প্রযুক্তি উদ্ভাবনে চমক দেখাল  চুনারুঘাটের খুদে বিজ্ঞানীরা

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ১০:৪৪:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ১০:৪৪:৫৪ পূর্বাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) ১৮ মে : সিলেট বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় মিসাইল প্রযুক্তির বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করে চমক সৃষ্টি করেছে চুনারুঘাট দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় (ডিসিপি হাই স্কুল)-এর শিক্ষার্থীরা। উদ্ভাবনী ও ব্যতিক্রমধর্মী প্রজেক্ট উপস্থাপনার মাধ্যমে বিদ্যালয়টি বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে।
শুক্র, শনি ও রোববার অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলায় সিলেট বিভাগের চার জেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জ্বালানি ও প্রযুক্তিনির্ভর নানা উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করেন। কেউ প্লাস্টিক থেকে জ্বালানি উৎপাদন, কেউ ব্যাকটেরিয়া থেকে বিদ্যুৎ উৎপাদন, আবার কেউ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও সম্ভাবনা তুলে ধরেন।
তবে সবার দৃষ্টি কাড়ে ডিসিপি হাই স্কুলের শিক্ষার্থীদের উপস্থাপনা। তারা দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ব্যবহৃত যুদ্ধবিমান ও মিসাইল প্রযুক্তির বিভিন্ন দিক, কার্যপ্রণালি এবং নির্মাণ কৌশল তুলে ধরে বিচারকদের মুগ্ধ করেন। তাদের অভিনব উপস্থাপনা ও প্রযুক্তিগত ব্যাখ্যা প্রশংসিত হয় মেলায় উপস্থিত সবার কাছে।
মেলা শেষে রোববার বিকেলে সিলেট সার্কিট হাউজে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের  জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। উল্লেখ্য, শুক্রবার সকালে মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com