বিবৃতিতে বলেন, “চলমান এই তদন্তের জট খুলতে সহায়তার লক্ষ্যে ডিএনআর জনসাধারণের কাছে তথ্য বা সূত্র আহ্বান করছে।” তিনি আরও জানান, “আমরা নিশ্চিত করে বলতে পারি, ঈগলগুলোর মৃত্যু কোনো প্রাকৃতিক কারণে, শিকারি প্রাণীর আক্রমণে বা যানবাহনের সংঘর্ষে ঘটেনি।”
কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে ডেল্টা কাউন্টির গার্ডেন পেনিনসুলা এলাকা থেকে উদ্ধার হওয়া এই পাঁচটি বল্ড ঈগলের মৃত্যুর বিষয়ে তারা সক্রিয়ভাবে তথ্য অনুসন্ধান করছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের 'ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস ডিপার্টমেন্ট' (মার্কিন মৎস্য ও বন্যপ্রাণী সেবা বিভাগ) এবং স্থানীয় আদিবাসী গোষ্ঠীগুলো তদন্তকাজে সহায়তা করছে।
বল্ড ঈগল একটি অঙ্গরাজ্য ও ফেডারেল (কেন্দ্রীয়) আইন দ্বারা সুরক্ষিত প্রজাতি। মিশিগানে কেউ যদি ঈগল হত্যা করেন, তবে তার বিরুদ্ধে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত কারাদণ্ড, ১০০ থেকে ১,০০০ ডলার পর্যন্ত জরিমানা এবং সরকারকে ১,৫০০ ডলার ক্ষতিপূরণ প্রদানের বিধান রয়েছে।
ফার্স্ট লেফটেন্যান্ট জিটনিক জানান, যেসব তথ্যের ভিত্তিতে এই পাখিগুলোর মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিকে গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করা সম্ভব হবে, সেই তথ্য প্রদানকারীরা নগদ পুরস্কারের জন্য বিবেচিত হতে পারেন।
ঈগলগুলোর মৃত্যুর বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে, তাকে মিশিগান প্রাকৃতিক সম্পদ বিভাগের (ডিএনআর) ‘রিপোর্ট অল পোচিং' হটলাইনে ১-৮০০-২৯২-৭৮০০ নম্বরে কল বা টেক্সট করার অনুরোধ জানানো হয়েছে। তথ্য প্রদানকারীরা চাইলে নিজেদের পরিচয় গোপন রাখতে পারবেন।
এদিকে, মিশিগানে অবৈধভাবে বন্যপ্রাণী হত্যার আরও কয়েকটি ঘটনার খবর পাওয়া গেছে, যেগুলোর প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
২০২৪ সালের নভেম্বর মাসে, ওটসেগো কাউন্টির এক ব্যক্তির বিরুদ্ধে শিকার সংক্রান্ত বিধি লঙ্ঘন এবং অবৈধভাবে হরিণ শিকারের অভিযোগ আনা হয়।
একই বছরের মে মাসে, উত্তর মিশিগানের দুই ব্যক্তির বিরুদ্ধে  কালকাস্কা কাউন্টিতে প্রাণীদের ওপর নির্যাতন ও অবৈধভাবে প্রাণী হত্যার অভিযোগ দায়ের করা হয়।
এছাড়া, ২০১৮ সালের ডিসেম্বর মাসে, টেইলর শহরের ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে ওটসেগো কাউন্টিতে একটি পূর্ণবয়স্ক পুরুষ ‘এল্ক’ (bull elk) অবৈধভাবে হত্যার অভিযোগ আনা হয়েছিল।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com